স্পেন
বার্সেলোনায় এক সপ্তাহে তৃতীয় ছুরি হামলা, আহত ৩
বার্সেলোনার সান্ত আন্দ্রেউ এলাকায় পাঁচজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছেন। শনিবার দুপুরে কন্সেপসিও আরেনাল ও সক্রাতেস সড়কের মোড়ে এ ঘটনা ঘটে। আহত দুজনের অবস্থা আশঙ্কামুক্ত। তাদের চিকিৎসার জন্য ভাল দে হেব্রন হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় সময় দুপুর ৩টার কিছু আগে সংঘর্ষের ঘটনাটি ঘটে। হামলার পর জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনাটি তদন্তে নেমেছে কাতালোনিয়ার পুলিশ মোসোস দেসকাদ্রা।
এই ঘটনা নিয়ে চলতি সপ্তাহান্তে বার্সেলোনায় ছুরি হামলার তিনটি ঘটনা ঘটল।
এর আগে শনিবার সকালে আভেনিদা মেরিদিয়ানায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। তার আগের দিন শুক্রবার লা বোরদেতা এলাকায়ও একই ধরনের ঘটনা ঘটে।
এর আগে ২৮ সেপ্টেম্বর গ্রাসিয়ার একটি বিলাসবহুল হোটেলে ছুরিকাঘাতে একজন আহত হন। দিয়া দে লা দিয়াদার সপ্তাহান্তে বার্সেলোনায় ছুরি হামলায় পাঁচজন আহত হয়েছিলেন, যাদের মধ্যে দুজন ছিলেন অপ্রাপ্তবয়স্ক।
এছাড়া ৬ সেপ্টেম্বর গ্রান ভিয়ার একটি অ্যাপার্টমেন্টে এক ব্যক্তি তিনজনকে ছুরিকাঘাত করার পর ভবনের চতুর্থ তলা থেকে নিচে ঝাঁপ দেন। এতে তিনিও গুরুতর আহত হন।
বার্সেলোনায় সর্বশেষ প্রাণঘাতী ছুরিকাঘাতের ঘটনা ঘটে ২১ জুলাই। সিউতাত ভেয়া এলাকায় সোমোরোস্ত্রো সমুদ্রসৈকতে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হন। তিনি তার সঙ্গীর বিরুদ্ধে জারি করা আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করার পর ওই এলাকায় গিয়েছিলেন।













