গণমানুষের তথ্য সহযোগিতায় বাড়বে অভিবাসন আইনের প্রয়োগের কার্যকারিতা: মহাপরিচালক
সাধারণ জনগণের কাছ থেকে প্রাথমিক তথ্য সরবরাহ অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহভাজন বিদেশি নাগরিকদের শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।
তিনি বলেন, এ ধরনের আগাম তথ্য অভিবাসন বিভাগের (ইমিগ্রেশন) আইন প্রয়োগ কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়তা করে। সম্প্রতি কেদাহর কুলিম হাই-টেক পার্ক এলাকায় বিদেশিদের ব্যাপক উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর বিষয়েও বিভাগটি অবগত রয়েছে।
জাকারিয়া শাবান জানান, সঠিক ও ধারাবাহিক প্রাথমিক তথ্য পাওয়া গেলে অভিবাসন বিভাগ আরও বিস্তৃত গোয়েন্দা তৎপরতা চালাতে পারে এবং সুসংগঠিত ও কার্যকর অভিযান পরিচালনার পরিকল্পনা নিতে সক্ষম হয়।
তিনি বলেন, “এই পদ্ধতি শুধু অভিযানকে পরিকল্পিতভাবে পরিচালনায় সহায়তা করে না, বরং অভিযানের ফলাফলকে আরও নির্ভুল, লক্ষ্যভিত্তিক ও সৎভাবে বাস্তবায়নে সহায়ক হয়।”
তিনি আরও আশ্বস্ত করেন, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং প্রাপ্ত প্রতিটি তথ্য যাচাই-বাছাই করে তবেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
অভিবাসন বিভাগের মহাপরিচালক বলেন, দেশের নিরাপত্তা, জনশৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়নে বিভাগটি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি সাধারণ জনগণকে এ ক্ষেত্রে কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, তাদের সহযোগিতা অভিবাসন আইন প্রয়োগকে আরও শক্তিশালী করবে।
“তথ্য সরাসরি বিভাগে পৌঁছালে যাচাই প্রক্রিয়া দ্রুত হয়, তথ্য ফাঁসের ঝুঁকি কমে এবং দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
সাধারণ জনগণকে অভিবাসন বিভাগের নির্ধারিত মাধ্যমে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অবৈধ অভিবাসীদের বিষয়ে অভিযোগ জানাতে হটলাইন নম্বর ০৩-৮৮৮০ ১৩৭৪, ই-মেইল: [email protected] অথবা অনলাইন পোর্টাল SISPAA (https://imi.spab.gov.my) ব্যবহার করা যেতে পারে।










