ঢাকা–করাচি রুটে সরাসরি বিমান চলাচলে অনুমতি
ঢাকা থেকে করাচি পর্যন্ত সরাসরি বিমান চলাচলের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে প্রাথমিকভাবে পরীক্ষামূলক ভিত্তিতে এই রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। এই অনুমতির মেয়াদ চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
পাকিস্তানের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যমে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে যাত্রীচাহিদা, রুটটির জনপ্রিয়তা এবং বাণিজ্যিক কার্যকারিতা মূল্যায়ন করা হবে। পরীক্ষামূলক এই পর্বে ফল ইতিবাচক হলে ঢাকা–করাচি রুটে স্থায়ীভাবে সরাসরি বিমান চলাচল চালু করা হবে।
তবে এখনো ঢাকা থেকে করাচির উদ্দেশে প্রথম ফ্লাইট কবে চালু হবে, প্রতিদিন কতটি ফ্লাইট চলবে কিংবা সময়সূচি কী হবে—এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই ফ্লাইট সূচি চূড়ান্ত হতে পারে। এরপরই প্রথম যাত্রীবাহী ফ্লাইট চালুর ঘোষণা আসবে।
উল্লেখ্য, একসময় ঢাকা ও করাচির মধ্যে নিয়মিত বিমান চলাচল থাকলেও বিভিন্ন কারণে তা বন্ধ হয়ে যায়। গত এক বছরেরও বেশি সময় ধরে দুই দেশের সরকারের মধ্যে এই রুট পুনরায় চালু করার বিষয়ে আলোচনা চলছিল। সম্প্রতি পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হুসেন খান জানিয়েছিলেন, সরাসরি বিমান চলাচল নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা বাণিজ্য ও জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়াতে সহায়ক হবে।
সংশ্লিষ্ট মহলের ধারণা, আকাশপথে সরাসরি যোগাযোগ চালু হলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সক্রিয় হবে এবং দুই দেশের নাগরিকদের যাতায়াত সহজ হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ বাড়ার প্রেক্ষাপটে এই বিমান রুট চালুকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।










