মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:০৬ পিএম
হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ায় সনদভিত্তিক হাদিসশাস্ত্রের চর্চা ও প্রসারে সমর্থনের স্বীকৃতিস্বরূপ বিশেষ ‘হাদিস সনদ সম্মাননা’ পেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ভারতের প্রধান মুফতি শায়খ আবুবকর আহমদের নেতৃত্বে আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট আলেম ও হাদিসবিশারদরা তাঁকে এ সম্মাননা প্রদান করেন।

সোমবার (২৩ নভেম্বর) রাতে মালয়েশিয়ার পুত্রা মসজিদে আন্তর্জাতিক পর্যায়ে আয়োজিত ‘জামি আত-তিরমিজি ও আশ-শামায়েলে মুহাম্মদিয়া’ হাদিসগ্রন্থের পাঠ ও সমাপনী অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

আয়োজকরা জানান, এ সম্মাননা শুধু আনোয়ার ইব্রাহিমের ব্যক্তিগত স্বীকৃতি নয়; বরং মালয়েশিয়ায় হাদিসশাস্ত্রের মর্যাদা ও চর্চা প্রতিষ্ঠায় আলেম, গবেষক, ধর্মীয় প্রতিষ্ঠান, হাদিসের শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সম্মাননার অংশ হিসেবে আনোয়ার ইব্রাহিমকে ‘তুহফাতুল জলিস বি ইজাজাতি ফাখামাতির রঈস’ শীর্ষক একটি বিশেষ সনদপত্রও দেওয়া হয়। বাহরাইনের শায়খ ড. নাজি রশিদ আল-আরাবি এটি সংকলন করেন।

এই বিশেষ সনদে হাদিসশাস্ত্রের প্রসিদ্ধ ছয়টি নির্ভরযোগ্য গ্রন্থের সনদ অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো হলো সহিহ বুখারি, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, জামি আত-তিরমিজি, সুনানে নাসায়ি ও সুনানে ইবনে মাজাহ। এ ছাড়া ইমাম মালিকের মুয়াত্তা এবং ইমাম আবু হানিফা, ইমাম শাফেয়ি ও ইমাম আহমদের মুসনাদসহ ধারাবাহিক বর্ণনাসম্পন্ন হাদিস এবং প্রচলিত হাদিসশাস্ত্রীয় নীতিমালা অনুযায়ী সাধারণ সনদও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে মালয়েশিয়া বিশ্বের বিভিন্ন দেশের আলেম, হাদিসের সনদধারী বিশেষজ্ঞ এবং জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের মিলনকেন্দ্র হিসেবে গড়ে উঠছে।

এ আয়োজনে পুত্রা মসজিদে প্রায় ১০ হাজার অংশগ্রহণকারী এবং দেশি-বিদেশি ৪০ জন বিশিষ্ট আলেম ও হাদিসবিশারদ সমবেত হন। এর মধ্য দিয়ে ১১ দিনব্যাপী হাদিসশাস্ত্রের পাঠ ও শিক্ষাকার্যক্রমের সমাপ্তি ঘটে।

এর আগে ২০২৪ সালে সহিহ বুখারি এবং ২০২৫ সালে সহিহ মুসলিমের পাঠ ও সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এ বছর আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ‘আশ-শামায়েলে মুহাম্মদিয়া’ গ্রন্থের পাঠ।

এই গ্রন্থে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শারীরিক গঠন, ব্যক্তিত্ব, জীবনযাপন, চারিত্রিক বৈশিষ্ট্য ও উত্তম আখলাক সম্পর্কিত বিভিন্ন বর্ণনা সংকলিত হয়েছে। এর মাধ্যমে মুসলমানদের কাছে মহানবী (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরা এবং তাঁর সুন্নাহ অনুসরণের অনুপ্রেরণা জোগানোই মূল উদ্দেশ্য।

আয়োজকরা মনে করেন, এ দুটি গুরুত্বপূর্ণ হাদিসগ্রন্থের পাঠ ও শিক্ষাকার্যক্রম শুধু সনদভিত্তিক হাদিসচর্চার ঐতিহ্যকে এগিয়ে নিচ্ছে না, বরং মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা এবং তাঁর সুন্নাহর অনুসরণে মানুষের আগ্রহও বাড়াচ্ছে।

ফলোআপ

বার্সেলোনার পোবলেসেকে হত্যাকাণ্ড, মাথাসহ শরীরে চার রাউন্ড গুলি: যা জানা গেলো

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:০৪ এম
বার্সেলোনার পোবলেসেকে হত্যাকাণ্ড, মাথাসহ শরীরে চার রাউন্ড গুলি: যা জানা গেলো

পবলেসেকের সালভা সড়কে গুলিতে নিহত তরুণ ‘এল চিভো’।

বার্সেলোনার পোবলেসেক এলাকায় সোমবার, ২৩ নভেম্বর ভোরে প্রকাশ্য রাস্তায় গুলি করে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। ভোর ছয়টার দিকে কারের দে সালভা সড়কের ১৮ নম্বর ভবনের সামনে একটি খাবারের দোকানের বাইরে এ ঘটনা ঘটে। হামলাকারী পরপর চারটি গুলি চালায়। এর মধ্যে একটি গুলি নিহত ব্যক্তির মাথায় লাগে। তাঁকে কাছের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

যেভাবে ঘটে হত্যাকাণ্ড

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার আগে ‘বোচাও’ নামের একটি ডোমিনিকান খাবারের দোকানের সামনে কয়েকজনের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে মাথায় হুড দেওয়া এক ব্যক্তি সেখানে এসে খুব কাছ থেকে পরপর চারটি গুলি চালায়।

গুলির আগে এক নারীকে চিৎকার করে সতর্ক করতে শোনা যায়, “সাবধান, সাবধান, ওর কাছে পিস্তল আছে।” এরপরই গুলির শব্দ শোনা যায়। কাছের একটি ভবন থেকে ধারণ করা ভিডিওতে হামলাকারীর পালানোর দৃশ্যও ধরা পড়েছে বলে সংবাদমাধ্যম জানিয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গুলিবিদ্ধ ব্যক্তি কিছুটা হাঁটার চেষ্টা করে রাস্তায় পড়ে যান। তাঁকে কারের দে মানসো সড়কের ‘কাপ মানসো’র চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।

কীভাবে পালায় হামলাকারী

হামলাকারী দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তবে পালানোর বাহন নিয়ে সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে অমিল রয়েছে। কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, সে সাইকেলে পালিয়েছে। অন্যদিকে মেত্রোপোলির প্রথম প্রতিবেদনে বৈদ্যুতিক স্কুটারের কথা বলা হয়েছিল। তার পোশাকের বর্ণনাতেও পার্থক্য রয়েছে।

একজন প্রত্যক্ষদর্শীর কাছে হামলাকারীর পালানোর ভিডিও থাকতে পারে বলে সংবাদমাধ্যম জানিয়েছে। পুলিশ ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করে হামলাকারীকে শনাক্তের চেষ্টা করছে।

নিহত ব্যক্তির পরিচয় ও অতীত

মেত্রোপোলি ও এল কাসোর প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তির নাম ইয়ায়েল। তিনি ‘এল চিভো’ নামে পরিচিত ছিলেন এবং তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি ডোমিনিকান নাগরিক বলে সংবাদমাধ্যম জানিয়েছে।

মেত্রোপোলির অনুসন্ধানী প্রতিবেদন দাবি করেছে, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর পবলেসেকের কারের দে ব্লাই সড়কে কাসা কাত্রাচা খাবারের দোকানের মালিককে হত্যার ঘটনায় ইয়ায়েলের সংশ্লিষ্টতা ছিল। অভিযোগ অনুযায়ী, ওই হত্যাকাণ্ডে গুলি চালানো ব্যক্তিকে মোটরসাইকেলে করে পালাতে সাহায্য করেছিলেন তিনি।

ওই ঘটনার তদন্তে ২০২৫ সালে ইয়ায়েলকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরে তিনি শর্তসাপেক্ষে মুক্তি পান বলে মেত্রোপোলি জানিয়েছে। তবে এসব তথ্যের সবকিছু পুলিশ নতুন হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

প্রতিশোধ, নাকি অপরাধী গোষ্ঠীর বিরোধ?

সংবাদমাধ্যমের প্রতিবেদনে হত্যাকাণ্ডের পেছনে পুরোনো বিরোধ, প্রতিশোধ কিংবা মাদক ব্যবসাসংক্রান্ত সংঘাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। মেত্রোপোলির দাবি, নিহত ব্যক্তির নাম ডোমিনিকান অপরাধী সংগঠন ‘লস সিনকুয়েন্তা-সেরো’র সঙ্গে যুক্ত ব্যক্তিদের তালিকায় ছিল।

বার্সেলোনার নিরাপত্তাবিষয়ক উপমেয়র আলবার্ট বাতলে ঘটনাটিকে অপরাধীদের নিজেদের মধ্যকার সংঘাতের সঙ্গে সম্পর্কিত বলে বর্ণনা করেছেন। তবে প্রতিশোধ বা কোনো অপরাধী গোষ্ঠীর ভূমিকা এখনো পুলিশের আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা তথ্য নয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খাবারের দোকানটির সামনে রাতের বেলা প্রায়ই ঝগড়া ও গোলমাল হতো। তবে দোকান কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পর্ক অস্বীকার করেছে।

তদন্ত চলছে

কাতালান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ হত্যাকাণ্ডের তদন্ত করছে। হামলাকারীর পরিচয়, ব্যবহৃত অস্ত্র, পালানোর পথ এবং হত্যার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। ২৪ নভেম্বর পর্যন্ত প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

লা ভানগুয়ার্দিয়া ও এল পেরিওদিকোর প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে বার্সেলোনায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এটি ছিল ষষ্ঠ হত্যাকাণ্ড।

সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:১২ পিএম
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া দেখতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে অল-টেরেইন ভেহিকল (এটিভি) বা বিশেষ সামরিক যান চালিয়ে তিন বাহিনীর বিশেষ বাহিনীর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর পাশে বসেছিলেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি দ্বীপে অবতরণ করে।

স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ বাহিনীর সদস্যদের সমন্বয়ে এ মহড়ার আয়োজন করা হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

মহড়া পরিদর্শনের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। এ সময় অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রমও পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

যৌথ এ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত এক যুগেরও বেশি সময়ে দ্বীপটিতে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। তবে এবারই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস ও বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট একসঙ্গে এ ধরনের মহড়ায় অংশ নিচ্ছে।মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখের বেশি সেনা নিহতের দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৪২ পিএম
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখের বেশি সেনা নিহতের দাবি

ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর প্রায় পাঁচ বছরে রাশিয়ার ৭ লাখের বেশি সেনা নিহত হয়েছেন বলে এক গবেষণায় দাবি করা হয়েছে। রাশিয়ার সরকারি তথ্যভাণ্ডার থেকে ফাঁস হওয়া নথি, মৃত্যুসংবাদ ও প্রবেট রেকর্ড বিশ্লেষণ করে এ হিসাব প্রকাশ করেছে নির্বাসিত রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনা ও মেদুজা।

সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত গবেষণায় বলা হয়, রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের তথ্য ফাঁস হওয়ার পর নতুন করে সেনা নিহতের সংখ্যা নিরূপণ করা হয়েছে। বেলারুশিয়ান সাইবার পার্টিজানস ও সাইলেন্ট ক্রো নামের দুটি হ্যাকার গোষ্ঠী এ তথ্য ফাঁসের দায় স্বীকার করেছে।

গবেষণায় রাশিয়ার নাগরিক নিবন্ধন ব্যবস্থা এবং সরকারি তথ্য বিনিময় প্ল্যাটফর্মের নথিও পর্যালোচনা করা হয়েছে। এতে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৪ লাখ ৯০ হাজার সেনার মৃত্যুর সরকারি রেকর্ড পাওয়া গেছে। তবে সরকারি নথিতে মৃত্যুর তথ্য হালনাগাদ করতে দীর্ঘ সময় লাগায় ২০২৫ ও ২০২৬ সালের অনেক মৃত্যুর ঘটনা এ হিসাবের বাইরে রয়ে গেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

মিডিয়াজোনা ও মেদুজার চূড়ান্ত হিসাব তৈরির ক্ষেত্রে নিখোঁজ সেনাদের মধ্যে যাদের মৃত্যুর আশঙ্কা প্রবল, তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। আহত সেনাদের সংখ্যাসহ হিসাব করলে যুদ্ধে রাশিয়ার মোট হতাহতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হয়ে উঠতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

এদিকে বিপুলসংখ্যক সেনা নিহত হওয়ার পরও ২০২৬ সালে প্রায় ৪ লাখ ৯ হাজার নতুন সেনা নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মস্কো। কার্নেগি এনডাউমেন্টের বিশেষজ্ঞ মাইকেল কফম্যান নিউইয়র্ক টাইমসকে এ তথ্য জানিয়েছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসাব অনুযায়ী, ইউক্রেনের নিহত ও আহত সেনার সংখ্যা প্রায় ৬ লাখ। তবে দুই দেশের হতাহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা কঠিন। ক্রেমলিনও যুদ্ধের প্রাণহানির প্রকৃত পরিসংখ্যান প্রকাশ করেনি।এত বিপুল ক্ষয়ক্ষতির পরও যুদ্ধক্ষেত্রে সেনা সরবরাহ অব্যাহত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক