খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার পরিবারের সদস্যরা। শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।
সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের প্রায় ২০ জন সদস্য নিয়ে জিয়া উদ্যানে পৌঁছান জাইমা রহমান। কবর জিয়ারতের সময় তারা শান্ত ও নীরব পরিবেশে দোয়া ও মোনাজাতে অংশ নেন। প্রায় দশ মিনিট সেখানে অবস্থানের পর সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তারা জিয়া উদ্যান ত্যাগ করেন।
এ সময় জাইমা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠ স্বজনরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরদিন বুধবার মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে জিয়া উদ্যানে সমাহিত করা হয়। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হন।












