ত্রয়োদশ সংসদ নির্বাচন
আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ জন
▪️দুই দিনে বৈধতা পেলেন ১০৯ প্রার্থী।
▪️মনোনয়ন আপিলে ইসির সিদ্ধান্ত, শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে ৫৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এসব আপিল মঞ্জুর করে। এর ফলে সংশ্লিষ্ট প্রার্থীদের নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনগত বাধা রইল না।
রোববার অনুষ্ঠিত শুনানিতে মোট ৭০টি আপিল আবেদন নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ৫৮টি আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। একই দিনে সাতটি আবেদন নামঞ্জুর করা হয় এবং ছয়টি আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য স্থগিত রাখা হয়েছে।
এই দিনের শুনানিতে মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের আপিল আবেদনও মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এর আগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পাওয়া ৫৮ জনকে নিয়ে দুই দিনে মোট ১০৯ জন প্রার্থী তাদের মনোনয়ন বৈধতা ফিরে পেলেন।
ইসি সূত্র জানায়, সোমবার (১২ জানুয়ারি) আপিল তালিকার ১৪১ থেকে ২১০ নম্বর পর্যন্ত আবেদনগুলোর শুনানি অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চলা এই আপিল প্রক্রিয়া আগামী ১৮ জানুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তারা প্রাথমিক যাচাই শেষে মোট ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেছিলেন। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।
সংশোধিত তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। সবশেষে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।











