থার্টি ফার্স্ট নাইটে কক্সবাজারে ৭ নিষেধাজ্ঞা
ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষ্যে কক্সবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাতটি নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ। আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত এসব বিধিনিষেধ কার্যকর থাকবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে কক্সবাজার জেলা পুলিশ এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে কক্সবাজার শহর ও সমুদ্রসৈকত এলাকায় আতশবাজি, পটকা ও ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে দুর্ঘটনা এড়াতে আতশবাজি ও পটকা বিক্রি ও বিপণন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া উন্মুক্ত স্থান ও সড়কে কোনো ধরনের কনসার্ট, নাচ-গান কিংবা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সব বার ও মদের দোকানে মদ ক্রয়-বিক্রয় বন্ধ থাকবে।
পুলিশ আরও জানায়, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব, অপপ্রচার বা উসকানিমূলক বক্তব্য প্রচার থেকে সবাইকে বিরত থাকতে হবে। এ ধরনের কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এছাড়াও উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো, প্রতিযোগিতা, জয় রাইড এবং বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আগত নারী পর্যটকদের ইভটিজিং বা হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ।
হোটেল ও মোটেল কর্তৃপক্ষকে ইনডোর অনুষ্ঠানের তথ্য এবং সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) কে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, পর্যটকসহ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব বিধিনিষেধ জারি করা হয়েছে। নতুন বছরকে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বরণ করতে শহরজুড়ে কঠোর পুলিশি তৎপরতা চালু থাকবে।













