মৌলভীবাজারের অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার
মৌলভীবাজারের কুলাউড়ায় সশস্ত্র ডাকাতির ঘটনায় পুলিশের দ্রুত অভিযানে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, লুটকৃত একটি মোটরসাইকেল, নগদ টাকা, মোবাইল ফোন, মানিব্যাগ এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) জেলা পুলিশের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
গ্রেফতারকৃতরা হলেন—কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের জুবেল আহমেদ ওরফে জুবলা (৩৩), ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাউদপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন (২৯), জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া কোঁটাগাঁও এলাকার মো. নাজিম মিয়া (২৫) এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নরাই বাজার এলাকার মো. জাকির হোসেন (৩২)।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাগানবাড়ি সংলগ্ন পাকা রাস্তায় মো. লাল মিয়া (৪২) দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সশস্ত্র ডাকাতদল তার গতিরোধ করে। ডাকাতরা লোহার রড ও ধারালো ছুরি দেখিয়ে তাকে মারধর করে একটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৬০০ টাকা সম্বলিত মানিব্যাগ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে তারা একটি সাদা ও মেরুন রঙের মাইক্রোবাসে করে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। ডাকাতদের পিছু নিয়ে কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকায় অভিযান চালিয়ে একটি সাদা ও মেরুন রঙের মাইক্রোবাসসহ চার ডাকাতকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, অভিযানে উদ্ধার করা হয়েছে নগদ ১ হাজার ৬১০ টাকা, একটি মোটরসাইকেল, চারটি ধারালো ছুরি, একটি লোহার পাইপ, একটি লোহার রড, একটি প্লাস এবং ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। অপর এক ডাকাতকে গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে জুবেল আহমেদ, দেলোয়ার হোসেন ও নাজিম মিয়ার বিরুদ্ধে পূর্বেও ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।










