শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সিন্ডিকেটের চাপ, অনিয়মের বিরুদ্ধে লড়াই নৈতিক শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক চৌধুরী, প্রশ্ন লাখো কর্মীর স্বার্থ রক্ষার

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৪:২৬ পিএম
সিন্ডিকেটের চাপ, অনিয়মের বিরুদ্ধে লড়াই নৈতিক শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক চৌধুরী, প্রশ্ন লাখো কর্মীর স্বার্থ রক্ষার

বিদেশে কর্মী পাঠানোর নামে বছরের পর বছর ধরে চলে আসছে এক অদৃশ্য শোষণব্যবস্থা। এই ব্যবস্থায় কখনো দালাল, কখনো রিক্রুটিং এজেন্সি, কখনো মধ্যস্বত্বভোগী, আবার কখনো নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের হাতে জিম্মি হয়েছেন বিদেশগামী সাধারণ মানুষ। সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের তোয়াক্কা না করে কয়েক গুণ বেশি অর্থ আদায়, চাকরির নিশ্চয়তা ছাড়াই ভিসা বিক্রি, বিদেশে গিয়ে প্রতিশ্রুত কাজ না পাওয়া সব মিলিয়ে বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন অনেকের জন্য পরিণত হয়েছে সর্বস্বান্ত হওয়ার গল্পে।

এই বাস্তবতায় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন আরিফুল হক চৌধুরী। তাঁর সামনে দায়িত্বটি কেবল প্রশাসনিক নয়; বরং দেশের সবচেয়ে বড় শ্রমজীবী জনগোষ্ঠী এবং বিদেশে কর্মসংস্থানের আশায় সম্পদ বিক্রি করা লাখো মানুষের স্বার্থ রক্ষার।

তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা এই মন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই অতিরিক্ত অভিবাসন ব্যয়, প্রতারণা, অনিয়ম এবং বিদেশে গিয়ে চাকরি না পাওয়ার মতো বিষয়গুলোতে কঠোর অবস্থানের কথা বলে আসছেন। তাঁর বক্তব্য, কর্মী পাঠানোর নামে কোনো ধরনের অন্যায় ও অনিয়মের সঙ্গে আপস করবেন না। এমনকি দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদ ছেড়ে দেওয়ার কথাও প্রকাশ্যে বলেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

শ্রমিকের ঘাম, প্রবাসীর কান্না দেখবে কে?
দেশের অভ্যন্তরে ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের রাস্তায় নামতে হয়। ন্যূনতম মজুরি বৃদ্ধি থেকে শুরু করে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও অধিকার আদায়—প্রতিটি ক্ষেত্রেই তাঁদের লড়াই করতে হয়। আর বিদেশে কর্মসংস্থানের জন্য যাঁরা দেশ ছাড়েন, তাঁদের শোষণের অভিজ্ঞতা আরও জটিল।

নিজের এলাকার পরিচিত মানুষ, আত্মীয়স্বজন, দালাল, রিক্রুটিং এজেন্সি কিংবা বিভিন্ন মধ্যস্বত্বভোগীর প্রতারণার শিকার হন অনেক বিদেশগামী কর্মী। কখনো জমি বিক্রি করে, কখনো ঋণ নিয়ে, আবার কখনো পরিবারের শেষ সম্বল বন্ধক রেখে বিদেশে যান তাঁরা। অথচ বিদেশে পৌঁছে অনেকেই পান না প্রতিশ্রুত চাকরি, বেতন কিংবা আবাসন।

প্রবাসী পরিচয়ে যে সেবা, নিরাপত্তা ও কল্যাণ পাওয়ার কথা, বাস্তবে তার অনেক কিছু থেকেই বঞ্চিত থাকেন তাঁরা। প্রতারণার শিকার হয়েও অনেকে অভিযোগ করতে চান না। কারণ, দীর্ঘসূত্রতা, হয়রানি ও প্রতিকার পাওয়ার অনিশ্চয়তা তাঁদের আরও অসহায় করে তোলে।
এই মানুষগুলোর স্বার্থ রক্ষার দায়িত্ব নিয়েছেন আরিফুল হক চৌধুরী। তাঁর ঘোষিত অবস্থান বাস্তবায়িত হলে বৈদেশিক কর্মসংস্থান খাতের দীর্ঘদিনের অনিয়মের কাঠামোয় পরিবর্তন আসতে পারে।

মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান
মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের ক্ষেত্র। কিন্তু এই বাজারে কর্মী পাঠানোর নামে অতিরিক্ত অর্থ আদায় এবং সিন্ডিকেটের অভিযোগ আন্তর্জাতিকভাবেও আলোচিত হয়েছে।

২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের তুলনায় কয়েক গুণ বেশি অর্থ আদায়ের অভিযোগ ওঠে। দুর্নীতি দমন কমিশনের তদন্তে ২ লাখ ৬৭ হাজার ২৭৬ জন কর্মী পাঠানোর বিপরীতে ৪ হাজার ৫৪৫ কোটি টাকার বেশি অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠে আসে। বিষয়টি নিয়ে মামলা ও তদন্তের ধারাবাহিকতায় ২০২৬ সালের জুলাইয়ে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করে সরকার। পরে উচ্চ আদালতের আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন।

এ সিদ্ধান্তকে ঘিরে মন্ত্রীর অবস্থান ছিল আইনের বাইরে কেউ নন। যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা আইনগতভাবে নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারলে আইন অনুযায়ী প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ অভিযোগের বিচার হবে আইনি প্রক্রিয়ায়, কিন্তু প্রভাবশালী হওয়ার কারণে কেউ দায়মুক্তি পাবেন না।
এখানেই তাঁর সামনে বড় চ্যালেঞ্জ। কারণ জনশক্তি খাতের ব্যবসায়িক বাস্তবতা, দীর্ঘদিনের প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পারস্পরিক প্রতিযোগিতা—সবকিছু সামলে সংস্কার বাস্তবায়ন সহজ নয়।

তিন লাখের প্রস্তাব, ছয়-সাত লাখের বাজার!
মালয়েশিয়ায় নতুন করে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অভিবাসন ব্যয় নিয়ে সম্প্রতি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ৫ নভেম্বর ঢাকায় মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থায় তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।
সেখানে বেসরকারি এজেন্সির প্রতিনিধিরা কর্মী পাঠানোর ব্যয় আড়াই থেকে তিন লাখ টাকার মধ্যে রাখার বিষয়ে ঐকমত্যের কথা জানান। অথচ বাজারে কর্মীপ্রতি ছয় থেকে সাত লাখ টাকা ব্যয়ের প্রচার রয়েছে। এই ব্যবধানের পেছনে ভিসা বাণিজ্য, মধ্যস্বত্বভোগী এবং বিভিন্ন পর্যায়ে অর্থ লেনদেনের অভিযোগও সামনে এসেছে।
মন্ত্রীর বক্তব্য ছিল, সিন্ডিকেট তৈরি করে অতিরিক্ত অর্থ আদায়ের দায় এজেন্সিগুলো এড়াতে পারে না। ব্যবসার নামে নিজেদের মধ্যে অর্থের লেনদেনের বোঝা শেষ পর্যন্ত দরিদ্র কর্মীদের ওপর চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়।

একই সভায় তিনি জানান, প্রথম দুই-তিনটি ফ্লাইটে ডিসেম্বরেই শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর প্রত্যাশা করছে সরকার। পরবর্তী সময়ে বেসরকারি ব্যবস্থায় কর্মী পাঠানোর ক্ষেত্রেও ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

শূন্য ব্যয়ে ১০ হাজার কর্মী: কথার বাইরে বাস্তব উদ্যোগ
মালয়েশিয়ার সঙ্গে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল হলো প্রাথমিক পর্যায়ে ১০ হাজার বাংলাদেশি কর্মী শূন্য অভিবাসন ব্যয়ে নিয়োগের নীতিগত সম্মতি। এ উদ্যোগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইতোমধ্যে বোয়েসেল ১১২ জন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মালয়েশিয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে তাঁদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ রিঙ্গিত। নিয়োগকর্তার বহন করার কথা অভিবাসন ব্যয়।

এটি কেবল একটি কর্মী নিয়োগের উদ্যোগ নয়; বরং বিদেশে চাকরি পেতে কর্মীকেই সব খরচ বহন করতে হবে দীর্ঘদিনের এই প্রচলিত ধারণার বাইরে যাওয়ার একটি প্রচেষ্টা।

মন্ত্রী আশা করছেন, শূন্য ব্যয়ে কর্মী পাঠানোর এই দৃষ্টান্ত দেখে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোও কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া থেকে বিরত থাকবে।

তবে এ উদ্যোগের সফলতা নির্ভর করবে প্রকৃত অর্থেই কর্মীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে কি না এবং নিয়োগকর্তারা প্রতিশ্রুত ব্যয় বহন করছেন কি না, তার ওপর।

৩৩৮ এজেন্সির অংশগ্রহণ, নতুন পরীক্ষার মুখে সরকার
মালয়েশিয়ার নতুন নিয়োগ কাঠামোয় এবার বাংলাদেশের মোট ৩৩৮টি প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। এর মধ্যে ৩১২টি রিক্রুটিং এজেন্সি, ২৫টি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেল রয়েছে।

আগের সীমিতসংখ্যক এজেন্সিনির্ভর ব্যবস্থার পরিবর্তে তুলনামূলক বিস্তৃত অংশগ্রহণের সুযোগ তৈরি হওয়াকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। কর্মী প্রেরণ স্বচ্ছতা, হয়রানি ও প্রতারণা রোধে কার্যকর নজরদারির ঘোষণা দিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছেন।

সার্বিয়ার ভিসা নিয়ে কঠোর বার্তা
শুধু মালয়েশিয়া নয়, অন্যান্য দেশের শ্রমবাজার নিয়েও কঠোর অবস্থান নেওয়ার চেষ্টা করছেন মন্ত্রী। সম্প্রতি সার্বিয়াসহ কয়েকটি দেশের কর্মসংস্থান প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ সামনে এসেছে। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কিছু প্রতিষ্ঠান বৈধ নিয়োগপ্রক্রিয়া ও প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত না করেই কর্মপ্রত্যাশীদের কাছ থেকে বিপুল অর্থ নিয়ে ভিসা সংগ্রহের প্রতিশ্রুতি দিয়েছিল। পরে সেসব অনিয়ম বৈধতা দেওয়ার জন্য মন্ত্রণালয়ের ওপর চাপ সৃষ্টির চেষ্টা চলছে।

এ পরিস্থিতিতে মন্ত্রণালয় ১২টি দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে পূর্বানুমোদন বাধ্যতামূলক করেছে। দেশগুলো হলো সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কসোভো, বসনিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়া।

মন্ত্রীর অবস্থান হলো, নিয়োগকর্তা, কাজের ধরন, বেতন এবং আবাসনের নিশ্চয়তা যাচাই না করে কোনো কর্মীকে বিদেশে পাঠানোর অনুমতি দেওয়া যাবে না। শুধু ভিসা হাতে থাকলেই কর্মসংস্থানের অনুমতি পাওয়ার অধিকার তৈরি হয় না।
নিয়োগকর্তা বৈধ ও সক্ষম হলে এবং চাকরির শর্ত যথাযথ থাকলে দ্রুত অনুমোদন দেওয়ার কথাও তিনি বলেছেন। অর্থাৎ অনিয়মের ক্ষেত্রে কঠোরতা, আর বৈধ কর্মসংস্থানের ক্ষেত্রে অযথা বিলম্ব না করার নীতি অনুসরণের নির্দেশনা দিয়েছেন।

প্রবাসজীবনের অভিজ্ঞতা কি নীতিনির্ধারণে ভূমিকা রাখছে?
আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত জীবনের একটি দিকও এখানে প্রাসঙ্গিক। তাঁর জীবনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রবাসজীবনের অভিজ্ঞতা রয়েছে। ফলে বিদেশে বসবাসের বাস্তবতা, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার কষ্ট সম্পর্কে তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে বলে তাঁর ঘনিষ্ঠ মহল মনে করে।
তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা একজন জনপ্রতিনিধি হিসেবে বিদেশে যাওয়ার পেছনে সাধারণ পরিবারের ত্যাগের বিষয়টিও তাঁর বক্তব্যে উঠে আসে। একজন কর্মী বিদেশে যেতে কতটা ঋণগ্রস্ত হন, কতটা সম্পদ বিক্রি করেন এবং পরিবারের কতটা প্রত্যাশা নিয়ে দেশ ছাড়েন এসব বিষয়কে তিনি শ্রম অভিবাসনের নীতিনির্ধারণে গুরুত্ব দিচ্ছেন।

তবে ব্যক্তিগত অভিজ্ঞতা বা রাজনৈতিক সদিচ্ছা দিয়ে এককভাবে এ খাতের দীর্ঘদিনের অনিয়ম দূর করা সম্ভব নয়। প্রয়োজন প্রশাসনের সহযোগিতা, আইন প্রয়োগকারী সংস্থার সক্রিয়তা, দূতাবাসগুলোর জবাবদিহি এবং রিক্রুটিং এজেন্সিগুলোর দায়িত্বশীল আচরণ।

মন্ত্রীর লড়াইয়ে কারা পাশে থাকবে?
জনশক্তি রপ্তানি খাতের সঙ্গে সংশ্লিষ্টদের একটি অংশের সঙ্গে সরকারের নতুন নীতির মতপার্থক্য তৈরি হওয়া অস্বাভাবিক নয়। বিশেষ করে অভিবাসন ব্যয় কমানো, শূন্য ব্যয়ে কর্মী পাঠানো এবং নিয়োগকর্তা যাচাইয়ের মতো পদক্ষেপে ব্যবসায়িক স্বার্থের প্রশ্নও সামনে আসছে।

মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে বেসরকারি এজেন্সিগুলোর অংশগ্রহণ প্রয়োজন। কিন্তু সেই অংশগ্রহণ যেন কর্মীদের শোষণের হাতিয়ার না হয়, সেটিই নিশ্চিত করতে হবে। একইভাবে অভিযোগের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত না করে যথাযথ তদন্ত ও আইনি প্রক্রিয়া অনুসরণ করাও জরুরি।
মন্ত্রীর দায়িত্ব পালনে কর্মকর্তা-কর্মচারীদের পেশাদার সহযোগিতা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা, গণমাধ্যমের অনুসন্ধানী ভূমিকা এবং সচেতন নাগরিক সমাজের নজরদারি গুরুত্বপূর্ণ। কোনো মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগের ওপর নির্ভর না করে সংস্কারকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।

শেষ পর্যন্ত আরিফুল হক চৌধুরীর সামনে সবচেয়ে বড় প্রশ্নটি হলো তিনি কি বৈদেশিক কর্মসংস্থান খাতকে এমন একটি ব্যবস্থায় রূপ দিতে পারবেন, যেখানে বিদেশে চাকরি পেতে একজন শ্রমিককে সর্বস্ব বিক্রি করতে হবে না, ঋণের বোঝা নিয়ে দেশ ছাড়তে হবে না এবং প্রতারণার শিকার হলে ন্যায়বিচার পাওয়ার নিশ্চয়তা থাকবে?
তাঁর ঘোষিত নীতি, ১০ হাজার কর্মীকে শূন্য ব্যয়ে পাঠানোর উদ্যোগ, ৪৯টি এজেন্সির লাইসেন্স বাতিল এবং ৩৩৮টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে নতুন নিয়োগ কাঠামো সবকিছুই এখন বাস্তবায়নের পরীক্ষায়।

এ লড়াই কোনো ব্যক্তির পদ বা রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখার লড়াই নয়। এর কেন্দ্রে থাকা উচিত দেশের শ্রমজীবী মানুষ এবং তাঁদের অধিকার। কারণ প্রবাসীর ঘামের মূল্য যদি নিশ্চিত করা না যায়, তাহলে বৈদেশিক কর্মসংস্থানের সাফল্যের পরিসংখ্যান দিয়ে তাঁদের দীর্ঘশ্বাস আড়াল করা যাবে না। সবার আগে কর্মীর স্বার্থ, সবার আগে ন্যায্যতা নৈতিক শ্রম অভিবাসনের লড়াইয়ের চূড়ান্ত মানদণ্ড হওয়া উচিত এটাই।

মৃতের সংখ্যা খুব দ্রুত বাড়ছে

আসামে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ২৩ জনের, আহত ৭

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:১০ পিএম
আসামে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ২৩ জনের, আহত ৭

ভারতের আসাম রাজ্যের কাজিরাঙ্গায় ট্রাকের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাজিরাঙ্গার কাছের রঙ্গাজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল একটি মিনিবাস। পথে সেটিকে ধাক্কা দেয় একটি ট্রাক।

এক নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘মৃতের সংখ্যা খুব দ্রুত বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, চিকিৎসকেরা দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে।’

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সংঘর্ষের প্রচণ্ড ধাক্কায় মিনিবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।

গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আমরা সবাই ঘটনাস্থলে আছি। বাসের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’

আহতদের চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের কয়েকজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

স্বপ্ননীল ডেকা আরও বলেন, ‘পার্কের কাছে আরোপিত বিধিনিষেধ অমান্য করে বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। আমাদের ধারণা, মিনিবাসটির চালক নিয়ন্ত্রণ হারালে কনটেইনার ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়।’

 

চলতি বছর বার্সেলোনায় সড়কে মৃত্যু ১৭ জনের

বার্সেলোনার গ্রান ভিয়া সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:৫০ পিএম
বার্সেলোনার গ্রান ভিয়া সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

বার্সেলোনার গ্রান ভিয়া দে লেস কর্টস কাতালানেস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের এ দুর্ঘটনায় নিহত ব্যক্তি বার্সেলোনার স্থানীয় পুলিশের (গুয়ার্দিয়া উরবানা) একজন কর্মকর্তা ছিলেন। দুর্ঘটনার সময় তিনি দায়িত্বে ছিলেন না।

বার্সেলোনা সিটি কাউন্সিলের তথ্য অনুযায়ী, গ্রান ভিয়া দে লেস কর্টস কাতালানেসের ৬৫০ নম্বরের কাছে একটি জাতীয় পুলিশের গাড়ির সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ওই গাড়িটি তখন জরুরি দায়িত্বে ছিল। দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালককে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখছে বার্সেলোনা গুয়ার্দিয়া উরবানার দুর্ঘটনা তদন্ত ও প্রতিরোধ ইউনিট (ইউক্যাট)। সংঘর্ষের জন্য কোনো পক্ষ দায়ী কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি বছর বার্সেলোনায় সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু

এই দুর্ঘটনার পর ২০২৬ সালে বার্সেলোনায় সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। তাঁদের মধ্যে আটজনই মোটরসাইকেল চালক। অর্থাৎ, এ বছর সড়কে নিহতদের অর্ধেকের কাছাকাছি মোটরসাইকেল আরোহী।

শহরটিতে ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় মোট ১১ জনের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে পাঁচজন ছিলেন মোটরসাইকেল চালক। ২০২৪ সালেও মোট মৃত্যুর সংখ্যা ছিল ১১, যার মধ্যে পাঁচজন মোটরসাইকেল আরোহী। চলতি বছরের মোট মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে গত দুই বছরের তুলনায় বেশি হয়েছে।

বার্সেলোনায় এক বছরে আটজন মোটরসাইকেল চালকের মৃত্যুর ঘটনা সর্বশেষ ঘটেছিল ২০২৩ সালে। চলতি বছরের পরিসংখ্যান শহরের সড়ক নিরাপত্তা এবং মোটরসাইকেল চালকদের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

আইআরজিসি কমান্ডার

মার্কিন ঘাঁটি নিরাপত্তা দিতে পারে, সেই ধারণা শেষ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:১৩ পিএম
মার্কিন ঘাঁটি নিরাপত্তা দিতে পারে, সেই ধারণা শেষ

উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো নিরাপত্তা নিশ্চিত করে, এমন ধারণার অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি।

ইরানি সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিরাপত্তা দেয়, এই মিথ এখন শেষ হয়ে গেছে।’ তাঁর এই বক্তব্যের বরাতে শুক্রবার (১৩ নভেম্বর) সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী শক্তিকে ‘কাগুজে বাঘ’ হিসেবে প্রমাণ করা হয়েছে বলেও মন্তব্য করেন মেজর জেনারেল মোস্তফা ইজাদি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

আইআরজিসির এই উপপ্রধান আরও বলেন, ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো মাত্রার হুমকি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, গত আগস্টে আইআরজিসির উপপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল মোস্তফা ইজাদি। এর আগে তিনি বাহিনীটির স্থলবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক