মগবাজারে ‘নবীন ফ্যাশন’ বন্ধ: ওসিকে শোকজ, ২৪ ঘণ্টার মধ্যে শোরুম খুলতে নির্দেশ
রাজধানীর মগবাজারে ‘নবীন ফ্যাশন’-এর শোরুম জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। এ ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে শোকজ করা হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে দোকানটি পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ মার্চ) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা যায়—মগবাজারের একটি মার্কেটে ‘নবীন’ ব্র্যান্ডের পাঞ্জাবির দোকানে কিছু ব্যক্তি পুলিশের উপস্থিতিতে এসে দোকানটি বন্ধ করে দেয়। এ সময় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে বলে উল্লেখ করা হয়।
এ ঘটনায় কেন পুলিশের এমন আচরণ আইনবহির্ভূত ও পেশাদারিত্ববিরোধী হিসেবে বিবেচিত হবে না—তা জানতে চেয়ে হাতিরঝিল থানার ওসিকে তিন দিনের মধ্যে আদালতে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
একইসঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, সংশ্লিষ্ট ওসি ঘটনাস্থলে উপস্থিত থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোকানটি খুলে দেবেন। এছাড়া, এ ঘটনায় জড়িতদের পূর্ণাঙ্গ তথ্য আদালতে জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ঈদুল ফিতরের আগের দিন মগবাজারে ‘নবীন ফ্যাশন’-এর একটি দোকান কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা সেটি বন্ধ করে দেয়—এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরে সংবাদ সম্মেলনে দোকানটির মালিক এনামুল হাসান নবীন অভিযোগ করেন, ব্যবসায়িক প্রতিযোগিতার কারণে তাকে হয়রানির শিকার হতে হয়েছে। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে তিনি দেশ ত্যাগ করেছেন বলেও জানান।












