জাকির নায়েককে আরও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করল ভারত
ইসলামী বক্তা জাকির নায়েকের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে ভারত সরকার। একই সঙ্গে তাঁর প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপরও আগামী পাঁচ বছর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর আইআরএফের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়েছিল। তারও আগে ২০১৬ সালে প্রথমবারের মতো জাকির নায়েক ও তাঁর সংশ্লিষ্ট কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার।
জাকির নায়েককে দীর্ঘদিন ধরে খুঁজছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। তাঁর বিরুদ্ধে তহবিলের অপব্যবহারসহ একাধিক অভিযোগ রয়েছে।
এ ছাড়া ২০২০ সাল থেকে ভারতে জাকির নায়েকের বক্তব্য ও জনসমক্ষে দেওয়া ভাষণ প্রচারের ওপরও নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার নাগরিকত্ব গ্রহণ করেন জাকির নায়েক। এরপর থেকে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতেই অবস্থান করছেন।
ভারত সরকার এর আগে দাবি করেছে, জাকির নায়েকের বক্তৃতা এবং তাঁর প্রতিষ্ঠানের কার্যক্রম দেশটির জাতীয় নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য উদ্বেগের কারণ হতে পারে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করে আসছেন জাকির নায়েক।




