শিক্ষা মন্ত্রণালয়
প্রথম ধাপে ১,৭১৯ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু
দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার লক্ষ্যে প্রথম ধাপে ১ হাজার ৭১৯টি স্কুল ও কলেজ অন্তর্ভুক্ত করার প্রাথমিক কার্যক্রম শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় সম্মতি চেয়ে ইতোমধ্যে অর্থ বিভাগে পত্র পাঠানো হয়েছে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫’ অনুযায়ী আবেদন আহ্বান করা হলে মোট ৩ হাজার ৬১৫টি প্রতিষ্ঠান আবেদন জমা দেয়।
আবেদন করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিম্নমাধ্যমিক পর্যায়ের ৮৫৯টি, মাধ্যমিক পর্যায়ের ১ হাজার ১৭০টি, উচ্চমাধ্যমিক পর্যায়ের ৬৮৭টি, স্নাতক (পাস) পর্যায়ের ৪৪০টি, স্নাতক (সম্মান) পর্যায়ের ৪১৪টি এবং স্নাতকোত্তর পর্যায়ের ৪৫টি প্রতিষ্ঠান রয়েছে। নীতিমালায় নির্ধারিত মানদণ্ড, আঞ্চলিক ভারসাম্য ও গ্রেডিংয়ের ভিত্তিতে প্রাথমিকভাবে ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠানকে প্রথম পর্যায়ে এমপিওভুক্তির জন্য বিবেচনাযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চূড়ান্ত তালিকা প্রণয়নের আগে আবেদনের সঙ্গে দাখিল করা তথ্য ভূমি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ডাটাবেজের মাধ্যমে যাচাই করা হবে। প্রয়োজনে সরেজমিন তদন্তও করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এমপিওভুক্তির পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে, যাতে স্বচ্ছতা নিশ্চিত হয় এবং ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের কোনো সুযোগ না থাকে। এ সংক্রান্ত কোনো অনৈতিক যোগাযোগের চেষ্টা বা অভিযোগ থাকলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে (+৮৮০১৩৩৯-৭৭৪৫২৮) খুদে বার্তার মাধ্যমে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণ একটি চলমান প্রক্রিয়া। নীতিমালার আলোকে যোগ্যতা, প্রতিষ্ঠানের ঘনত্ব এবং সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানকেও এ প্রক্রিয়ার আওতায় আনা হবে। এ বিষয়ে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রচার না করে শিক্ষা ব্যবস্থাপনার এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।










