বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর রূপনগর

ইস্টার্ন হাউজিংয়ের ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:২১ এম
ইস্টার্ন হাউজিংয়ের ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর রূপনগর ইস্টার্ন হাউজিংয়ের একটি ফ্ল্যাট থেকে বিথী আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে, রুমের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারের সময় তার দুই হাত বাঁধা এবং গলায় গামছা প্যাঁচানো ছিলো। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই নারীর বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। সবশেষ, সোমবার দুপুর ১২টা নাগাদ বিথীকে দেখা গিয়েছিলো।

মঙ্গলবার (১৭ নভেম্বর), বিকেল পর্যন্ত, তার কোনো খোঁজ না পাওয়ায় পুলিশকে খবর দেন স্বজনরা। বাড়ির মালিক জানান, স্বামী চট্টগ্রামে চাকরি করেন, এমন তথ্য দিয়েছিলো বিথী।

ফ্ল্যাটে মেঘা নামে এক নারীকে সাবলেট দেন তিনি। পুলিশ জানায়, ঘটনার পর মেঘার কোন খোঁজ পাওয়া যায়নি। খুঁজে পাওয়া যায়নি বীথির মোবাইল।

 

নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলায় নিহত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৫১ পিএম
নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলায় নিহত ২

নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের মোটরসাইকেল ও গাড়িবহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় দুজন নিহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহিন (৪৫) ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচরের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্বপাশে খালের কাছে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ব্যয় দুই লাখে সীমিত রাখার উদ্যোগ সরকারের

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৫৫ পিএম
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ব্যয় দুই লাখে সীমিত রাখার উদ্যোগ সরকারের

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া পুনরায় চালু করতে সরকার সক্ষম হয়েছে। দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টিও মোটামুটিভাবে নিশ্চিত করা গেছে।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বাংলাদেশি শ্রমিকদের অভিবাসন ব্যয় একইভাবে সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সরকারের আলোচনা ও উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের তারকা চিহ্নিত সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রবাসে কর্মসংস্থানের জন্য যেসব বাংলাদেশি শ্রমিক বিদেশে যাবেন, তাদের যাতায়াতসহ সার্বিক অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।’

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর বন্ধ প্রক্রিয়া পুনরায় চালু করতে দেশটির সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আল্লাহর রহমতে সরকার এ প্রক্রিয়া পুনরায় চালু করতে সক্ষম হয়েছে।’

তারেক রহমান বলেন, ‘শুধু মালয়েশিয়া নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বাংলাদেশি কর্মীদের বিদেশযাত্রার ব্যয় যাতে দুই লাখ টাকার মধ্যে বা সহনীয় পর্যায়ে রাখা যায়, সে লক্ষ্যে কাজ চলছে।’

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের সমস্যা ফ্যাসিস্ট সরকারের আমলে শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই যে সিন্ডিকেটের যেই সমস্যার কথা আপনি বললেন বা মানুষকে ঠকানোর কথাটি বললেন এটা প্রকট আকার ধারণ করেছিল পলাতক স্বৈরাচারের সময়। আমরা দেখেছি, কিভাবে তাদের লোকজন এই দেশের মানুষকে ঠকিয়ে এইভাবে বিদেশে নিয়ে যাওয়ার নাম করে তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে।’

তিনি আরও বলেন, ‘আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন স্বৈরাচারের তৈরি করা সিন্ডিকেটের কারণের অনেকগুলো দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধই রেখেছিল, স্থগিত করে দিয়েছিল অথবা অনেক ক্ষেত্রে স্লো করে দিয়েছিল।’

এর আগে বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী, প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।

গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সংক্ষিপ্ত এ অধিবেশন বুধবার প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হচ্ছে।

বেলগোরোদে ইউক্রেনের দুই হাজার হামলা, নিহত ১০

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:০৪ পিএম
বেলগোরোদে ইউক্রেনের দুই হাজার হামলা, নিহত ১০

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে গত এক সপ্তাহে দুই হাজারের বেশি হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এসব হামলায় এক শিশুসহ ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৭ জন, যাদের মধ্যে একজন শিশু। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত রোদিওন মিরোশনিক রুশ বার্তা সংস্থা তাসকে এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে মিরোশনিক বলেন, ‘পুরো সপ্তাহজুড়ে ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে বেলগোরোদ অঞ্চল। গত সাত দিনে এ অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনীর ২ হাজারের বেশি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এসব হামলায় এক শিশুসহ ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন এক শিশুসহ ৫৭ জন।’

তিনি জানান, ইউক্রেনীয় বাহিনীর হামলার লক্ষ্যবস্তু ছিল বেলগোরোদ অঞ্চলের বেলগোরোদ, বরিসোভকা, ভালুইকি, ভলোকোনোভকা, গ্রাইভরোন, রাকিতনয়ে, রোভেঙ্কি, শেবেকিনো ও ইয়াকোভলেভো পৌর জেলাগুলো।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

মিরোশনিক আরও জানান, এসব হামলায় আবাসিক ভবন ও ব্যক্তিগত বাড়ি, প্রশাসনিক ও সামাজিক স্থাপনা, শিল্পকারখানা, যাত্রীবাহী গাড়ি ও ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া সীমানাপ্রাচীর, বিভিন্ন সহায়ক স্থাপনা, বিদ্যুতের লাইন, কৃষিযন্ত্র এবং কৃষিপ্রতিষ্ঠানের ভবনেও ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে তিনি জানিয়েছিলেন, ইউক্রেনের হামলায় গত এক সপ্তাহে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এক শিশুসহ ৬৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২৪০ জন, যাদের মধ্যে পাঁচজন শিশু। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত সাত দিনে রাশিয়ার বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে বিভিন্ন ধরনের ৮ হাজার ৩০০টি গোলাবারুদ নিক্ষেপ করেছে কিয়েভ।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক