জানুয়ারিতে ইংলিশ চ্যানেল দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন ৯৩৩ অভিবাসী
ছবিঃ সংগৃহীত
চলতি বছরের জানুয়ারিতে ফরাসি উপকূল থেকে ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন ৯৩৩ জন অভিবাসী। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
সংখ্যাটি গত পাঁচ বছরের মধ্যে জানুয়ারি মাসে সবচেয়ে কম বলে জানায় কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের ধারণা, এবারের ব্যতিক্রমীভাবে ঝড়ো আবহাওয়া ও খারাপ নৌযান পরিস্থিতি এজন্য দায়ী।
তুলনামূলকভাবে ২০২৫ সালের জানুয়ারিতে চ্যানেল পেরিয়ে এসেছিলেন ১ হাজার ৯৮ জন অভিবাসী— যা এ বছর ১৫ শতাংশ কম। আর ২০২৪ সালের জানুয়ারিতে এসেছিলেন ১ হাজার ৩৩৫ জন, যা গত মাসের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি। ২০২১ সালের জানুয়ারিতে সবচেয়ে কম ২২৪ জন অভিবাসী চ্যানেল পার হয়েছিলেন।
আরও পড়ুন :জার্মানিতে অভিবাসীদের জীবন আরও কঠিন
ব্রিটিশ হোম অফিস জানিয়েছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ফ্রান্সের সঙ্গে যৌথ অভিযানে অন্তত ৪০ হাজার অভিবাসীর চ্যানেল পাড়ি দেওয়ার প্রচেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘‘লেবার সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অনিয়মিত পথে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করা প্রায় ৫০ হাজার মানুষকে আটক ও ফেরত পাঠানো হয়েছে।’’
তিনি যোগ করেন, ‘‘ফ্রান্সের সঙ্গে পরীক্ষামূলক ‘ওয়ান ইন, ওয়ান আউট’ চুক্তির আওতায় এখন ছোট নৌকায় আসা অভিবাসীদের ফ্রান্সে ফিরিয়ে দেওয়া হচ্ছে।’’ এ চুক্তি অনুযায়ী, চ্যানেল পার হয়ে ধরা পড়া অভিবাসীদেরকে সঙ্গে সঙ্গে আটক করার এবং দুই সপ্তাহের মধ্যে ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাদের ফেরত পাঠানোর সুযোগ রয়েছে।
২০২৫ সালে ছোট নৌকায় করে মোট ৪১ হাজার ৪৭২ জন অভিবাসী চ্যানেল পার হয়েছিলেন— যা ২০২৪ সালের তুলনায় প্রায় পাঁচ হাজার বেশি। তবে, চুক্তি কার্যকর হওয়ার পর থেকে যুক্তরাজ্য ২৮১ জন অভিবাসীকে ফ্রান্সে ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ।
এদিকে, বিরোধী কনজারভেটিভ পার্টি এই নীতির সমালোচনা করেছে। তাদের অভিযোগ, গত বছর ৪১ হাজারের বেশি অভিবাসী আসলেও মাত্র কয়েকশ জনকে ফেরত পাঠানো হয়েছে— যা এই প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, চ্যানেল সংকটের এই পরিসংখ্যান শুধু অভিবাসন নিয়ন্ত্রণ নয়, বরং যুক্তরাজ্যের নতুন সরকারের সীমান্তনীতি ও আন্তর্জাতিক অংশীদারিত্বের কার্যকারিতাকেও পরীক্ষার মুখে ফেলেছে।













