ফেনীর পথে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে রাজধানীর গুলশানের বাসা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে প্রধানমন্ত্রীর নানা এস্কান্দার মজুমদারের বাড়ি। তার মা ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে নির্বাচন করতেন। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি ওই আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। এ কারণে স্থানীয় নেতাকর্মীদের মুখে এখনো শোনা যায়, ‘নেত্রী মোদের খালেদা, গর্ব মোদের আলাদা’।
সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার খেয়াঘাট মহুরী ব্রিজ এলাকায় ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এরপর দুপুর দেড়টায় ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে তার।
বিকেল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
ফেনীতে দিনব্যাপী নির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ার পর সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে তার।













