বিশ্ব সংঘাতের প্রেক্ষাপটে মালয়েশিয়ার পর্যটন খাতে সংযত থাকার আহ্বান পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রীর
বৈশ্বিক সংঘাতের বর্তমান পরিস্থিতিতে পর্যটন খাতের সংশ্লিষ্ট সব ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সংযত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রী দাতুক সেরি তিয়ং কিং সিং।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে অযৌক্তিকভাবে মূল্য বৃদ্ধি করা থেকে বিরত থাকতে হবে। এমন কোনো অতিরিক্ত ব্যয় ভোক্তাদের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়, যা বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
খাতটির ওপর ক্রমবর্ধমান চাপ মোকাবিলায় মন্ত্রী তার টিমকে সংশ্লিষ্ট শিল্পখাতের অংশীজনদের সঙ্গে তাৎক্ষণিক ও বিস্তৃত আলোচনা সভার নির্দেশ দিয়েছেন। এসব আলোচনায় পর্যটন পরিবহনসহ সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো অংশ নেবে এবং তাদের কাছ থেকে সরাসরি মতামত নেওয়া হবে।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো প্রকৃত পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যার মধ্যে থাকবে ব্যয় বৃদ্ধি, পরিচালনাগত প্রভাব এবং সম্ভাব্য ক্ষতির বিষয়গুলো। এর মাধ্যমে শিল্পখাতের বাস্তব প্রয়োজন অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।
এছাড়া, মন্ত্রীর টিম অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে, যাতে উপযুক্ত সমাধান নির্ধারণ করা যায় এবং বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় শিল্পখাতকে সহায়তা করা যায়।
মন্ত্রী জানান, অর্থ মন্ত্রণালয়ও এই সমন্বয় প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে। জমা দেওয়া তথ্যের ভিত্তিতে সামগ্রিক প্রভাব মূল্যায়ন করে লক্ষ্যভিত্তিক পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকার জনগণের কল্যাণ এবং শিল্পখাতের স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সব ধরনের পদক্ষেপ যথাযথ মূল্যায়নের পর ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, যাতে কার্যক্রম অব্যাহত থাকে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়।










