দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা
বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নগরীর বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।
রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। এদিন ঢাকার বায়ুমান সূচক (AQI) রেকর্ড করা হয় ২৩৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ শ্রেণিভুক্ত। এর আগের দিন শনিবার ঢাকার এ স্কোর ছিল ১৯৩।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যেখানে বায়ুমান স্কোর ২৩০। তৃতীয় অবস্থানে ভিয়েতনামের হ্যানয় (২১৯) এবং চতুর্থ অবস্থানে চীনের চেংডু (২০১)। এসব শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এছাড়া, ভিয়েতনামের হো চি মিন সিটি ১৮৭ স্কোর নিয়ে পঞ্চম, মিয়ানমারের ইয়াঙ্গুন ১৮৩ স্কোর নিয়ে ষষ্ঠ, ভারতের কলকাতা ১৮০ স্কোর নিয়ে সপ্তম, মিশরের কায়রো ১৭৭ স্কোর নিয়ে অষ্টম, সেনেগালের ডাকার ১৭৬ স্কোর নিয়ে নবম এবং চীনের চংচিং ১৭৪ স্কোর নিয়ে দশম অবস্থানে রয়েছে। এসব শহরের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ঢাকায় বায়ুদূষণের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে নির্মাণকাজের ধুলাবালি, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন এবং শীতকালে বাতাসে দূষণ জমে থাকার প্রবণতা।
উল্লেখ্য, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুমান ভালো হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাইরে চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।












