শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের উপমন্ত্রীসহ নিহত ১০, পাল্টা জবাবের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পিএম
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের উপমন্ত্রীসহ নিহত ১০, পাল্টা জবাবের হুঁশিয়ারি

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার মধ্যেই গাজায় টানা তৃতীয় রাতের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হামাসের রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী খালেদ আবু নাদাসহ অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের এই ধারাবাহিক হামলার জবাব কীভাবে দেওয়া হবে, তা নির্ধারণে ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে আলোচনার ঘোষণা দিয়েছে হামাস।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় খালেদ আবু নাদা প্রাণ হারান। মঙ্গলবারের পর থেকে ইসরায়েলি অভিযানে নিহত তৃতীয় জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা হলেন তিনি। এর আগে সংগঠনটির নিরাপত্তা বিভাগের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) হামাসপ্রধান খলিল আল-হাইয়া এক বিবৃতিতে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইসরায়েলের অব্যাহত হামলা আর সহ্য করার অবস্থায় নেই তাঁর সংগঠন। যুদ্ধবিরতি চুক্তির অধীনে হত্যা ও অবরোধের এই সমীকরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত জুলাইয়ে হামাসের শীর্ষ নেতার দায়িত্ব পাওয়া খলিল আল-হাইয়া জানান, ইসরায়েলি চুক্তি লঙ্ঘন ও প্রতিদিনের হত্যাকাণ্ডের জবাব কীভাবে দেওয়া হবে, সে বিষয়ে ফিলিস্তিনের অন্যান্য গোষ্ঠীর সঙ্গে আলোচনা করবে হামাস। তবে সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। উল্লেখ্য, ২০২৫ সালে কাতারে চালানো এক ইসরায়েলি বিমান হামলায় খলিল আল-হাইয়া অল্পের জন্য প্রাণে বেঁচে যান, তবে ওই হামলায় তাঁর ছেলে ও সহযোগীরা নিহত হয়েছিলেন।

গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’-কে দায়ী করে হামাসপ্রধান বলেন, দখলদারদের অপরাধের বিষয়ে বোর্ড অব পিস ও যুদ্ধবিরতি চুক্তির জামিনদারদের নীরব থাকার নীতি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

এদিকে আবু নাদার মৃত্যুর খবর নিশ্চিত করে হামাস এক বিবৃতিতে জানায়, শিক্ষাবিদ ও বেসামরিক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা ইসরায়েলের একটি জঘন্য অপরাধ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, হামাসের সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে চালানো ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এ হামলা চালানো হয়েছে। গত এক মাসে ইসরায়েলি বাহিনী প্রায় ৮০ জন হামাস যোদ্ধাকে হত্যা করেছে দাবি করে নেতানিয়াহু বলেন, কোনো সন্ত্রাসীই ধরাছোঁয়ার বাইরে নয় এবং হামাসের নেতৃত্বের কেউই তাঁদের নাগালের বাইরে থাকতে পারবে না।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, নিহত খালেদ আবু নাদা হামাসের অর্থনৈতিক ও ব্যাংকিং নেটওয়ার্ক পরিচালনা করতেন এবং সশস্ত্র কার্যক্রমে তহবিল জোগাতেন। তাঁর মৃত্যুতে হামাসের আর্থিক ও সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়বে বলে দাবি তাদের।

গাজার চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, দেইর আল-বালাহ ছাড়াও বুধবার রাত ও বৃহস্পতিবার গাজা সিটির তুফাহ এলাকা, আল-শাতি শরণার্থীশিবির এবং শেখ রাদওয়ান এলাকায় চালানো আরও তিনটি বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া পূর্ব বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬২ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হন।

হামাসকে লক্ষ্য করে অভিযানের দাবি করলেও ইসরায়েলি হামলায় নিয়মিতই বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক প্রাণ হারাচ্ছেন। ফিলিস্তিন ও ইসরায়েলের নিজ নিজ হিসাব অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি এবং ৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স

শ্রমবাজারে নতুন সূচনা মালয়েশিয়া বিমানবন্দরে ১১২ কর্মীকে স্বাগত জানালেন হাইকমিশনার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:৩৯ পিএম
শ্রমবাজারে নতুন সূচনা মালয়েশিয়া বিমানবন্দরে  ১১২ কর্মীকে স্বাগত জানালেন হাইকমিশনার

ঋণের বোঝা নয়, অভিবাসন ব্যয় ছাড়াই বিদেশে কর্মসংস্থান। দীর্ঘ আড়াই বছরের অচলাবস্থা কাটিয়ে নতুন করে সচল হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ধাপে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১১২ বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার মালয়েশিয়া সময় রাত ১ টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) পৌঁছালে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।

এ সময় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার সাহানারা মনিকা, মিনিস্টার (শ্রম) সিদ্দিকুর রহমান, কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলামসহ হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছিলেন নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান হাইকমিশনার। একই সঙ্গে কর্মীদের দেশটির আইন, সংস্কৃতি ও নিয়োগকারী প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলার পরামর্শ দেন তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিদায় জানানোর পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। বিদেশে পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর বিষয়েও সরকার কাজ শুরু করবে।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সুস্থ থাকুন। আপনারা সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন—এই আশা করি।’

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর এ উদ্যোগকে দুই দেশের শ্রমবাজার সহযোগিতায় নতুন অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বিদেশে চাকরি পেতে লাখ লাখ টাকা খরচ করে ঋণগ্রস্ত হওয়ার প্রচলিত বাস্তবতার বিপরীতে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া এবং নিয়োগকর্তার অর্থায়নে কর্মী পাঠানোর এ মডেল বাস্তবায়িত হলে অভিবাসন ব্যয় কমানোর ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এ কর্মসূচির আওতায় কর্মী নির্বাচন করা হয়েছে। মোট ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি এবং নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্ত করা হয় ১১২ জনকে।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। তাদের মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগ পাওয়া এসব কর্মীর আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে নিয়োগকর্তা। শুধু তাই নয়, অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয়ও বহন করবে প্রতিষ্ঠানটি। ফলে কর্মীদের নিজস্ব অর্থ খরচ করে মালয়েশিয়ায় আসতে হয়নি।

প্রথম ধাপের ১১২ জনের পর আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। এসব চাহিদার বিপরীতে পর্যায়ক্রমে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ-মালয়েশিয়া শ্রমবাজার পুনরায় সচল করার উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক প্রচেষ্টাও ভূমিকা রেখেছে। চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান তিনি। ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তারেক রহমান।

বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী অভিবাসন ব্যয় কমানো এবং কর্মী নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে একমত হন। এরই ধারাবাহিকতায় সরকারি ব্যবস্থাপনায় বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এ কার্যক্রম শুরু হয়েছে।

ঢাকায় কর্মীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ঝড়: ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:৫৯ পিএম
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ঝড়: ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকায় আঘাত হানা শক্তিশালী ঝড়ে বিঘ্নিত হয়েছে নিউইয়র্কের থ্যাঙ্কসগিভিং ডে উৎসব। ঝড়ের প্রভাবে ৪৫১টি ফ্লাইট বাতিল হয়েছে এবং ৯ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ, আগত ও বহির্গামী মিলিয়ে ২ হাজার ৩০০টির বেশি ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হয়েছে এবং ৪৫১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এ ছাড়া পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা ‘পাওয়ারআউটেজ ডট ইউএস’-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক, পেনসিলভানিয়া, নিউ জার্সি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ৯ লাখ ৬০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। ঝড়ে উপকূলীয় এলাকায় জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

থ্যাঙ্কসগিভিং ডে উৎসবের অন্যতম আকর্ষণ নিউইয়র্ক সিটির ‘মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড’ ঝড়ের কারণে বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ২৮ নভেম্বর শনিবার এই পদযাত্রা অনুষ্ঠিত হবে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বৃহস্পতিবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ভিডিওবার্তায় জানান, সবার নিরাপত্তার কথা বিবেচনা করে ১০০তম বার্ষিক মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড শনিবার নেওয়া হয়েছে। নিরাপদ থাকতে বাসিন্দাদের ঘরে থাকা, জলাবদ্ধ এলাকা এড়িয়ে চলা এবং জরুরি সেবার সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান তিনি।

সূত্র: এপি

স্পেনের নির্বাচনী হালচাল

ডানপন্থী পিপি-ভক্স ক্ষমতায় গেলে অভিবাসীদের অধিকার ও বৈধ বসবাস কতটা ঝুঁকিতে পড়তে পারে?

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ এম
ডানপন্থী পিপি-ভক্স ক্ষমতায় গেলে অভিবাসীদের অধিকার ও বৈধ বসবাস কতটা ঝুঁকিতে পড়তে পারে?

স্পেনের ২৯ নভেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে রক্ষণশীল দল পিপি (PP) ও উগ্র ডানপন্থী দল ভক্স (Vox) জোট সরকার গঠন করলে অভিবাসননীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অনিয়মিত অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ, বসবাসের অনুমতি নবায়ন, নাগরিকত্ব অর্জন, সরকারি আবাসন ও সামাজিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে কঠোরতা আসতে পারে।

এটি নিছক রাজনৈতিক আশঙ্কা নয়। দুই দলের প্রকাশিত নির্বাচনী ইশতেহার পর্যালোচনা করলে দেখা যায়, অভিবাসন নিয়ন্ত্রণের পাশাপাশি বিদেশিদের বৈধ বসবাস ও সামাজিক অধিকারসংক্রান্ত বেশ কিছু বিদ্যমান ব্যবস্থায় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।

তবে পিপি ও ভক্সের প্রস্তাব এক নয়। পিপি অভিবাসনকে নিয়ন্ত্রিত ও শ্রমবাজারের প্রয়োজননির্ভর করতে চায়। ভক্সের লক্ষ্য আরও বিস্তৃত, যেখানে অনিয়মিত অভিবাসন বন্ধের পাশাপাশি কিছু ক্ষেত্রে বৈধভাবে বসবাসকারী বিদেশিদের সামাজিক সুবিধাও সীমিত করার প্রস্তাব রয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

দুই দলের মধ্যে জোট হলে ভক্সের কঠোর প্রস্তাবগুলোর কতটা পিপি গ্রহণ করবে, সেটিই হবে অভিবাসীদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।

নির্বাচনী ইশতেহারে অভিবাসীদের জন্য নেতিবাচক প্রস্তাব

দুই দলের ইশতেহার বিশ্লেষণ করে অভিবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতিবাচক প্রস্তাবগুলো চিহ্নিত করা যায়।

১. আররাইগো ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঝুঁকি

বর্তমানে স্পেনে নির্দিষ্ট শর্তে দুই বছর বসবাসের পর বিভিন্ন ধরনের আররাইগো (Arraigo) ব্যবস্থায় আবেদন করে বৈধ হওয়ার সুযোগ রয়েছে।

পিপি তার ইশতেহারে আররাইগোকে সাধারণ নিয়মিতকরণের পথ না রেখে ব্যতিক্রমী ব্যক্তিগত স্বীকৃতির ব্যবস্থায় পরিণত করার কথা বলেছে। অন্যদিকে ভক্স সরাসরি আররাইগো ব্যবস্থা বিলুপ্ত করার প্রস্তাব দিয়েছে।

সম্ভাব্য প্রভাব: যেসব বাংলাদেশি দীর্ঘদিন ধরে স্পেনে বসবাস করছেন কিন্তু বৈধ কাগজপত্র পাননি, তাঁদের জন্য বৈধ হওয়ার সুযোগ অনেক কঠিন হয়ে যেতে পারে। বিশেষ করে যাঁরা দুই বছর পূর্ণ হওয়ার অপেক্ষায় রয়েছেন, তাঁদের পরিকল্পনা অনিশ্চিত হতে পারে।

২. অনিয়মিত অভিবাসীদের গণহারে বৈধ করার পথ বন্ধ

পিপি আইনের মাধ্যমে ব্যাপক ও নির্বিচার নিয়মিতকরণ নিষিদ্ধ করতে চায়। ভক্স আরও কঠোর অবস্থান নিয়ে বলেছে, অবৈধভাবে প্রবেশকারী কেউ পরবর্তী সময়ে বৈধ হওয়ার সুযোগ পাবেন না।

সম্ভাব্য প্রভাব: ভবিষ্যতে সরকার কোনো বিশেষ নিয়মিতকরণ কর্মসূচি চালু করতে চাইলে রাজনৈতিক ও আইনি বাধা তৈরি হতে পারে। বর্তমানে অনিয়মিত অবস্থায় থাকা বাংলাদেশিদের জন্য বিশেষ সুযোগ পাওয়ার সম্ভাবনা কমবে।

৩. বসবাসের অনুমতি নবায়নে নতুন শর্ত আরোপের ঝুঁকি

পিপির ইশতেহারে সাধারণ ব্যবস্থার আওতায় অস্থায়ী বসবাসের অনুমতি নবায়নের জন্য একটি বাধ্যতামূলক সংযুক্তি-প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। এর মধ্যে স্প্যানিশ ভাষা শেখা, সংবিধান ও ইউরোপীয় ইউনিয়নের মূল্যবোধ সম্পর্কে জ্ঞান এবং প্রয়োজন অনুযায়ী কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত।

সম্ভাব্য প্রভাব: বর্তমানে বৈধভাবে বসবাস করলেও ভবিষ্যতে নবায়নের সময় নতুন শর্ত পূরণের প্রয়োজন হতে পারে। যাঁদের স্প্যানিশ ভাষার দক্ষতা কম, শিক্ষা বা কর্মসংস্থানের সুযোগ সীমিত, তাঁদের জন্য বাড়তি চাপ তৈরি হতে পারে।

৪. নাগরিকত্ব অর্জনের শর্ত কঠোর করা হবে

পিপি নতুন জাতীয়তা আইন প্রণয়ন করে স্প্যানিশ নাগরিকত্বের জন্য ভাষা, ইতিহাস, সংবিধান, সামাজিক সংযুক্তি এবং কর ও সামাজিক নিরাপত্তার বাধ্যবাধকতা পূরণের বিষয়গুলো আরও গুরুত্ব দিতে চায়। ভক্সও নাগরিকত্ব অর্জনের শর্ত কঠোর করার প্রস্তাব দিয়েছে।

এ ছাড়া ভক্স স্প্যানিশ বংশোদ্ভূত নন, এমন নাগরিকদের গুরুতর বা পুনরাবৃত্ত অপরাধের ক্ষেত্রে নাগরিকত্ব হারানোর সুযোগ বাড়ানোর কথা বলেছে।

সম্ভাব্য প্রভাব: ভবিষ্যতে নাগরিকত্বের আবেদনকারীদের জন্য প্রক্রিয়া কঠিন ও দীর্ঘ হতে পারে। তবে বর্তমানে প্রচলিত আইনে নাগরিকত্ব অর্জনকারী প্রত্যেক ব্যক্তির নাগরিকত্ব সরকার ইচ্ছামতো বাতিল করতে পারে না। বিশেষ করে স্প্যানিশ বংশোদ্ভূত নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার ক্ষেত্রে সংবিধানের স্পষ্ট সুরক্ষা রয়েছে।

৫. সরকারি আবাসন ও সামাজিক সুবিধায় স্প্যানিশ নাগরিকদের অগ্রাধিকার

এটি দুই দলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমঝোতার ক্ষেত্র হতে পারে।

ভক্স সরকারি আবাসন, শিশুযত্ন কেন্দ্র, খাবারের ভাতা, পরিবহন সহায়তা এবং সামাজিক সুবিধায় স্প্যানিশ নাগরিকদের অগ্রাধিকার দিতে চায়। পিপি সরাসরি জাতীয়তার ভিত্তিতে বৈষম্যের কথা না বলে স্পেনের সঙ্গে বাস্তব ও দীর্ঘস্থায়ী সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব করেছে।

সম্ভাব্য প্রভাব: দীর্ঘদিনের বাসিন্দা না হলে অথবা নির্দিষ্ট সময়ের নিবন্ধিত বসবাসের শর্ত পূরণ না করলে বিদেশি পরিবার সরকারি আবাসন ও কিছু সহায়তা পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়তে পারে। বাংলাদেশি পরিবারগুলোর ক্ষেত্রেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

৬. অনিয়মিত অভিবাসীদের স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তা সীমিত করা হবে

ভক্স অনিয়মিত অভিবাসীদের সামাজিক সুবিধা বন্ধ এবং গুরুতর জরুরি পরিস্থিতি ছাড়া সরকারি স্বাস্থ্যসেবায় প্রবেশ সীমিত করার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি স্প্যানিশ নাগরিকদের জন্য আয়ভিত্তিক ন্যূনতম জীবিকা সহায়তা বা আইএমভি (IMV) সংরক্ষণের কথা বলেছে।

পিপির ইশতেহারেও সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে স্পেনের সঙ্গে সম্পর্ক ও সংযুক্তিকে অগ্রাধিকার দেওয়ার কথা রয়েছে।

সম্ভাব্য প্রভাব: অনিয়মিত অবস্থায় থাকা বাংলাদেশি পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। শিশু, অন্তঃসত্ত্বা নারী এবং দীর্ঘমেয়াদি অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রেও স্বাস্থ্যসেবার প্রাপ্যতা নিয়ে জটিলতা তৈরি হতে পারে। তবে শিশু ও জরুরি চিকিৎসার ক্ষেত্রে জাতীয় ও ইউরোপীয় আইনের সুরক্ষা উপেক্ষা করে সব অধিকার বাতিল করা সম্ভব নয়।

৭. বিদেশিদের বহিষ্কার ও প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করা হবে

পিপি অনিয়মিতভাবে সীমান্ত অতিক্রমকারীদের সাত দিনের মধ্যে শনাক্তকরণ, দ্রুত প্রত্যাবাসন এবং যৌন অপরাধ, গুরুতর সহিংস অপরাধ ও পুনরাবৃত্ত অপরাধে দণ্ডিত বিদেশিদের বহিষ্কারের প্রস্তাব দিয়েছে।

ভক্স অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসনের পাশাপাশি গুরুতর অপরাধে জড়িত বিদেশিদের বহিষ্কারের পক্ষে।

সম্ভাব্য প্রভাব: অনিয়মিত অবস্থায় থাকা ব্যক্তিদের বহিষ্কারের ঝুঁকি বাড়তে পারে। অপরাধে দণ্ডিত বিদেশিদের ক্ষেত্রেও কঠোরতা আসতে পারে। তবে বহিষ্কার স্বয়ংক্রিয় নয়; ব্যক্তির আইনি অবস্থা, পারিবারিক সম্পর্ক, আন্তর্জাতিক সুরক্ষা এবং আদালতের সিদ্ধান্ত বিবেচনা করতে হবে।

পিপি-ভক্স জোট সরকার হলে নেতিবাচক প্রভাব কেন বাড়তে পারে?

এখানে নির্বাচনী ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ হলো দুই দলের রাজনৈতিক সম্পর্ক এবং সরকার গঠনের দর-কষাকষি।

পিপি এককভাবে সরকার গঠন করতে না পারলে ভক্সের সংসদীয় সমর্থন প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে ভক্স সরকারে অংশগ্রহণ, মন্ত্রণালয় কিংবা নীতিনির্ধারণী দায়িত্বের বিনিময়ে অভিবাসনবিষয়ক দাবিগুলো বাস্তবায়নের শর্ত দিতে পারে।

এমন আশঙ্কার বাস্তব ভিত্তিও রয়েছে। ২০২৬ সালে একাধিক স্বায়ত্তশাসিত অঞ্চলে পিপি ও ভক্সের মধ্যে সরকার পরিচালনা ও সমর্থনসংক্রান্ত চুক্তিতে জাতীয় অগ্রাধিকার, অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসন এবং অভিবাসন সহায়তাকারী সংগঠনগুলোর সরকারি অনুদান বন্ধের মতো বিষয় অন্তর্ভুক্ত হয়েছে।

অর্থাৎ জাতীয় পর্যায়ে জোট হলে একই ধরনের সমঝোতা আরও বিস্তৃত হতে পারে।

এখানে তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

প্রথমত, পিপি ভক্সের অবস্থানকে আরও গ্রহণযোগ্য রাজনৈতিক নীতিতে পরিণত করতে পারে। পিপি সরাসরি সব বিদেশির বিরুদ্ধে অবস্থান না নিলেও ভক্সের জাতীয় অগ্রাধিকার নীতিকে কিছুটা পরিবর্তিত ভাষায় গ্রহণের নজির রয়েছে। ফলে সরকারি আবাসন ও সামাজিক সহায়তায় দীর্ঘদিনের বসবাসের শর্ত কঠোর হতে পারে।

দ্বিতীয়ত, প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন আনা তুলনামূলক সহজ হতে পারে। নতুন আইন পাস করতে সংসদীয় প্রক্রিয়া প্রয়োজন হলেও মন্ত্রণালয়ের অগ্রাধিকার, প্রশাসনিক নির্দেশনা, সীমান্ত নিয়ন্ত্রণ এবং প্রত্যাবাসন কার্যক্রমে নতুন সরকার দ্রুত পরিবর্তন আনতে পারে। এর ফলে অভিবাসন দপ্তরে আবেদন নিষ্পত্তি, অনুমতি নবায়ন ও প্রত্যাবাসনসংক্রান্ত সিদ্ধান্তের পরিবেশ বদলে যেতে পারে।

তৃতীয়ত, ভক্সের প্রভাব শুধু মন্ত্রিসভায় সীমাবদ্ধ নাও থাকতে পারে। সংসদে সরকারের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে হলে ভক্সের সমর্থন প্রয়োজন হতে পারে। ফলে অভিবাসননীতি ছাড়াও সামাজিক সহায়তা, আবাসন ও নাগরিকত্বের মতো বিষয়ে তাদের দাবি সরকারের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

তবে সব প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব হবে না। আররাইগো বিলুপ্তি, স্বাস্থ্যসেবায় বৈষম্য কিংবা নাগরিকত্ব প্রত্যাহারের মতো বিষয় সংবিধান, ইউরোপীয় আইন এবং আদালতের পর্যালোচনার মুখোমুখি হতে পারে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও দুই দলের ইশতেহার বিশ্লেষণ করে মানবাধিকার ও সমতার ক্ষেত্রে একাধিক প্রস্তাব নিয়ে উদ্বেগ জানিয়েছে।

বাংলাদেশিদের জন্য বাস্তব চিত্র

সম্ভাব্য প্রভাবের দিক থেকে বাংলাদেশি কমিউনিটিকে তিনটি অবস্থানে বিবেচনা করা প্রয়োজন।

স্প্যানিশ নাগরিকত্ব পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের জন্য সরাসরি অভিবাসন আইনের পরিবর্তনের ঝুঁকি তুলনামূলক কম। তাঁদের স্প্যানিশ নাগরিক হিসেবে অধিকার রয়েছে।

বৈধ বসবাসের অনুমতিধারীদের ক্ষেত্রে প্রধান উদ্বেগ হবে ভবিষ্যতে অনুমতি নবায়নের নতুন শর্ত, নাগরিকত্ব অর্জনের নিয়ম এবং সামাজিক সুবিধায় সম্ভাব্য পরিবর্তন।

আর অনিয়মিত অবস্থায় থাকা বাংলাদেশিদের জন্য পরিস্থিতি সবচেয়ে কঠিন হতে পারে। আররাইগো ব্যবস্থা সংকুচিত বা বিলুপ্ত হলে বৈধ হওয়ার প্রচলিত পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সব মিলিয়ে, পিপি-ভক্স জোট সরকারের সবচেয়ে বড় সম্ভাব্য নেতিবাচক প্রভাব হবে স্পেনে বৈধ হওয়ার সুযোগ সংকুচিত করা এবং বৈধভাবে বসবাসকারী বিদেশিদের কিছু সামাজিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাড়তি শর্ত তৈরি করা। বিশেষ করে ভক্সের প্রস্তাবগুলো পিপি গ্রহণ করলে অভিবাসননীতি শুধু সীমান্ত নিয়ন্ত্রণে সীমাবদ্ধ থাকবে না, বরং স্পেনে বসবাসরত বিদেশিদের সামাজিক ও আইনি অবস্থানেও প্রভাব ফেলতে পারে।

লেখক- মিরন নাজমুল, সম্পাদক প্রবাহ বাংলা,  ই-মেইল : [email protected].

প্রবাহ বাংলা নেটওয়ার্ক