সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
আমরা ৫ আগস্ট দেখেছি, এ পরিস্থিতে ফিরে যেতে চাই না: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি একটি দল কিংবা একটি দেশের জন্য কী পরিণতি ডেকে আনতে পারে, তা অতীতে স্পষ্টভাবে দেখা গেছে। তিনি বলেন, প্রতিশোধ, প্রতিহিংসায় একটি দল বা মানুষের কী হতে পারে তা আমরা পাঁচ আগস্ট দেখেছি। আমরা পাঁচ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। সেই পরিস্থিতিতে ফিরে যাওয়ার কোনো প্রয়োজন বা যুক্তি নেই।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। তবে সেই মতভেদ যেন বিভেদে রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, দেশের মানুষ অনেক স্বপ্ন দেখছে। সব আশা হয়তো একসঙ্গে পূরণ করা সম্ভব নয়, কিন্তু যদি সবাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আন্তরিকভাবে কাজ করে, তাহলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
রাজধানীর পানি সংকটের প্রসঙ্গ তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, এই বিষয়টি এখনই গুরুত্ব দিয়ে আলোচনা করা প্রয়োজন। তা না হলে ভবিষ্যতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। একই সঙ্গে তরুণদের কর্মসংস্থান ও দক্ষভাবে কাজে লাগানোর ওপর জোর দেন তিনি। তার মতে, তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যর্থ হলে দেশের সব প্রত্যাশা ব্যর্থতায় পরিণত হতে পারে।
সড়ক দুর্ঘটনা কমানো, কৃষকদের সমস্যা সমাধান এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার বিষয়েও পরিকল্পনার কথা জানান তারেক রহমান। তিনি বলেন, এসব ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
দেশের সামনে কঠিন চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতেই গণতান্ত্রিক প্রক্রিয়া ও জবাবদিহিতা বজায় রাখা জরুরি। এতে করেই দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব। শুধু রাজনৈতিক আলোচনা নয়, মানুষের জীবনযাত্রার মান কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে তারেক রহমান জানান, আগামী ২২ জানুয়ারি থেকে বিএনপি তাদের পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবে। একই সঙ্গে ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন বলেও জানান তিনি।













