শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাইবার নিরাপত্তায় মালয়েশিয়ার নতুন মাইলফলক প্রযুক্তি দক্ষতায় তরুণদের প্রতি আহ্বান

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১:৪৩ এম
সাইবার নিরাপত্তায় মালয়েশিয়ার নতুন মাইলফলক  প্রযুক্তি দক্ষতায় তরুণদের প্রতি আহ্বান

মালয়েশিয়ার সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সার্বভৌমত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে দেশটিতে সাইবার সিকিউরিটি ক্রিপ্টোলজি ডেভেলপমেন্ট সেন্টার (সিএসসিডিসি) প্রতিষ্ঠা করা হয়েছে। একই সঙ্গে দেশটির প্রধান সচিব তান শ্রী শামসুল আজরি আবু বাকার-কে কেন্দ্রটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সম্প্রতি পুস্তাকা তুন পেরদানা ফাউন্ডেশন রিসার্চ সেন্টার অন ক্রিপ্টোলজি অ্যান্ড মালয়েশিয়ান পলিসি (পিটিপিকেএম) পরিদর্শনের সময় এই গুরুত্বপূর্ণ উদ্যোগের আনুষ্ঠানিক কার্যক্রম প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সংশ্লিষ্ট মহলের মতে, কেন্দ্রটির প্রতিষ্ঠা মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা, তথ্য সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর চ্যালেঞ্জ মোকাবিলায় একটি যুগান্তকারী পদক্ষেপ।

পরিদর্শনকালে দেশের সাইবার নিরাপত্তা অবকাঠামো শক্তিশালী করার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়। বিশেষ করে, আগামী প্রজন্মের এনক্রিপশন প্রযুক্তি হিসেবে পরিচিত পোস্ট-কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি (পিকিউসি) নিয়ে তরুণ গবেষক ও প্রযুক্তিবিদদের নেতৃত্বে পরিচালিত পিকিউসি স্যান্ডবক্স কর্মসূচির অগ্রগতি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বিশেষজ্ঞরা মনে করছেন, কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে প্রচলিত অনেক এনক্রিপশন পদ্ধতি ভবিষ্যতে ঝুঁকির মুখে পড়তে পারে। এ বাস্তবতায় পোস্ট-কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি গবেষণা ও উন্নয়ন সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মালয়েশিয়ার তরুণ প্রতিভাবান গবেষকরা এই খাতে কাজ করে দেশকে ভবিষ্যতের প্রযুক্তিগত হুমকি মোকাবিলার জন্য প্রস্তুত করছেন।

পরিদর্শনের সময় বক্তারা বলেন, দেশের সাইবার নিরাপত্তা শুধু প্রযুক্তিগত বিষয় নয়; এটি জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ডিজিটাল সার্বভৌমত্বের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই ক্রিপ্টোলজি ও সাইবার নিরাপত্তা বিষয়ে স্থানীয় দক্ষ জনশক্তি তৈরি করা সময়ের দাবি।

তারা আরও বলেন, সিএসসিডিসি প্রতিষ্ঠার মাধ্যমে গবেষণা, উদ্ভাবন এবং মানবসম্পদ উন্নয়নের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি হবে। এতে সরকারি সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র এবং প্রযুক্তি খাতের মধ্যে সহযোগিতা বাড়বে, যা দেশের সাইবার প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় দেশের তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ক্রিপ্টোগ্রাফি এবং অন্যান্য কৌশলগত প্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। প্রযুক্তি-নির্ভর বিশ্বে নিজেদের সক্ষম করে তুলতে পারলে তারা শুধু ব্যক্তিগতভাবে নয়, জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

বক্তারা বলেন, আজকের তরুণদের উচিত কৌশলগত প্রযুক্তি আয়ত্ত করা এবং গবেষণা ও উদ্ভাবনে সক্রিয়ভাবে অংশ নেওয়া। এর মাধ্যমে দেশের নিরাপত্তা, তথ্য সুরক্ষা এবং ডিজিটাল সার্বভৌমত্ব ভবিষ্যতেও সুরক্ষিত থাকবে।

সংশ্লিষ্টদের মতে, সিএসসিডিসি প্রতিষ্ঠা এবং পোস্ট-কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি উদ্যোগ মালয়েশিয়াকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সাইবার নিরাপত্তা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। একই সঙ্গে এটি দেশের প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে উন্নত প্রযুক্তি গবেষণায় আরও উৎসাহিত করবে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক