মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্র ৭৫টি দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ প্রত্যাহার করেছে

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩২ পিএম
যুক্তরাষ্ট্র ৭৫টি দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ প্রত্যাহার করেছে

যুক্তরাষ্ট্রে যাওয়ার ইচ্ছুক বাংলাদেশিদের জন্য একটি বড় সুখবর এসেছে। বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। মার্কিন ফেডারেল আদালতের একটি সাম্প্রতিক রায়ের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছিল। মূলত আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন—এমন আশঙ্কায় অতিরিক্ত যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। উল্লেখ্য, এই ভিসাগুলো যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং পরবর্তীতে গ্রিন কার্ড পাওয়ার পথ সুগম করে।

নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক জেনেট ভার্গাস এই নীতির বিরুদ্ধে ঐতিহাসিক রায় প্রদান করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক (CLINIC) এই মামলাটি দায়ের করেছিল। আদালত রায়ে স্পষ্ট জানান, কেবল নির্দিষ্ট দেশের নাগরিক হওয়ার কারণে অভিবাসী ভিসা আটকে দেওয়া অভিবাসন ও জাতীয়তা আইনের অধীনে পররাষ্ট্রমন্ত্রীর অর্পিত ক্ষমতার পরিপন্থী।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

আদালতের এই রায়ের পর গত ২১ আগস্ট থেকে অভিবাসী ভিসা দেওয়ার ওপর আরোপিত স্থগিতাদেশ আর কার্যকর নেই। গত ২৮ আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের হালনাগাদ করা ওয়েবসাইটেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফলে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া পুনরায় চালু হলো। তবে আবেদনকারীদের অবশ্যই স্বাভাবিক ভিসা সংক্রান্ত সব নিয়ম ও শর্ত পূরণ করতে হবে। উল্লেখ্য, স্থগিতাদেশ বলবৎ থাকা অবস্থায় পূর্বে ইস্যু করা ভিসাগুলো বাতিল করা হয়নি এবং নতুন আবেদন জমা ও সাক্ষাৎকারের প্রক্রিয়াও চালু ছিল; মূলত ভিসা আবেদনের চূড়ান্ত পর্যায়ে ভিসা স্টিকার বা অনুমোদন দেওয়ার ওপরই কেবল এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল।

এই নীতির আওতায় থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, বার্মা (মিয়ানমার), কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোত দিভোয়ার (আইভরি কোস্ট), কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ প্রজাতন্ত্র, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন

তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:০৫ এম
তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নতুন বয়লার স্থানান্তরের সময় ক্রেন ভেঙে পড়ার পর এর সঙ্গে থাকা সরঞ্জাম চুল্লিতে পড়ে বিস্ফোরণ ঘটে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই ওই কারখানার শ্রমিক।

স্থানীয় গভর্নর সুলেইমান এলবান জানান, ক্রেনের সাহায্যে নতুন বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়লে এর সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লিতে পড়ে যায়। এতে বিস্ফোরণের পাশাপাশি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রথমে অনেকে ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন। ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে আগুন এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

গভর্নর জানান, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, বৈদ্যুতিক আর্ক ফার্নেসের নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।

স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচের তথ্য অনুযায়ী, কর্মক্ষেত্রে দুর্ঘটনা তুরস্কের দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। ইজমিরের আলিয়াগা অঞ্চলটি দেশটির গুরুত্বপূর্ণ বন্দর ও জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র।

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান

কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১৪ এম
কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

আলোচনা ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে ইরান প্রস্তুত থাকলেও কোনো ধরনের হুমকি, চাপ কিংবা শক্তি প্রয়োগের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যেকোনো আলোচনা হতে হবে ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।

রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানি (পেগাহ)-এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পেজেশকিয়ান।

ইরানের শত্রু হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করে তিনি বলেন, দেশ দুটি ইরানের ওপর আঘাত হানার চেষ্টা করছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি এমন এক পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন, যেখানে যুদ্ধও নেই, আবার শান্তিও নেই।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পেজেশকিয়ান বলেন, আত্মমর্যাদা বজায় রেখে যেকোনো বিষয়ে আলোচনা ও সমাধানে পৌঁছানো সম্ভব। ইরান আলোচনায় বিশ্বাসী এবং সংলাপের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করা গেলে যুদ্ধের পথে যাওয়ার প্রয়োজন নেই। তবে কোনো ধরনের শক্তি প্রদর্শন কিংবা হুমকির কাছে আত্মসমর্পণ করবে না তেহরান।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে ইরানের প্রেসিডেন্ট বলেন, ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায় তাঁর দেশ।

তিনি আরও বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণেও ইরানের এই অবস্থান স্পষ্ট করা হয়েছিল। তেহরান সংলাপে বিশ্বাস করে এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো ধরনের বলপ্রয়োগ মেনে নেবে না।

এদিকে, চলমান সংকট নিরসনে ইরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে বলা হয়েছে, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই এই প্রস্তাবকে সংকট সমাধানের সবচেয়ে যুক্তিসংগত পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, তেহরানের শর্তে ওয়াশিংটন সম্মত হলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১২ এম
ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীতে এক দিনের ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফার্মগেটের পর এবার মিরপুরের ১১ নম্বর সেকশনে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির বিভিন্ন অংশ পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, পোস্ট অফিসের সামনে সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে বাসের আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে গেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, দুই দিন আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। সেখানে বাসের নিরাপত্তা জোরদার এবং সড়কে বাস পার্কিং না করার বিষয়ে সতর্ক করা হয়েছিল। এ ধরনের ঘটনা এড়াতে বাস মালিকদেরও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায়ও কেউ হতাহত হননি।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক