সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়া ২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মী কমানোর পরিকল্পনা করছে

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:২২ পিএম
মালয়েশিয়া ২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মী কমানোর পরিকল্পনা করছে

বিদেশি কর্মীদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে দেশে প্রবেশের আগেই তাদের অতীত অপরাধের ইতিহাস যাচাই করছে মালয়েশিয়া সরকার। দেশটির জাতীয় পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বিত ব্যবস্থার মাধ্যমে এ যাচাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে দেশটিতে অস্থায়ী কর্মসংস্থান অনুমতিপত্রধারী বিদেশি কর্মীর অনুপাত ১৩ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী দাতুক খায়রুল ফিরদৌস আকবার খান দেশটির সংসদের নিম্নকক্ষ দেওয়ান রাকিয়াতে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান।

উপমন্ত্রী বলেন, বিদেশি কর্মীরা মালয়েশিয়ায় প্রবেশের আগে তাদের অপরাধের ইতিহাস যাচাই করা হয়। এ জন্য জাতীয় পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বিত একটি ব্যবস্থা চালু রয়েছে। দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ যাচাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে সরকার অবগত। মালয়েশিয়ায় কাজ করতে আসা প্রত্যেক বিদেশি কর্মীকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। একই সঙ্গে যেসব নিয়োগকর্তা বিদেশি কর্মী নিয়োগ দেবেন, তাঁদেরও সরকারের নির্ধারিত বিধিবিধান মেনে চলতে হবে।

খায়রুল ফিরদৌস বলেন, এ ধরনের ঘটনা কমাতে এবং দেশের নাগরিকদের নিরাপত্তা সুরক্ষিত রাখতে সরকার আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপায় খুঁজে দেখবে।

সম্প্রতি এক হামলায় এক পুলিশ সদস্যের হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং ১৫ বছর বয়সী এক কিশোর বিদেশি নাগরিকের হামলার শিকার হওয়ার ঘটনা উল্লেখ করে বিদেশি কর্মীদের মালয়েশিয়ার আইন ও নিরাপত্তাবিধি সম্পর্কে সচেতন করতে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছিলেন পিএন-পাদাং তেরাপের সংসদ সদস্য নুরুল আমিন হামিদ। তাঁর সম্পূরক প্রশ্নের জবাবে উপমন্ত্রী এসব কথা বলেন।

এদিকে বিদেশি কর্মীদের ওপর নির্ভরশীলতা কমানোর বিষয়ে পিএইচ-সেলায়াংয়ের সংসদ সদস্য উইলিয়াম লিয়ং জি কিনের এক প্রশ্নের জবাবে উপমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে অস্থায়ী কর্মসংস্থান অনুমতিপত্রধারী (পিএলকেএস) বিদেশি কর্মীর অনুপাত ১০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে সরকারের। ২০২৬ সালে এ হার ১৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, ১৩তম মালয়েশিয়া পরিকল্পনার (১৩এমপি) আওতায় বিদেশি কর্মী নিয়োগের সর্বোচ্চ সীমা ২০২৬ সালের ২২ লাখ ৪৮ হাজার থেকে কমিয়ে ২০৩০ সালে ১৭ লাখ ৮৮ হাজারে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মানবসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরও জানান, গত বছরের ১৫ অক্টোবর পর্যন্ত দেশটির অভিবাসন বিভাগের তথ্যভান্ডার মাইআইএমএমএসে পিএলকেএসধারী বিদেশি কর্মীর সংখ্যা ছিল ২০ লাখ ৮২ হাজার। অন্যদিকে, ২০২৬ সালের জন্য বিদেশি কর্মী নিয়োগের জাতীয় নির্ধারিত সীমার মধ্যে তখনো ২ লাখ ৪১ হাজার ১৭৮ জন নিয়োগের সুযোগ অবশিষ্ট ছিল।

তিনি বলেন, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন খাতভিত্তিক শতকরা হার নির্ধারণের পদ্ধতি বাতিল করেছে সরকার। এর পরিবর্তে ১৩তম মালয়েশিয়া পরিকল্পনায় নির্ধারিত বার্ষিক নিয়োগসীমা অনুসরণ করে বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে।

স্থানীয় কর্মীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে উপমন্ত্রী বলেন, বিদেশি কর্মী নিয়োগের আবেদন করার আগে নিয়োগকর্তাদের অন্তত ১৪ কর্মদিবসের জন্য সরকারি চাকরির পোর্টাল মাইফিউচারজবসে শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। পাশাপাশি ১৯৫৫ সালের কর্মসংস্থান আইনের ৬০কে ধারার আওতায় আগাম অনুমোদন নিতে হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন করার পরই বিদেশি কর্মী নিয়োগের কোটা চাওয়া যাবে।

বিদেশি কর্মীর ওপর নির্ভরশীলতা কমাতে প্রযুক্তির ব্যবহার, স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ও আধুনিক উৎপাদনব্যবস্থা চালুর ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার। পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন করপোরেশন, সামাজিক নিরাপত্তা সংস্থা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে স্থানীয় কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও নতুন দক্ষতা অর্জনের কর্মসূচি জোরদার করা হচ্ছে।

সরকারের লক্ষ্য, স্থানীয় কর্মীদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিনির্ভর উৎপাদনব্যবস্থা সম্প্রসারণ করে আগামী চার বছরের মধ্যে বিদেশি কর্মীর ওপর মালয়েশিয়ার নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা।

হজে নিবন্ধন করেও যেতে পারছেন না গাজার ১০ হাজার ফিলিস্তিনি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:৩৮ পিএম
হজে নিবন্ধন করেও যেতে পারছেন না গাজার ১০ হাজার ফিলিস্তিনি

পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন সম্পন্ন করেও সৌদি আরবে যেতে পারছেন না ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রায় ১০ হাজার বাসিন্দা। দীর্ঘ অপেক্ষার মধ্যে নিবন্ধিত ব্যক্তিদের প্রায় ৪০০ জনের মৃত্যু হয়েছে। রাফাহ সীমান্ত দিয়ে চলাচলে বিধিনিষেধ থাকায় তাদের হজযাত্রা নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

সোমবার (১৬ নভেম্বর) ফিলিস্তিন ইনফরমেশন সেন্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গাজার হজ ও ওমরাহ ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশনের প্রধান মোহাম্মদ আল-আস্তালের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে হজের জন্য নিবন্ধন করা প্রায় ১০ হাজার ফিলিস্তিনি এখনো অপেক্ষমাণ রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৪০০ জন হজে যাওয়ার আগেই মারা গেছেন।

মোহাম্মদ আল-আস্তাল জানান, ভবিষ্যতে হজে যাওয়ার সুযোগ তৈরি হলে ২০২৩ সালের হজের লটারিতে নির্বাচিত ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি নিবন্ধিত কোনো হজযাত্রীর মৃত্যু হলে তার পরিবারের সদস্যদের হজে যাওয়ার সুযোগ দেওয়ার বিষয়েও সংশ্লিষ্ট সংগঠন কাজ করছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রতিবেদনে বলা হয়, রাফাহ সীমান্ত দিয়ে যাতায়াতে বিধিনিষেধ থাকায় গাজার বাসিন্দারা হজ পালনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। সৌদি আরব তাদের গ্রহণে প্রস্তুত রয়েছে এবং মিসরও যাতায়াত সহজ করতে চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন আল-আস্তাল। তবে গাজা থেকে নিরাপদে সৌদি আরবে পৌঁছানো এবং হজ শেষে নিজ এলাকায় ফিরে আসার নিশ্চয়তা চেয়েছেন তিনি।

গাজার জন্য প্রতিবছর হজযাত্রীর কোটা প্রায় ২ হাজার ৫০৮ জন। ফিলিস্তিনের জন্য বরাদ্দ মোট ৬ হাজার ৬০০ জনের কোটার মধ্য থেকে গাজার বাসিন্দাদের এই সংখ্যা নির্ধারিত। কিন্তু সীমান্তে চলাচলের ওপর বিধিনিষেধ থাকায় গত কয়েক বছর ধরে নিবন্ধিত অনেকেই এই সুযোগ নিতে পারছেন না।

২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের হজ মৌসুমে গাজার কোনো ফিলিস্তিনি হজে যেতে পারেননি। ২০২৪ সালের মে মাসে রাফাহ সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পর যাতায়াতের ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। এমনকি কয়েকজন হজযাত্রী মক্কা ও মদিনায় থাকার জায়গা এবং যাতায়াতের ব্যবস্থাও আগে থেকে নিশ্চিত করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের হজযাত্রা বাতিল করতে হয়।

২০২৭ সালের হজ মৌসুম ঘনিয়ে আসায় গাজার অপেক্ষমাণ হজযাত্রীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বছরের পর বছর অপেক্ষায় থাকা এসব মানুষের দাবি, নিরাপদে সৌদি আরবে যাতায়াত এবং হজ শেষে দেশে ফেরার জন্য কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

 

দেশের খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:৩৬ পিএম
দেশের খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ এখন খেলাপির আওতায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত তিন মাসে দেশে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। এ সময় সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা।

তবে আগের তিন মাসের তুলনায় সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ কমেছে ২ হাজার ৭৫২ কোটি টাকা। বিপরীতে একই সময়ে বেসরকারি খাতের ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯ কর্মী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:০১ পিএম
ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯ কর্মী

ইন্দোনেশিয়ার একটি ক্যান্ডি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২৯ জন। আগুনে পুড়ে যাওয়া কারখানাটি থেকে ২৪টি মরদেহবাহী ব্যাগ উদ্ধার করে সরিয়ে নিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় মোট কতজনের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গত ২১ নভেম্বর সন্ধ্যায় পশ্চিম জাভা প্রদেশের সেরাং জেলার চিকান্দে শহরে পিটি ফনুসা আগুং মুলিয়া ক্যান্ডি কারখানায় আগুনের সূত্রপাত হয়। এতে কারখানাটির বড় একটি অংশ পুড়ে যায়।

নিখোঁজ কর্মীদের খুঁজে বের করতে সোমবার (২৩ নভেম্বর) সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মীরা। রোববার রাতে অভিযান স্থগিত রাখা হয়েছিল।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রতিবেদন অনুযায়ী, কারখানাটি ইন্দোনেশিয়ার ইউনাইটেড ফ্যামিলি ফুড কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠান। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই কারখানায় অগ্নিকাণ্ডের সময় প্রায় ৩০০ কর্মী উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন আরউইন উইজায়া।

কারখানা কর্তৃপক্ষের ধারণা, তিনতলা ভবনটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ওই তলায় কর্মরত ছিলেন ৬৫ জন। তাঁদের মধ্যে ২৪ জন বাড়ি ফিরেছেন, ২৯ জন নিখোঁজ রয়েছেন এবং চারজন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। বাকি আটজনের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশের দুর্যোগে নিহত ব্যক্তিদের শনাক্তকরণ বিভাগের কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি জানান, আগুনের ভয়াবহতায় উদ্ধার করা মরদেহগুলো খালি চোখে শনাক্ত করা যাচ্ছে না। এ পরিস্থিতিতে নিখোঁজ কর্মীদের স্বজনদের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী থেকেও ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। শনাক্তকরণের কাজ সম্পন্ন করতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।

পুলিশের ভাষ্য, একটি মরদেহবাহী ব্যাগের মধ্যে একাধিক ব্যক্তির দেহাবশেষ থাকতে পারে। ফলে অগ্নিকাণ্ডে নিহতের প্রকৃত সংখ্যা এখনই নির্ধারণ করা যাচ্ছে না। এর আগে রোববার প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এদিকে কারখানা ভবনের বিভিন্ন অংশ ধসে পড়ার আশঙ্কা থাকায় উদ্ধারকাজ পরিচালনায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

ইউনাইটেড ফ্যামিলি ফুড ইন্দোনেশিয়াজুড়ে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য উৎপাদন করে। প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন প্রায় পাঁচ হাজার কর্মী।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক