ঢাকার একেক স্থানে মরদেহের একেক টুকরা, লোমহর্ষক তথ্য পেল পুলিশ
রাজধানী ঢাকার একাধিক স্থানে খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও পুলিশ রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় জড়িত ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১ মার্চ) সকালে ঘাতক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত জানানো হবে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা ওবায়দুল্লাহকে নির্মমভাবে হত্যার পর তার দেহ সাত টুকরো করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে দেয় ঘাতক। পুলিশ এখন পর্যন্ত মরদেহের ছয়টি অংশ উদ্ধার করেছে। সর্বশেষ একটি অংশ সাভারের আমিনবাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরের দিকে আমিনবাজার থেকে মরদেহের আরও একটি অংশ উদ্ধার করা হয়।
তিনি বলেন, হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে রাখা হয়। বাকি একটি অংশ উদ্ধারের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।











