মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

ইতালিতে সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের ঘোষণা

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:৪৪ এম
ইতালিতে সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের ঘোষণা

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ফ্রান্সের পাশাপাশি ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশ ইতালিতেও বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর ও প্রধান শিল্প-ফ্যাশন কেন্দ্র মিলানে টানা দুই দিনের বিক্ষোভ ও সহিংসতার পর ৫০০ সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে সরকার। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, দোকানপাটে লুটপাট ও সম্পত্তি ভাঙচুরের ঘটনায় শহরের নিরাপত্তা জোরদার করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় শহরের অভিজাত বাণিজ্যিক এলাকার দোকানগুলো নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি এ তথ্য জানান। তিনি ক্ষমতাসীন ডানপন্থি দল লিগের প্রধান। সামাজিক যোগাযোগমাধ্যমে সালভিনি লেখেন, ‘কথা থেকে এবার কাজে মিলানকে রক্ষায় আরও ৫০০ সেনা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উত্থাপন করা হতে যাওয়া নিরাপত্তাবিষয়ক পদক্ষেপের প্যাকেজে সেনা মোতায়েনের বিষয়টি অন্তর্ভুক্ত থাকার কথা রয়েছে।

সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় সোমবার মিলানের কেন্দ্রীয় এলাকার বিলাসবহুল পণ্যের দোকানগুলো আগেভাগেই বন্ধ করে দেওয়া হয়। ইতালির আর্থিক রাজধানী হিসেবে পরিচিত শহরটিতে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে, এমন আশঙ্কায় অনেক দোকানের জানালায় কাঠের পাটাতনসহ বিভিন্ন সুরক্ষাব্যবস্থা বসানো হয়।

মিলানের অভিজাত কেনাকাটার এলাকা ভিয়া মনতেনাপোলিওনে চ্যানেল, টিফানি ও ডিওরের মতো ব্র্যান্ডের বেশির ভাগ দোকান সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শোকেস থেকে পণ্য সরিয়ে নেয়। এ সময় সড়কে পুলিশকে টহল দিতে দেখা যায়। পাশাপাশি কয়েকজন পর্যটকও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

শনিবার সরকারি সেবার মান ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়। তবে সপ্তাহান্তে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। কয়েকশ মুখোশধারী বিক্ষোভকারী, যাদের অনেককে অপ্রাপ্তবয়স্ক বলে ধারণা করা হচ্ছে, শহরের কেন্দ্রে ময়লার পাত্রে আগুন ধরিয়ে দেন এবং বিভিন্ন দোকানে লুটপাট চালান।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, লুটপাটের শিকার দোকানগুলোর মধ্যে ক্রীড়াসামগ্রী বিক্রেতা ডেকাথলন ও আর্ক’টেরিক্স এবং মোবাইল ফোন সেবাদাতা ভোডাফোনের প্রতিষ্ঠানও রয়েছে। এ ছাড়া লেভিস, আন্ডার আর্মার ও ডেকাথলনের মতো ব্র্যান্ডের দোকানগুলোর শোকেস কার্ডবোর্ড ও কাঠের প্যানেল দিয়ে ঢেকে দেওয়া হয়।

আগামী বছর জাতীয় নির্বাচনের মুখোমুখি হতে যাওয়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহিংসতার নিন্দা জানিয়েছেন। সোমবার মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তিনি পরিস্থিতি পর্যালোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী আন্তোনিও তায়ানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘রাষ্ট্রের ওপর এসব হামলার জবাব সরকার কঠোরভাবে দেবে। এর মধ্যে অপ্রাপ্তবয়স্কদের সহিংসতা নিয়ন্ত্রণে পদক্ষেপও থাকবে।’

অপ্রাপ্তবয়স্কদের আগাম আটক রাখার সময়সীমা বাড়ানো এবং কিশোর অপরাধী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা জোরদারের বিষয়টি বিবেচনা করছেন মেলোনি। পাশাপাশি পার্লামেন্টে পর্যালোচনাধীন একটি নিরাপত্তা বিলের কিছু বিধান দ্রুত কার্যকর করার উদ্যোগও নেওয়া হতে পারে।

ইতালির পুলিশ জানিয়েছে, রোববার মিলানে সহিংসতার ঘটনায় ২৭১ জন তরুণকে আটক করা হয়। তাদের মধ্যে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ২৩ জন অপ্রাপ্তবয়স্ক এবং ১৩ জন বিদেশি নাগরিক রয়েছেন। এ ছাড়া আরও ২৮ জনের বিরুদ্ধে বিচারিক কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

শনিবার উত্তর ইতালির বোলোনিয়া, ব্রেশিয়া, বেরগামো ও তুরিনসহ কয়েকটি শহরেও সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার প্রকাশিত পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনায় ২৮ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

ইতালির এই অস্থিরতার সঙ্গে প্রতিবেশী ফ্রান্সের সাম্প্রতিক বিক্ষোভের মিল রয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবার মান কমে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে শনিবার ফ্রান্সে লাখো মানুষ রাস্তায় নেমেছিলেন। কয়েক বছরের মধ্যে দেশটিতে সংঘটিত সবচেয়ে সহিংস বিক্ষোভগুলোর কয়েকটি সেদিন দেখা যায়।

সীমান্ত অপরাধ দমনে কাগুজে অঙ্গীকার নয়, কার্যকর পদক্ষেপ চায় মালয়েশিয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৩:৩৯ এম
সীমান্ত অপরাধ দমনে কাগুজে অঙ্গীকার নয়, কার্যকর পদক্ষেপ চায় মালয়েশিয়া

আন্তঃসীমান্ত অপরাধ দমনে শুধু চুক্তি ও অঙ্গীকারের মধ্যে সীমাবদ্ধ না থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, অর্থ পাচার, মানব পাচার এবং সহিংসতা ও চরমপন্থার হুমকি মোকাবিলায় আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে দ্রুত তথ্য বিনিময়, যৌথ তদন্ত ও কার্যকর অভিযান জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে দেশটি।

২০ অক্টোবর, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আন্তঃসীমান্ত অপরাধবিষয়ক আসিয়ানের ২০তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে (এএমএমটিসি-২০) মালয়েশিয়ার জাতীয় বিবৃতিতে এসব বিষয় তুলে ধরা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল মালয়েশিয়ার পক্ষ থেকে বলেন, আন্তঃসীমান্ত অপরাধের ধরন দিন দিন জটিল হয়ে উঠছে। অপরাধী চক্রগুলো ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে তাদের কর্মকাণ্ড আরও বিস্তৃত ও সুসংগঠিত করছে। এ ধরনের অপরাধ কোনো একক দেশের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। তাই আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা জরুরি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণা মোকাবিলায় মালয়েশিয়ার নেওয়া পদক্ষেপ তুলে ধরে বলা হয়, ২০২৬ সালের মার্চে দেশটিতে জাতীয় সাইবার অপরাধ কেন্দ্র (এনএসআরসি) চালু করা হয়েছে। ৯৯৭ হটলাইনের মাধ্যমে কেন্দ্রটি দিন-রাত ২৪ ঘণ্টা কার্যক্রম পরিচালনা করছে।

কেন্দ্রটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর্থিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিত করা হয়েছে। এর ফলে প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট অর্থ দ্রুত শনাক্ত করা এবং তা জব্দ করার প্রক্রিয়া ত্বরান্বিত করার সুযোগ তৈরি হয়েছে।

এ ছাড়া ক্রমবর্ধমান সাইবার হুমকি মোকাবিলায় বিদ্যমান আইনি কাঠামো শক্তিশালী করতে ২০২৬ সালের জুলাইয়ে দেশটির সংসদের উভয় কক্ষে সাইবার অপরাধবিষয়ক বিল পাস হয়েছে। এর মাধ্যমে ১৯৯৭ সালের কম্পিউটার অপরাধ আইন প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মালয়েশিয়ার বক্তব্যে বলা হয়, অপরাধলব্ধ অর্থ কয়েক মিনিটের মধ্যেই এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করা সম্ভব। অথচ তদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তুলনামূলকভাবে অনেক বেশি সময় লাগে। এ ব্যবধান কমাতে অপরাধের অর্থ শনাক্তকরণ, ডিজিটাল প্রমাণ সংরক্ষণ এবং তদন্তের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠায় দেশগুলোর দ্রুত সহযোগিতা প্রয়োজন।

অবৈধ অর্থ পাচার, সংঘবদ্ধ অপরাধ ও অনলাইন প্রতারণার অর্থায়ন বন্ধে নিয়ন্ত্রক ব্যবস্থা এবং আইন প্রয়োগের সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছে মালয়েশিয়া।

২০২৫ সালের ডিসেম্বরে প্রকাশিত ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স (এফএটিএফ) ও এশিয়া-প্যাসিফিক গ্রুপের যৌথ মূল্যায়ন প্রতিবেদনে মালয়েশিয়াকে ‘নিয়মিত অনুসরণ’ পর্যায়ে রাখা হয়েছে। আইনগত, আর্থিক, অভ্যন্তরীণ সমন্বয় ও গোয়েন্দা তথ্যসংক্রান্ত ক্ষেত্রে দেশটির অগ্রগতির প্রতিফলন হিসেবে এই অবস্থানকে তুলে ধরা হয়েছে।

এ ছাড়া ২০২৬ সালের এপ্রিলে কুয়ালালামপুরে অবৈধ অর্থ পাচারবিষয়ক আসিয়ান ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক আয়োজন করে মালয়েশিয়া।

এ ক্ষেত্রে স্বেচ্ছায় নেতৃত্বদানকারী দেশ হিসেবে মালয়েশিয়া আসিয়ান সদস্যদের মধ্যে তথ্য বিনিময়, দক্ষতা বৃদ্ধি এবং মানব পাচার ও সংশ্লিষ্ট আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় সহযোগিতা জোরদারে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।

অনিয়মিত অভিবাসনের পথ ব্যবহার করে আন্তঃদেশীয় অপরাধী চক্রগুলোর তৎপরতা ঠেকাতে সীমান্ত নিয়ন্ত্রণব্যবস্থার সক্ষমতা বাড়ানোর উদ্যোগও অব্যাহত রেখেছে মালয়েশিয়া।

এ লক্ষ্যে সীমান্ত নিয়ন্ত্রণবিষয়ক মালয়েশিয়া ঘোষণা, ২০২৬-২০৩৫ মেয়াদের আসিয়ান কর্মপরিকল্পনা এবং মালাক্কা ঘোষণার মতো উদ্যোগের কথা তুলে ধরা হয়।

তবে এসব উদ্যোগ ও কাঠামোকে বাস্তব ফলাফলে রূপ দেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করা হয়েছে।

এ জন্য আসিয়ানভুক্ত দেশগুলোর সামনে তিনটি অগ্রাধিকার তুলে ধরেছে মালয়েশিয়া। এগুলো হলো, অনলাইন প্রতারণা ও অবৈধ অর্থপ্রবাহ ঠেকাতে সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করা, ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণসহ তদন্তের সক্ষমতা বাড়ানো এবং সদস্যদেশ ও সহযোগী অংশীদারদের মধ্যে মাঠপর্যায়ের কার্যকর সহযোগিতা সম্প্রসারণ করা।

বৈঠকে মালয়েশিয়ার পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, আসিয়ানের সাফল্য শুধু কতগুলো চুক্তি বা সমঝোতা হয়েছে, তা দিয়ে পরিমাপ করা যাবে না। বরং কতটি অপরাধী চক্রের তৎপরতা বন্ধ করা গেছে, কতজন ভুক্তভোগীকে সুরক্ষা দেওয়া সম্ভব হয়েছে এবং কতজন অপরাধীকে বিচারের আওতায় আনা হয়েছে সাফল্যের প্রকৃত মাপকাঠি হবে সেগুলো।

মালয়েশিয়ার বক্তব্যে আরও বলা হয়, আঞ্চলিক সহযোগিতার সুফল কাগজে-কলমে অঙ্গীকারের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। এ সহযোগিতা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তব ভূমিকা রাখতে হবে।

বিবৃতিতে মালয়েশিয়া আসিয়ান সদস্যদেশ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে আরও নিরাপদ, সুরক্ষিত ও সংকট মোকাবিলায় সক্ষম অঞ্চল গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বিরোধীদের নজরদারিতে রাষ্ট্রীয় সংস্থা ব্যবহারের বার্তা বিপজ্জনক: হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ২:৪২ এম
বিরোধীদের নজরদারিতে রাষ্ট্রীয় সংস্থা ব্যবহারের বার্তা বিপজ্জনক: হাসনাত আব্দুল্লাহ

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবহারের ইঙ্গিত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর মতে, রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্য করে রাষ্ট্রীয় বাহিনী ও নজরদারি প্রযুক্তির অপব্যবহার ফ্যাসিবাদী প্রবণতার পরিচয় বহন করে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তোলেন, একজন প্রধানমন্ত্রী প্রকাশ্যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের ওপর নজরদারিতে ব্যবহারের কথা বলতে পারেন কি না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কোনো রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধ থাকবে, নাকি দেশের প্রতি দায়িত্ব পালন করবে—সে প্রশ্নও তোলেন তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এনসিপির এই নেতা বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর পেছনে গোয়েন্দা সংস্থা লাগিয়ে দেওয়ার সংস্কৃতি অতীতের স্বৈরাচারী শাসনামলের কথা মনে করিয়ে দেয়। তাঁর দাবি, রাষ্ট্রীয় বাহিনীকে মৌলিক দায়িত্ব থেকে সরিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করা এবং নজরদারি প্রযুক্তির অপব্যবহার নিন্দনীয়।

পোস্টে তিনি বিভিন্ন কর্মসূচিতে অনিয়মের অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন। এসব অভিযোগ তদন্তে সরকার কোনো উদ্যোগ নিয়েছে কি না, তা জানতে চান হাসনাত আবদুল্লাহ।

এর আগে মঙ্গলবার রাজশাহীর মাদ্রাসা মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী গোষ্ঠী সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে এবং দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টির চেষ্টায় জড়িত ব্যক্তিদের সহায়তা করছে।

প্রধানমন্ত্রী আরও দাবি করেন, দেশের কয়েকটি শিল্পকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টা চলছে। এ ধরনের তৎপরতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতেই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার ভূমিকা ও বিরোধী দলের ওপর নজরদারির প্রশ্ন তুলে সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ।

রিয়াদে হুতির হামলার শিকার ওমরাহযাত্রীরা ফিরছেন দেশে, নিহতের মরদেহ আসবে শুক্রবার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ২:৩৯ এম
রিয়াদে হুতির হামলার শিকার ওমরাহযাত্রীরা ফিরছেন দেশে, নিহতের মরদেহ আসবে শুক্রবার

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার বাংলাদেশি ওমরাহযাত্রীদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে তাঁদের একটি অংশের ঢাকায় পৌঁছানোর কথা ছিল। তবে তাঁদের দেশে ফেরার সর্বশেষ অবস্থা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীদের অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিশেষ আয়োজনের কথা জানিয়েছিল সরকার। ধর্মমন্ত্রীর তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় ইমাম পরিষদের নেতারা ও স্বজনদের উপস্থিত থাকার কথা ছিল।

গত ১০ অক্টোবর সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে দুই বাংলাদেশি নিহত হন। আহত বাংলাদেশির সংখ্যা পরবর্তী সময়ে বেড়ে ২৭ জনে দাঁড়ায়। আহতদের মধ্যে ১৬ জন ওমরাহযাত্রী এবং ১১ জন সৌদি আরবে কর্মরত বাংলাদেশি ছিলেন বলে দূতাবাসের প্রতিবেদনে জানানো হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

হামলার পর বিমান চলাচল ব্যাহত হওয়ায় রিয়াদে বিপাকে পড়েন কয়েক শ বাংলাদেশি যাত্রী। তাঁদের মধ্যে ইহরাম পরা ৬৭ জন ওমরাহযাত্রীকে বিশেষ বাসে রিয়াদ থেকে জেদ্দায় পাঠানোর ব্যবস্থা করা হয়। এ ছাড়া বাতিল হওয়া ফ্লাইটের প্রায় ৪০০ যাত্রীকে দাম্মাম বিমানবন্দর দিয়ে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল।

এ ঘটনায় নিহত দুই বাংলাদেশির একজন কুমিল্লার নাঙ্গলকোটের ওমরাহযাত্রী মো. নাসরুল্লাহ বদরপুরি। অপরজন বগুড়ার শাহজাহানপুরের মো. শাহেদ আহম্মেদ, যিনি সৌদি আরবে কর্মরত ছিলেন।

সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, শাহেদ আহম্মেদের মরদেহ আগামী ২৩ অক্টোবর শুক্রবার সকালে দেশে পৌঁছানোর কথা রয়েছে। তাঁর বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট বাবদ প্রায় ৯ লাখ টাকা পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগও নেওয়া হয়েছে।

হামলার পর আহত বাংলাদেশিদের চিকিৎসা ও দেশে ফেরার ব্যবস্থা করতে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো কাজ করছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক