স্পেনের বালিয়ারিক রুটে নৌকাডুবির সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি : ৩৭ মরদেহ উদ্ধার, নিখোঁজ অনেক
নতুন জীবনের আশায় ইউরোপে আসতে গিয়ে নৌকাডুবিতে সমুদ্রে বিলীন হয়ে যায় অনেক স্বপ্ন। ছবি- ইন্টারনেট থেকে।
আলজেরিয়া থেকে স্পেনের বালিয়ারিক দ্বীপপুঞ্জে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার পথে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নৌকাডুবির ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে প্রাণ হারিয়েছেন ও নিখোঁজ হয়েছেন ২০ জনেরও বেশি অভিবাসী। চলতি বছরের শুরু থেকে এই রুটে অভিবাসী আগমনের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় বালিয়ারিক দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন ৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১ জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত ২৩০টি নৌকায় ৪ হাজার ৩২৩ জন অভিবাসী পৌঁছেছেন, যেখানে গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ২ হাজার ৪৪৩ জন। একই সময়ে, ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসী আগমন ৪৬.৭ শতাংশ কমেছে।
মর্মান্তিক নৌকাডুবি ও নিখোঁজদের খোঁজ
১৩ আগস্ট আলজেরিয়ার উপকূল থেকে ২৬ জনকে নিয়ে যাত্রা শুরু করা একটি নৌকা ২২ আগস্ট কাব্রেরা দ্বীপ থেকে ৫৮ কিলোমিটার দূরে উদ্ধার করা হয়। নৌকাটিতে মাত্র ১৪ জন জীবিত ছিলেন, বাকিদের খোঁজে অনুসন্ধান চলছে। নিখোঁজদের মধ্যে অন্তত দুজন নাবালক রয়েছে। এদিকে গুরুতর অসুস্থ এক অভিবাসীকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এনজিও ‘ক্যামিনান্দো ফ্রন্তেরাস’ জানিয়েছে, আরেকটি নৌকা ২০ জন যাত্রী নিয়ে আলজেরিয়া থেকে ছাড়ার পর উদ্ধার অভিযানে ১৯ জনকে জীবিত পাওয়া গেছে এবং একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো সোমালিয়ার দুজন এবং দক্ষিণ সুদানের একজন নিখোঁজ রয়েছেন। এছাড়া ১৮ আগস্ট যাত্রা করা আরেকটি নৌকার ২৬ জনের (যার মধ্যে ছয়জন নারী) সঙ্গেও কোনো যোগাযোগ করা যাচ্ছে না।
সব মিলিয়ে সাম্প্রতিক দিনগুলোতে আলজেরিয়া-বালিয়ারিক রুটে অভিবাসী নিখোঁজ ও মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। পশ্চিম ভূমধ্যসাগরের এই রুটে এ বছর ইতোমধ্যে ৩২৮ জনের মৃত্যু হয়েছে।
অভিবাসন রুটের পরিবর্তন ও ঝুঁকি
বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপের অন্যান্য রুটে কড়া নজরদারির কারণে আলজেরিয়া থেকে বালিয়ারিক রুটের ব্যবহার বাড়ছে। ২০২২ সাল থেকে এটি ধীরে ধীরে পূর্ব দিকে সরে এসেছে। যদিও এই পথটি তুলনামূলকভাবে ছোট, তবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে সীমিত সক্ষমতা থাকার কারণে পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠছে।
১১ আগস্ট থেকে মাত্র কয়েক দিনে প্রায় ৩০টি নৌকায় ৬০০-এর বেশি অভিবাসী বালিয়ারিকে পৌঁছেছে। সরকারি তথ্য অনুযায়ী, আটক নৌকাগুলো মূলত মায়োরকা, ইবিজা এবং ফরমেন্তেরার কাছে ধরা পড়েছে। যাত্রীদের বেশিরভাগই আলজেরীয় নাগরিক হলেও সাব-সাহারান আফ্রিকা ও পূর্ব আফ্রিকা থেকে আসা মানুষের সংখ্যাও বাড়ছে।
কঠোর নজরদারির দাবি
দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট মারগা প্রোয়েন্স ২১ আগস্ট এক সংবাদ সম্মেলনে পরিস্থিতি মোকাবিলায় ইউরোপীয় বর্ডার অ্যান্ড কোস্ট গার্ড এজেন্সি (ফ্রন্টেক্স) মোতায়েনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, তিনি স্পেনের কেন্দ্রীয় সরকারকে আলজেরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ বছর ৭ জুলাই পর্যন্ত দ্বীপের উপকূলে অন্তত ৩৭টি মরদেহ উদ্ধার হয়েছে— যার মধ্যে মায়োরকায় ১৪টি, ইবিজায় ৭টি এবং ফরমেন্তেরায় ১৪টি।













