নতুন সড়ক আইন
স্পেনে ১৫ বছরের নিচে ইলেকট্রিক স্কুটার চালানো নিষিদ্ধ, রিফ্লেকটিভ জ্যাকেট বাধ্যতামূলক, পেশাদার ডেলিভারি কর্মীদের জন্য নতুন নিয়ম
স্পেনে সড়ক নিরাপত্তা জোরদার করতে নতুন ট্রাফিক বিধিমালা অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। নতুন নিয়ম অনুযায়ী, ১৫ বছরের কম বয়সীরা আর ইলেকট্রিক স্কুটার বা ব্যক্তিগত চলাচলের যান (ভেহিকল অব পার্সোনাল মোবিলিটি-ভিএমপি) চালাতে পারবে না। পাশাপাশি ই-স্কুটার চালানোর সময় হেলমেট পরা এবং রাত বা কম দৃশ্যমানতায় প্রতিফলক (রিফ্লেকটিভ) জ্যাকেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
মঙ্গলবার স্পেনের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নিয়মের বেশিরভাগই আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। তবে কিছু বিধান, যেমন মোপেড স্কুটার চালকদের জন্য অনুমোদিত (হোমোলগেটেড) হেলমেট বাধ্যতামূলক করার নিয়ম, এক বছর পরে কার্যকর হবে।
ইলেকট্রিক-স্কুটারের জন্য নতুন নিয়ম:
নতুন বিধিমালায় ইলেকট্রিক-স্কুটার ব্যবহারকারীদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
- ই-স্কুটার চালানোর সর্বনিম্ন বয়স ১৫ বছর।
- রাত বা কম দৃশ্যমানতায় হেলমেট ও প্রতিফলক জ্যাকেট পরা বাধ্যতামূলক।
- পেশাদার ডেলিভারি কর্মীদের সব সময় হেলমেট ও প্রতিফলক জ্যাকেট পরতে হবে।
- সব সময় স্কুটারের লাইট জ্বালিয়ে রাখতে হবে।
- আন্তঃনগর সড়কে কেবল নির্ধারিত সাইকেল লেন বা আলাদা লেন থাকলেই চলাচল করা যাবে।
সাইকেল আরোহীদের জন্য নতুন বিধান:
সাইকেল চালকদের জন্যও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
- আন্তঃনগর সড়কে সব সাইকেল আরোহীর জন্য হেলমেট বাধ্যতামূলক।
- পেশাদার ডেলিভারি কর্মীদের সব সময় হেলমেট ও প্রতিফলক জ্যাকেট ব্যবহার করতে হবে।
- আন্তঃনগর সড়কে কোনো সাইকেলকে ওভারটেক করার সময় নির্ধারিত গতিসীমার চেয়ে অন্তত ২০ কিলোমিটার কম গতিতে যেতে হবে।
- শহরের রাস্তায় সাইকেল আরোহীরা লেনের মাঝামাঝি চলবে এবং মোটরযানকে অন্তত ৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে।
- ৩০ কিলোমিটার গতিসীমার একমুখী শহুরে সড়কে সাইকেল উভয় দিকেই চলাচল করতে পারবে।
মোটরসাইকেল চালকদের জন্য নিয়ম:
মোটরসাইকেল চালকদের জন্যও নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু হয়েছে।
- আন্তঃনগর সড়কে চালক ও আরোহী উভয়ের জন্য সুরক্ষামূলক গ্লাভস পরা বাধ্যতামূলক।
- সব ধরনের সড়কে বন্ধ জুতা (ক্লোজড শু) পরতে হবে।
- যানজটের সময় মোটরসাইকেল রাস্তার পাশে (শোল্ডার) সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে চলতে পারবে।
- মোপেড স্কুটার চালকদের অবশ্যই সরকার অনুমোদিত হেলমেট ব্যবহার করতে হবে।
- মোটরসাইকেলে পণ্য সরবরাহকারী কর্মীদের প্রতিফলক জ্যাকেট পরা বাধ্যতামূলক।
আরও যেসব নিয়ম কার্যকর হচ্ছে:
নতুন বিধিমালায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
- ট্যাক্সিচালক, পণ্যবাহী যান ও ড্রাইভিং স্কুলের প্রশিক্ষকদের জন্য সিটবেল্ট ব্যবহারের যেসব ছাড় ছিল, তা বাতিল করা হয়েছে। এখন সবার জন্য সিটবেল্ট বাধ্যতামূলক।
- ভারী তুষারপাতের সময় মহাসড়কে ওভারটেক করা যাবে না এবং শুধু ডান পাশের লেন ব্যবহার করতে হবে। বাম লেন জরুরি সেবা ও তুষার অপসারণকারী যানবাহনের জন্য খালি রাখতে হবে।
- যানজটের সময় জরুরি সেবা ও পুলিশের যান চলাচলের জন্য মাঝখানে একটি ফাঁকা করিডোর রাখতে হবে।
- শিশুদের নিরাপদে দলবদ্ধভাবে স্কুলে যাতায়াতের জন্য নির্ধারিত ‘স্কুল রুট’কে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে।
নিয়ম ভাঙলে জরিমানা:
নতুন বিধিমালার বিভিন্ন নিয়ম লঙ্ঘন করলে ২০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হবে। এর মধ্যে মোটরসাইকেল চালানোর সময় গ্লাভস না পরা কিংবা ডেলিভারি কর্মীদের প্রতিফলক জ্যাকেট ব্যবহার না করাও অন্তর্ভুক্ত।
স্পেন সরকারের মুখপাত্র ও মন্ত্রী এলমা সাইজ বলেন, নতুন এই পদক্ষেপগুলো সড়ক নিরাপত্তা বাড়াতে ‘অগ্রণী উদ্যোগ’। তার ভাষায়, এসব ব্যবস্থা স্পেনকে সড়ক নিরাপত্তার ক্ষেত্রে বিশ্বের অন্যতম উদাহরণে পরিণত করবে। নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে জনসচেতনতা বাড়াতে দেশজুড়ে তথ্য প্রচার অভিযানও চালানো হবে।













