রহমান মৃধা’র দুটি কবিতা
১. ঘোষিত স্বাধীনতা
রাষ্ট্র বলল, তোমাদের আছে পূর্ণ বাকস্বাধীনতা
শুধু শব্দগুলো জমা দাও যাচাইয়ের টেবিলে
সত্য যদি বেশি ধারালো হয়, একটু ভোঁতা করে লিখো নইলে নীরবতাই হবে তোমার নিরাপদ আশ্রয়।
সাংবাদিক কলম তোলে, সম্পাদক চেয়ে থাকে ঘড়ির দিকে
একটি ফোন আসে, শিরোনাম বদলে যায় সঙ্গে
খবর থাকে, কিন্তু সত্য থাকে না
কালির নিচে চাপা পড়ে যায় প্রশ্নের গোপন ফাঁকে।
হাউজ রুল মানো, সীমার ভেতর হাঁটো
সীমা কোথায়, তা কেউ স্পষ্ট করে না
এক পা বাইরে পড়লেই
আইনের দরজা ভারী হয়ে ওঠে হঠাৎ।
বিপ্লবের গল্প এখনো দেয়ালে টাঙানো
রঙ শুকায়নি, স্লোগানও মুছে যায়নি পুরো
তবু মানুষের চোখে কেন
এক অদ্ভুত সাবধানতা, নিঃশব্দ ভয়-দূরবলো
যদি ভয়-ই থাকে প্রতিটি উচ্চারণে
মুক্তির সংজ্ঞা কোথায় বদলে গেল
যে স্বপ্ন রাস্তায় জন্ম নিয়েছিল
সে কি দপ্তরের ফাইলে বন্দী হলো, কি হলো
ইতিহাস চুপচাপ দেখে
মানুষ কি সত্যিই মুক্ত
নাকি শুধু শিখেছে
আরও নিখুঁতভাবে চুপ থাকতে, নিঃশব্দে হাবুডুবু খেলতে
রক্ত দিলাম, স্বাধীন হলাম, সবই শুধু মুখের কথা
স্বপ্নগুলো ঝুলে থাকে উৎসবের ব্যানার পাতায়
দেশটা নাকি সবার, কিন্তু ভোগে কয়েক ঘর
অন্যেরা শুধু গুনে যায় প্রতিশ্রুতিরই প্রহর
মরার সময়ে মরব আমরা, এটাই যেন বিধান
সুবিধার সব দরজাগুলো চেনে কেবল কিছু নাম
টাকা উড়ে সীমানা পেরোয় নিঃশব্দ রাতের ভেতর
হিসেবগুলো লুকিয়ে থাকে অদৃশ্য কোনো খাতার ঘরে
দুটো পাসপোর্ট হাতে তাদের পথ হয় মসৃণ
একটিতে দেশপ্রেম জাগে, অন্যটিতে নিরাপদ দিন
এখানে এসে নেয় যা পারে, ক্ষমতার সব লুট
ফিরবার ক্ষণ এলে নতুন পাসপোর্টে দেয় ছুট
তবু প্রশ্ন জেগে থাকে, এই কি প্রাপ্তি
যে মাটিতে রক্ত ঝরল, সে মাটিরই কি ভ্রান্তি
নাকি একদিন সত্যিই উঠবে নতুন প্রজন্ম
যারা স্বাধীনতাকে দেবে শুধু শব্দ নয়, বাস্তবের সম্মান
২. আমি সেই বাংলাদেশ চাই
আমি সেই বাংলাদেশ চাই
যেখানে ভোর মানেই নতুন সূর্য,
অন্যায়ের অন্ধকার ভেঙে
মানুষের মুখে ফিরবে আলোর ভাষা।
আমি সেই বাংলাদেশ চাই
যেখানে জাগ্রত জনতা শুধু স্লোগান নয়,
বিবেকের আগুনে গড়া প্রতিজ্ঞা,
সত্যই দেখাবে পথের দিশা।
আমি সেই বাংলাদেশ চাই
যেখানে ক্ষুধার কান্না থামবে,
কৃষকের ঘামে জন্ম নেবে সম্মান,
শ্রমিকের হাতে উঠবে আগামীর পতাকা।
আমি সেই বাংলাদেশ চাই
যেখানে তরুণদের চোখে থাকবে না ভয়,
স্বপ্ন ডানা মেলে উড়বে দূর আকাশে,
প্রশ্ন করাই হবে সাহসের আরেক নাম।
আমি সেই বাংলাদেশ চাই
যেখানে ক্ষমতা মাথা নত করবে মানুষের কাছে,
আইন হবে ন্যায়বিচারের প্রতিচ্ছবি,
রাষ্ট্র মানে হবে সবার আপন ঘর।
আমি সেই বাংলাদেশ চাই
নদীর মতো উদার,
মাটির মতো ধৈর্যশীল,
মানুষের মতো গভীর মানবিক।
আমি সেই বাংলাদেশ চাই
যেখানে থাকবে সততা ও মানবতা,
বাস্তবের কোনো মানচিত্রে থাকবে না দুর্নীতি,
শুধু গল্পের বইয়ে, জুজুবুড়ির কাহিনির মতো।
রাত শেষে দাদী বলবে, এক সময় ছিল দুর্নীতি নামে এক ছায়া,
শিশুরা বিস্ময়ে জিজ্ঞেস করবে,
দুর্নীতি দেখতে কেমন ছিল?
আকাশ হেসে বলবে,
ওটা ছিল অন্ধকার,
মানুষ মিলেই যাকে বিদায় করেছে।
আমি সেই বাংলাদেশ চাই
যেখানে যারাই জন্ম নিক, যে ঘরেই আলো জ্বলে উঠুক,
কেউ তাকে তাড়িয়ে দেবে না,
কেউ বলবে না, তুমি এখানে নও।
ধর্ম, ভাষা, পরিচয়ের সব দেয়াল ভেঙে
মানুষ চিনবে মানুষকে,
প্রতিটি পথ হবে নিজের ঠিকানা।
সেই দেশে ভয়ের বদলে থাকবে আলিঙ্গন,
প্রতিটি নবজাতকের কান্না
হবে নিরাপদ ভবিষ্যতের প্রথম সুর,
বিশ্বাস হবে নরনারীর ভালোবাসা, অহংকার ও সম্মান।
রহমান মৃধা, গবেষক ও লেখক, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন [email protected]













