রুশ হামলায় ২৪ ঘণ্টায় ১ হাজার ২২৫ ইউক্রেনীয় সেনা নিহতের দাবি
গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে প্রায় ১ হাজার ২২৫ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চলমান রুশ সামরিক অভিযানের সর্বশেষ তথ্য প্রকাশ করে এ দাবি করা হয়।
মন্ত্রণালয়ের তথ্যমতে, রাশিয়ার নর্দার্ন ব্যাটলগ্রুপের দায়িত্বপূর্ণ এলাকায় ইউক্রেনীয় বাহিনী সর্বোচ্চ ১৯৫ সেনা, ওয়েস্ট ব্যাটলগ্রুপের এলাকায় প্রায় ২০০ এবং সাউথ ব্যাটলগ্রুপের এলাকায় প্রায় ১৬৫ সেনা হারিয়েছে।
রুশ বার্তা সংস্থা তাস সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেন্টার ব্যাটলগ্রুপের দায়িত্বপূর্ণ এলাকায় ইউক্রেনীয় বাহিনীর ৩৪৫ জনের বেশি, ইস্ট ব্যাটলগ্রুপের এলাকায় সর্বোচ্চ ২৮৫ এবং ডনিপ্র ব্যাটলগ্রুপের এলাকায় প্রায় ৩৫ সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতে ওডেসা অঞ্চলের ভেলিকায়া বালকায় ইউক্রেনীয় সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত সামরিক সরঞ্জামের একটি রসদকেন্দ্রে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এছাড়া ওই অঞ্চলের চেরনোমোরস্ক বন্দরে একটি পণ্যবাহী জাহাজ ও একটি ফেরিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।
এ ছাড়া ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ইউরোপ থেকে সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত রেল অবকাঠামোতেও রাতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মস্কো। একই সময়ে রাশিয়ার বিভিন্ন অঞ্চলের আকাশে দুই শতাধিক ইউক্রেনীয় ড্রোন ধ্বংস ও প্রতিহত করা হয়েছে বলে দাবি করা হয়।
গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সেনাদের ব্যবহৃত জ্বালানি ও পরিবহন অবকাঠামো, ড্রোন সংরক্ষণ ও সংযোজনকেন্দ্র এবং ইউক্রেনীয় সামরিক ইউনিট ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের ৩৯টি এলাকায় হামলা চালানোর দাবিও করেছে রাশিয়া।
বিবৃতিতে বলা হয়, রুশ বাহিনীর কৌশলগত বিমান, আক্রমণাত্মক চালকবিহীন বিমান, ক্ষেপণাস্ত্র বাহিনী ও গোলন্দাজ ইউনিট এসব স্থাপনায় হামলা চালিয়েছে।
খারকিভ অঞ্চলের কাজাচিয়া লোপান এলাকার কাছে পাল্টা হামলার চেষ্টা করা ইউক্রেনীয় সেনাদের দুটি হামলাকারী দলকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয়েছে বিবৃতিতে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নর্দার্ন ব্যাটলগ্রুপ খারকিভ অঞ্চলের ওলখোভাতকা এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। সেখানে ঘেরাওয়ের মধ্যে পূর্বদিকে আটকে থাকা ইউক্রেনীয় বাহিনীকে ধ্বংস করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে।
মালায়া ভলচিয়ায় ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই অব্যাহত রয়েছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে। একই সঙ্গে বুজোভো ও খ্রিপুনি এলাকার কাছে ইউক্রেনীয় সেনাদের ওপর ব্যাপক গোলাবর্ষণ করা হয়েছে বলে দাবি করা হয়।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী ছয়টি নিয়ন্ত্রিত বোমা এবং ৫৮৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে বলে জানানো হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে রুশ বাহিনী ৬৭৪টি ইউক্রেনীয় যুদ্ধবিমান, ২৮৪টি হেলিকপ্টার, ২ লাখ ৩৬ হাজার ৫৮৯টি চালকবিহীন আকাশযান, ৬৭২টি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ৩০ হাজার ৯৩০টি ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া সামরিক যান, ১ হাজার ৭৭৭টি মাল্টিপল রকেট লঞ্চার, ৩৬ হাজার ৪৬৩টি গোলন্দাজ কামান ও মর্টার এবং ৭১ হাজার ৯৬০টি বিশেষ সামরিক যান ধ্বংস করেছে।













