সীমান্তে গোপন সুড়ঙ্গের সন্ধান, বাংলাদেশিসহ আটক ১৩০
সংগৃহীত ছবি
পোল্যান্ড ও বেলারুশ সীমান্তের নিচে মাটির গভীরে নির্মিত একটি গোপন সুড়ঙ্গের সন্ধান পেয়েছে পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী। এই সুড়ঙ্গ ব্যবহার করে অবৈধভাবে পোল্যান্ডে প্রবেশের অভিযোগে বাংলাদেশিসহ অন্তত ১৩০ জন অভিবাসীকে আটক করা হয়েছে। খবর প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সুড়ঙ্গটি শনাক্ত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অবৈধ পথ ব্যবহার করে ১৮০ জনেরও বেশি বিদেশি পোল্যান্ডে অনুপ্রবেশ করেছে।
পোলিশ প্রেস এজেন্সি (পিএপি) জানায়, পডলাসিয়ে অঞ্চলের নারোভকা গ্রামের কাছে সীমান্তের কাঁটাতারের বেড়া ও একটি প্রযুক্তিগত সড়কের নিচ দিয়ে সুড়ঙ্গটি তৈরি করা হয়েছিল। এটি বেলারুশ সীমান্তের ভেতরে প্রায় ৫০ মিটার দূরের একটি জঙ্গল থেকে শুরু হয়ে পোল্যান্ড অংশে সীমান্ত বেড়ার মাত্র ১০ মিটার দূরে গিয়ে শেষ হয়েছে।
প্রায় কয়েক দশ মিটার দীর্ঘ এই সুড়ঙ্গটির উচ্চতা ছিল আনুমানিক দেড় মিটার। সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আন্দ্রেই ইউজভিয়াক জানান, ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থায় সন্দেহজনক গতিবিধি ধরা পড়ার পরই তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।
আটক অভিবাসীদের বেশিরভাগই আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক। এছাড়া বাংলাদেশ, ভারত ও নেপালের নাগরিকও রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে প্রায় ৫০ জন অনুপ্রবেশকারী এখনো পলাতক থাকায় তাদের ধরতে সেনাবাহিনী, পুলিশ ও প্রশিক্ষিত কুকুর নিয়ে যৌথ তল্লাশি অভিযান চলছে।
এদিকে অভিবাসীদের ইউরোপের পশ্চিমাঞ্চলে পাচারের প্রস্তুতির অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের একজন পোল্যান্ডের এবং অন্যজন লিথুয়ানিয়ার নাগরিক বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে পোল্যান্ড–বেলারুশ সীমান্তে অভিবাসন সংকট চলমান। পোল্যান্ডের অভিযোগ, ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে ‘হাইব্রিড যুদ্ধের’ অংশ হিসেবে বেলারুশ ইচ্ছাকৃতভাবে অবৈধ অভিবাসনকে উৎসাহিত করছে। চলতি বছরে সীমান্তে এটি চতুর্থ গোপন সুড়ঙ্গ আবিষ্কারের ঘটনা।













