গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গণভোটে ‘হ্যাঁ’ সিল দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৯ জানুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন জনগণের হাতে। ‘হ্যাঁ’-তে ভোট দিলে নতুন বাংলাদেশের দরজা খুলে যাবে।
প্রধান উপদেষ্টা বলেন, “‘হ্যাঁ’-তে আপনি নিজে সিল দিন। আপনার পরিচিত সবাইকে ভোট দিতে উদ্বুদ্ধ করুন এবং ভোটকেন্দ্রে নিয়ে আসুন। দেশ পাল্টে দিন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে দেশ গড়ার এই সুযোগ নেবো।”
ভাষণে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন, যা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার নতুন সুযোগ সৃষ্টি করেছে। এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে কিছু সংস্কার করা হয়েছে এবং আরও গভীর সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে।
ড. ইউনূস বলেন, এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি প্রয়োজন। সে কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে। তিনি সবাইকে গণভোটে অংশগ্রহণ করে সনদের পক্ষে সম্মতি জানানোর আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বাংলাদেশ বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল যৌথভাবে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না; গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে।
এ ছাড়া ‘হ্যাঁ’ ভোটের ফলে,
- বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি নির্বাচিত হবেন
- একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না
- বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে
- সংসদে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি পাবে
- ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে
- মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে
- রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষা সাংবিধানিক স্বীকৃতি পাবে
- দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না
- সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকবে না
ভাষণের শেষাংশে প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আগামী নির্বাচনে গণভোটে অংশ নিন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে ‘হ্যাঁ’-তে সিল দিন।”










