অভিবাসী ছাড়া অচল পর্তুগাল!
বাংলাদেশি ও ভারতীয়দের নিশানা করছেন আন্দ্রে ভেন্তুরা! তার বক্তব্যকে ‘মিথ্যা ও বিভাজনমূলক’ বলছেন বিশেষজ্ঞরা
পর্তুগালে অভিবাসীদের নিয়ে ডানপন্থী রাজনৈতিক দল শেগা এর নেতা আন্দ্রে ভেন্তুরার সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, অভিবাসী সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা তাঁর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তাঁদের মতে, পর্তুগালের অর্থনীতি ও গুরুত্বপূর্ণ সেবা খাতগুলো বিদেশি শ্রমিকদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফলে অভিবাসীরা দেশ ছেড়ে চলে গেলে দেশের স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।
গত সপ্তাহান্তে শেগা জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে আন্দ্রে ভেন্তুরা পর্তুগালে অভিবাসীদের উপস্থিতিকে ‘অভিবাসীদের আগ্রাসন’ বা ইনভাসাও দে ইমিগ্রান্তেস হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি ‘রেমিগ্রাসাও’ বা অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর নীতির পক্ষে অবস্থান নেন। তাঁর এই বক্তব্যের পর ব্যবসায়ী সংগঠন থেকে শুরু করে অভিবাসী অধিকারকর্মী ও অর্থনীতিবিদরা প্রতিবাদ জানিয়েছেন।
পর্তুগালের অভিবাসনবিষয়ক টেকনিশিয়ানদের ইউনিয়নের সভাপতি মানুয়েলা নিজা ভেন্তুরার বক্তব্যকে ভিত্তিহীন রাজনৈতিক কথাবার্তা হিসেবে সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, শেগা নেতা বিশেষ করে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের লক্ষ্য করে বক্তব্য দিচ্ছেন, অথচ পর্তুগালে আরও বেশি সংখ্যায় বসবাসকারী অন্য জাতীয়তার অভিবাসীদের বিষয়ে তিনি একইভাবে কথা বলেন না।
মানুয়েলা নিজা আরও জানান, গত দুই বছরে পর্তুগালে অভিবাসনের হার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং এর প্রভাব ইতোমধ্যে অর্থনীতির বিভিন্ন খাতে দেখা যাচ্ছে। তিনি শেগা প্রস্তাবিত রেমিগ্রাসাও নীতিকে কার্যত নির্বাসন বা ডিপোর্তাসাও হিসেবে দেখছেন। তাঁর মতে, এতে শুধু অবৈধভাবে বসবাসকারীরাই নয়, বৈধ অভিবাসীরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিশেষ করে যাঁরা ভিসা বা রেসিডেন্স পারমিট নবায়নের জন্য অপেক্ষা করছেন, অথচ রাষ্ট্র নির্ধারিত সময়ে তাঁদের আবেদন নিষ্পত্তি করতে পারছে না।
পর্তুগালের ব্যবসায়ী সংগঠন সিআইপি বা কনফেডেরাসাও এমপ্রেসারিয়াল দে পর্তুগালের সভাপতি আরমিন্দো মন্টেইরো বলেন, পর্তুগালে কর্মরত বিদেশি শ্রমিকরা সবাই যদি এখন দেশ ছেড়ে চলে যান, তাহলে কি দেশ আগের মতো চলতে পারবে? এর উত্তর পরিষ্কার না, কোনোভাবেই না। তিনি আরও সতর্ক করে বলেন, দেশের রাজনৈতিক আলোচনায় যেন বাস্তব তথ্যের পরিবর্তে আবেগ, ভয়, ক্ষোভ ও অসন্তোষ প্রাধান্য না পায়।
অন্যদিকে, কনসেনসো ইমিগ্রাসাও আন্দোলনের প্রতিনিধি এবং সাবেক শরণার্থী বিষয়ক কমিশনার রুই মার্কেস আন্দ্রে ভেন্তুরারবক্তব্যকে ‘তথ্যগতভাবে সম্পূর্ণ ভুল’ বলে আখ্যা দিয়েছেন। তাঁর মতে, এ ধরনের বক্তব্য পর্তুগিজ সমাজে ঘৃণা, অবিশ্বাস এবং সামাজিক বিভাজনের বীজ বপন করছে। তিনি মনে করেন, ক্ষুব্ধ ও হতাশ জনগোষ্ঠীর ভোট পাওয়ার উদ্দেশ্যে অভিবাসীদের বিরুদ্ধে এমন রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে। এর পরিণতি দেশের জন্য অত্যন্ত নেতিবাচক হতে পারে।
অভিবাসী সংস্থা সলিদারিয়েদাদ ইমিগ্রান্তের পরিচালক আলবের্তো মাতোসও ভেন্তুরার বক্তব্যের প্রতিবাদ করেছেন। তিনি বলেন, পর্তুগালে কোনো অভিবাসী আগ্রাসন ঘটেনি এবং আন্দ্রে ভেন্তুরা একাধিক সম্পূর্ণ মিথ্যা দাবি করছেন। বিশেষ করে আবাসন সংকটের জন্য নতুন করে আসা ১০ লাখের বেশি অভিবাসীকে দায়ী করার বক্তব্যের সমালোচনা করেন তিনি। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, সরকারি পরিসংখ্যানে নতুন করে অন্তর্ভুক্ত হওয়া অনেক অভিবাসী আগে থেকেই পর্তুগালে বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরে পর্তুগালের অভিবাসন কর্তৃপক্ষের প্রশাসনিক জটিলতা ও স্বীকৃতি প্রদানে বিলম্বের কারণে তাঁদের তথ্য যথাসময়ে সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত হয়নি।
পর্তুগালের সমাজকর্মীদের পেশাজীবী সংগঠন অরদেম দোস আসিস্তেন্তেস সোসিয়াইসের প্রতিনিধি ইনেস আমারোও ভেন্তুরারবক্তব্যকে দুঃখজনক ও বিভাজন সৃষ্টিকারী বলে মন্তব্য করেছেন। অভিবাসীদের সন্তানদের সরকারি ভর্তুকিপ্রাপ্ত ক্রেশ বা শিশু পরিচর্যা কেন্দ্রে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ক্রেশে ফিলিজ আইনে অভিবাসীদের সন্তানদের জন্য আলাদা কোনো অগ্রাধিকারমূলক বিধান নেই।
তিনি আরও জানান, সামাজিক সহায়তা কর্মসূচি আরএসআইয়ের সুবিধাভোগীদের মধ্যে বিদেশি নাগরিকের হার ৪ শতাংশেরও কম। অন্যদিকে, পর্তুগালে কর্মরত বিদেশি নাগরিকদের ৭৫ শতাংশেরও বেশি কর্মসংস্থানে নিয়োজিত। তাঁর মতে, অভিবাসীদের একটি বড় অংশ তাঁদের যোগ্যতার তুলনায় কম দক্ষতা ও কম বেতনের কাজে নিয়োজিত রয়েছেন। তাঁরা মূলত এমন সব কাজ করছেন, যেগুলো অনেক পর্তুগিজ নাগরিক করতে আগ্রহী নন। ফলে বিদেশি শ্রমিকরা দেশ ছেড়ে চলে গেলে পর্তুগালের অর্থনৈতিক কার্যক্রম কার্যত থমকে যেতে পারে।
অর্থনীতিবিদ জোয়াও দুকে আন্দ্রে ভেন্তুরারবক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন। তাঁর মতে, যে রাজনৈতিক দল ভবিষ্যতে সরকার পরিচালনার স্বপ্ন দেখে, সেই দলের নেতার কাছ থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য গ্রহণযোগ্য নয়। কারণ, এসব বক্তব্য জনগণের মধ্যে একটি ভুল ও ভিত্তিহীন প্রত্যাশা তৈরি করে।
সব মিলিয়ে বিশেষজ্ঞদের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট পর্তুগালের আবাসন সংকট, সরকারি প্রশাসনিক দুর্বলতা কিংবা অভিবাসন ব্যবস্থাপনার সমস্যাকে শুধু বিদেশি নাগরিকদের ওপর চাপিয়ে দেওয়া বাস্তবসম্মত সমাধান নয়। বরং কৃষি, নির্মাণ, পর্যটন, হোটেল-রেস্তোরাঁ, পরিচর্যা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে বিদেশি শ্রমিকদের অবদান পর্তুগালের জন্য অপরিহার্য।
অভিবাসন ব্যবস্থায় নিয়মশৃঙ্খলা ও নিয়ন্ত্রণ প্রয়োজন হতে পারে, কিন্তু সেই সঙ্গে দেশের অর্থনীতিতে অভিবাসীদের অবদান এবং তাঁদের অধিকারও বিবেচনায় রাখতে হবে। কারণ, বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনুযায়ী, অভিবাসীরা যদি সত্যিই একযোগে পর্তুগাল ছেড়ে চলে যান, তাহলে শুধু শ্রমবাজার নয়, পুরো দেশের অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থাই বড় সংকটে পড়বে।













