তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ মারা খাম লাগিয়ে পালাল বাইকার
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরে একটি রহস্যজনক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার রাতে তাঁর চলন্ত বুলেটপ্রুফ গাড়ির গায়ে টেপ মারা একটি খাম বা কাগজ সেঁটে দিয়ে দ্রুত পালিয়ে যায় এক মোটরসাইকেল আরোহী।
পুলিশ সূত্র জানায়, বুধবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। সাদা রঙের একটি হিরো হাংক মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি হঠাৎ করে গাড়িবহরের ভেতরে ঢুকে তারেক রহমানের গাড়ির গায়ে কাগজ লাগিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, ঘটনার সময় বিএনপি চেয়ারম্যানের নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) গাড়িবহরের সঙ্গে উপস্থিত ছিল। তবে ঘটনার পর বিএনপির পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। পরে পুলিশ নিজ উদ্যোগে একটি জিডি নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক আলম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ওই খামে কী ছিল বা কী লেখা ছিল, সে সম্পর্কে পুলিশ এখনো অবগত নয়। খামটি বর্তমানে সিএসএফ-এর হেফাজতে রয়েছে।
তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ঘটনার আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা গেছে, একজন বাইকার গাড়ির কাছে এসে কাগজ লাগিয়ে দ্রুত সরে যান। তবে ভিডিও ফুটেজের মান স্পষ্ট না হওয়ায় এখনো ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
ঘটনাটিকে ঘিরে নিরাপত্তা সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা চলছে। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেল আরোহীর পরিচয় শনাক্ত ও ঘটনার উদ্দেশ্য জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।












