নির্বাচনি সফর
আজ খুলনা ও যশোরে জনসভায় যোগ দেবেন তারেক রহমান
উত্তরাঞ্চলে তিন দিনের নির্বাচনি সফর শেষে আজ সোমবার খুলনা ও যশোরে দুটি নির্বাচনি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১ ফেব্রুয়ারি) খুলনা ও যশোরে অনুষ্ঠেয় জনসভা উপলক্ষে পৃথক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিএনপির দায়িত্বশীল নেতারা। এসব সংবাদ সম্মেলনে জনসভার প্রস্তুতি ও সার্বিক আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়।
দলীয় সূত্র জানায়, সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হেলিকপ্টারে ঢাকা থেকে খুলনার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। দুপুর ১২টায় তিনি খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ-সংলগ্ন প্রভাতী স্কুল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। এরপর দুপুর ১টায় খুলনা থেকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশে যাত্রা করবেন তিনি। দুপুর ১টা ৪০ মিনিটে যশোর নতুন উপশহরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন। জনসভা শেষে দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
খুলনার জনসভা প্রসঙ্গে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক এবং খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, জনসভাকে ঘিরে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা এবং জনসমাগম নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আশপাশের জেলা ও উপজেলা থেকেও বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খুলনা মহানগর বিএনপির নেতারা জানান, তারেক রহমানের বক্তব্যে সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্পের বিকাশ, উপকূলীয় অঞ্চলের মানুষের জান-মাল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বেকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, বন্ধ থাকা মিল-কারখানা পুনরায় চালু, খুলনায় গ্যাস সংযোগ নিশ্চিতকরণ এবং নতুন ইকোনমিক জোন স্থাপনসহ দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক পুনর্জাগরণের পরিকল্পনা গুরুত্ব পাবে।
যশোরের জনসভা প্রসঙ্গে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনসমাগমের জন্য কোনো নির্দিষ্ট সংখ্যাগত লক্ষ্য নির্ধারণ করা হয়নি। যারা সমাবেশে অংশ নেবেন, তারা স্বতঃস্ফূর্তভাবেই আসবেন।
এর আগে গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনি প্রচার শুরু করেন তারেক রহমান। ওই দিন তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সমাবেশ করেন। ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে দ্বিতীয় ধাপের প্রচার শুরু করে ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোনাগাজী, দাউদকান্দি ও নারায়ণগঞ্জে সমাবেশ শেষে ঢাকায় ফেরেন।
পরবর্তীতে ২৯ জানুয়ারি উত্তরাঞ্চল সফর শুরু করেন বিএনপি চেয়ারম্যান। তিন দিনের ওই সফরে তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনি সমাবেশ করেন। ২২ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ২২টি নির্বাচনি জনসভায় অংশ নেন তারেক রহমান।













