শেখ হাসিনার পদত্যাগের পর ১৩ মাসে গ্রেফতার ৪৪ হাজারের বেশি, ৭৩ শতাংশ জামিনে মুক্ত
ছবি- সংগৃহীত।
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গত ১৩ মাসে বাংলাদেশে প্রায় ৪৪ হাজার ৪৭২ জন গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগের নেতা বা কর্মী, এবং এর মধ্যে ৩২ হাজার ৩৭১ জন জামিনে মুক্ত হয়েছেন। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে গ্রেফতারদের ৭৩ শতাংশ জামিনে মুক্ত, বাকি ২৭ শতাংশ এখনও কারাগারে।
গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ৫ আগস্ট প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর দেশে বিভিন্ন মামলায় আওয়ামী লীগের একাধিক নেতা ও মন্ত্রী গ্রেফতার হন। ওই সময় দল নিষিদ্ধ হওয়ায় ঢাকা ও অন্যান্য অঞ্চলে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়, যেগুলোর সঙ্গে যুক্ত অনেক কর্মীও গ্রেফতার হন।
বাংলাদেশ পুলিশ সদর দফর সম্প্রতি ‘ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও জামিন সংক্রান্ত তথ্য’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর পর্যন্ত গ্রেফতারির সংখ্যায় ঢাকা শীর্ষে, এরপর যথাক্রমে চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী রয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত তথ্যপ্রমাণ জমা দেওয়ার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। উপযুক্ত প্রমাণ না থাকলে আদালত অভিযুক্তদের জামিন দিতে পারে। তবে পুলিশও চাইছে, গ্রেফতারির নামে কেউ হয়রানির শিকার হোক না।
জামিন বিষয়টি তদারকির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির এক সদস্য সংবাদমাধ্যক দৈনিক প্রথম আলোকে বলেন, “কাউকে জামিন দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত আদালতের। তবে অপরাধ থাকার পরও প্রমাণ ও গাফিলতির কারণে প্রকৃত অপরাধীদের জামিনের সুযোগ তৈরি হচ্ছে কি না, সেটিই আমরা দেখব।”













