পর্তুগালের গত সাত দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে প্রবাহ বাংলায়
১, নতুন ভাড়া আইনে বাড়িওয়ালাদের ক্ষমতা বাড়ছে
পর্তুগালের সংসদে নতুন বাড়ি ভাড়া আইন প্রাথমিকভাবে অনুমোদিত হয়েছে। নতুন ব্যবস্থায় বাড়িওয়ালাদের জন্য ভাড়াটিয়াকে বাড়ি থেকে বের করার প্রক্রিয়া আরও দ্রুত করার সুযোগ রাখা হয়েছে।
এই আইন নিয়ে সংসদে ব্যাপক রাজনৈতিক বিতর্ক চলছে। শেগা দল ভোটদানে বিরত থাকায় প্রস্তাবটি এগিয়ে যায়। এই আইন চুরান্ত অনুমোদনে পর্তুগালে বাড়ি ভাড়া নেওয়া মানুষদের জন্য ভবিষ্যতে ভাড়ার চুক্তি ও বাড়ি ছাড়ার নিয়ম আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
২. পর্তুগালে বাড়ি ভাড়া আবারও রেকর্ড পর্যায়ে
নতুন ভাড়ার চুক্তিতে পর্তুগালে প্রতি ১০০ বর্গমিটার বাড়ির মধ্যম ভাড়া প্রায় ১ হাজার ১৭ ইউরোতে পৌঁছেছে।
এক বছরের মধ্যে নতুন ভাড়া বেড়েছে প্রায় ১০ দশমিক ২ শতাংশ।
বিশেষ করে লিসবন, মাদেইরা ও সেতুবাল এলাকায় ভাড়ার চাপ বেশি। পর্তুগালে নতুন বাসা খুঁজতে গেলে আগের তুলনায় এখন অনেক বেশি ভাড়া দিতে হচ্ছে।
৩. আন্তর্জাতিক সংস্থা পর্তুগালের ঋণমান বাড়িয়েছে
আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান স্কোপ রেটিংস পর্তুগালের ঋণমান বাড়িয়ে এ প্লাস করেছে।
এর অর্থ হলো আন্তর্জাতিক অর্থবাজারে পর্তুগালের আর্থিক পরিস্থিতিকে আগের তুলনায় আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য হিসেবে দেখা হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীদের কাছে পর্তুগালের অর্থনীতির ওপর আস্থা বাড়ার এটি একটি ইতিবাচক সংকেত।
৪.পর্তুগালে ৯২ দিনের জ্বালানি মজুত রয়েছে
জ্বালানির আন্তর্জাতিক বাজারে অস্থিরতার মধ্যেও পর্তুগাল সরকার জানিয়েছে, দেশে প্রায় ৯২ দিনের প্রয়োজন মেটানোর মতো জ্বালানি মজুত রয়েছে।
সরকারের পূর্বাভাস অনুযায়ী ডিজেলের দাম প্রায় ৫ দশমিক ৫ সেন্ট এবং পেট্রোলের দাম প্রায় ১ সেন্ট কমতে পারে। আপাতত দেশে জ্বালানি সংকটের আশঙ্কা নেই বলে সরকার মানুষকে আশ্বস্ত করেছে।
৫. সরকারি কর্মচারীদের ধর্মঘটে বিভিন্ন সেবা ব্যাহত
পর্তুগালে সরকারি কর্মচারীদের ধর্মঘটের কারণে স্কুল, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা অফিস, সরকারি রেজিস্ট্রি ও অন্যান্য সরকারি সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শ্রমিক সংগঠনগুলো বেতন, কর্মপরিবেশ এবং সরকারি কর্মীদের অধিকার নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে।
এ মাসে আরও কয়েকটি ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচি হওয়ার কথা রয়েছে। সরকারি অফিসে কাজ থাকলে ধর্মঘটের দিন সেবা পাওয়া কঠিন হতে পারে।
৬. কম আয়ের পেনশনভোগীদের অতিরিক্ত টাকা দেবে সরকার
পর্তুগাল সরকার আবারও কম আয়ের পেনশনভোগীদের জন্য অতিরিক্ত অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
যাদের মাসিক পেনশন সর্বোচ্চ প্রায় ১ হাজার ৬১১ ইউরো, তারা এই অতিরিক্ত অর্থ পাওয়ার যোগ্য হবেন। ডিসেম্বর মাসে এই টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় সামলাতে কম আয়ের বয়স্ক মানুষদের বাড়তি আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
৭. পুলিশ সদস্যদের বেতন ও কর্মপরিবেশ নিয়ে প্রতিবাদ
পিএসপি ও জিএনআর-এর প্রায় ২০০ সদস্য পোর্তো শহরে প্রতিবাদ করেছেন।
তাদের মূল দাবি হচ্ছে বেতন বৃদ্ধি, ভালো কর্মপরিবেশ এবং পুলিশের জন্য সরকারের প্রস্তাবিত অতিরিক্ত সুবিধা বাস্তবায়ন।
সরকার ও পুলিশ সংগঠনগুলোর মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে। শুধু সাধারণ সরকারি কর্মচারী নয়, পুলিশ বাহিনীর মধ্যেও বেতন ও কর্মপরিবেশ নিয়ে অসন্তোষ রয়েছে।
৮. এইচ১এন১ ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাবের কারণে এস্ত্রেমোজের একটি নার্সিং হোমে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে
পর্তুগালের এশত্রেমোশ এলাকার একটি বৃদ্ধাশ্রমে ইনফ্লুয়েঞ্জা এ-এর সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে।
বয়স্ক মানুষদের মধ্যে এই ধরনের সংক্রমণের ঝুঁকি বেশি হওয়ায় স্বাস্থ্য কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে। বয়স্কদের আবাসিক প্রতিষ্ঠানগুলোতে শীতকালীন ফ্লু সংক্রমণ নিয়ে নতুন করে সতর্কতা তৈরি হয়েছে।
৯.পর্তুগাল জাতীয় দল থেকে ক্রিস্তিয়ানো রোনালদোর আকস্মিক বিদায়
পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প থেকে ক্রিস্তিয়ানো রোনালদো হঠাৎ করে বেরিয়ে গেছেন। কোচ জর্জ জেসুসের সঙ্গে মতবিরোধ এবং ডেনমার্কের বিপক্ষে ম্যাচে তাকে একাদশে না রাখার সিদ্ধান্তের পর ৩০ সেপ্টেম্বর কোপেনহেগেনের ক্যাম্প ছাড়েন ৪১ বছর বয়সী রোনালদো।
রোনালদো সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তিনি পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোএন্সার সঙ্গে কথা বলেই ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেছেন “সময় হলে আমি সব পর্তুগিজকে সত্যিটা জানাব।” তবে এখন পর্যন্ত তিনি বিস্তারিত কারণ প্রকাশ করেননি।













