বিএনপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি গঠন: নজরুল ইসলাম খান চেয়ারম্যান, রিজভী সদস্যসচিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৪১ সদস্যের এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে এবং সদস্যসচিব করা হয়েছে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে।
বৃহস্পতিবার রাতে বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নির্বাচন কার্যক্রম সুষ্ঠু, কার্যকর ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতাদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে মো. ইসমাইল জবিউল্লাহকে।
কমিটিতে দলের স্থায়ী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অন্তর্ভুক্ত রয়েছেন। তাঁদের মধ্যে আছেন মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান (সোহেল), জিয়াউদ্দিন হায়দার, মঞ্জুর হোসাইন আলমগীর, মাহদি আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, সাইমুম পারভেজ, রেহান আসাদ ও জুবায়ের বাবু।
এ ছাড়া কমিটিতে রয়েছেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, আব্দুল কাইয়ুম, গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, মোহাম্মদ জকারিয়া, মোস্তাকুর রহমান, বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক মোর্শেদ হাসান খান, কামরুল ইসলাম সজল, অধ্যাপক হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী বাবলু, কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, আফরোজা আব্বাস, মনির খান, আ ন ম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব ও আনোয়ার হোসেন।
বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।













