ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে সব বিলে ভেটো দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ লাভ করলে তাদের উত্থাপিত কোনো বিলেই স্বাক্ষর করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিনিধি পরিষদ কিংবা সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা হারালে প্রয়োজনে নিজের ভেটো ক্ষমতা বারবার প্রয়োগ করে প্রতিটি বিল আটকে দেবেন এবং নিজেকে ‘মিস্টার ভেটো’ হিসেবে প্রতিষ্ঠিত করবেন বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে প্রভাবশালী মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক পোস্ট-এর সাংবাদিক মিরান্ডা ডিভাইনের পডকাস্ট ‘পড ফোর্স ওয়ান’-এ দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এই হুশিয়ারি উচ্চারণ করেন।
সাক্ষাৎকারে ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেসের নিয়ন্ত্রণ চলে গেলে উদ্ভূত পরিস্থিতি কীভাবে মোকাবিলা করবেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটদের দেশের ক্ষতি করতে দেওয়া হবে না। তিনি জানান, বিরোধীদের পাঠানো বিলে লাগাতার ভেটো প্রয়োগ করার পর তারা বুঝতে পারবে যে এতে কেবল সময় নষ্ট হচ্ছে, যা পরবর্তীতে তাদের আলোচনার টেবিলে এসে সমঝোতায় বসতে বাধ্য করবে। অতীতেও দুই দলের মধ্যে নানা বিষয়ে সমঝোতার ইতিহাস রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দল জয়ী হলে এমন চরম কৌশল নেওয়ার প্রয়োজন না হলেও পরাজয়ের ক্ষেত্রে তাঁর হাতে ভেটো ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত মাত্র দুবার এবং নিজের প্রথম মেয়াদে মোট ১০টি বিলে ভেটো দিয়েছিলেন ট্রাম্প। মার্কিন সংবিধান অনুযায়ী, কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ ভোট না পেলে প্রেসিডেন্টের ভেটো অগ্রাহ্য করা যায় না।
এ ছাড়া সাক্ষাৎকারে মার্কিন সংবিধানের ২২তম সংশোধনীর কথা উল্লেখ করে ট্রাম্প তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে লড়ার সম্ভাবনার বিষয়েও কথা বলেন, যেখানে দুবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ওপর সাংবিধানিক নিষেধাজ্ঞা রয়েছে। বর্তমান কংগ্রেসের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা অতি অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলেও তা দখলে রাখতে মরিয়া ডেমোক্র্যাটরা। মঙ্গলবারের এই মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের সব কটি (৪৩৫টি) এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।













