সঙ্গে ফিরলো তরেক পরিবারের আদরের প্রিয় বিড়াল ‘জেবু’ও
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন শেষে স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে দেশে ফিরেছে পরিবারের আদরের পোষ্য বিড়াল ‘জেবু’, যা নিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আলাদা কৌতূহল দেখা গেছে।
বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে লন্ডন থেকে সিলেট হয়ে তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই দিন দুপুরের দিকে তাঁদের পোষ্য বিড়াল জেবুও দেশে পৌঁছায়। বিএনপির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জেবুর আগমনের খবর ও ছবি প্রকাশ করা হয়।
জেবু মূলত জাইমা রহমানের পোষ্য হলেও পরিবারের সবার কাছেই সে পরিচিত ও আদরের। সাইবেরিয়ান প্রজাতির এই বিড়ালের বয়স প্রায় সাত বছর। উজ্জ্বল কমলা-হলুদ রঙের ঘন লোম ও শান্ত স্বভাবের জন্য জেবুকে আগে থেকেই তারেক রহমানের বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে। এক সাক্ষাৎকারে তারেক রহমান নিজেও বলেছিলেন, মেয়ের পোষ্য হলেও জেবু এখন পরিবারের সবারই প্রিয়।
পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, জেবুকে দেশে আনতে আন্তর্জাতিক নিয়ম মেনে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে। স্বাস্থ্য সনদ, অনুমোদনপত্রসহ পোষ্যের জন্য আলাদা পাসপোর্টও প্রস্তুত করা হয়।
উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমান পরিবারসহ লন্ডনে যান এবং দীর্ঘদিন সেখানেই অবস্থান করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাঁর দেশে ফেরা বিএনপির জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলীয় নেতারা। এ উপলক্ষে ঢাকার পূর্বাচল ৩০০ ফিট এলাকায় বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। কর্মসূচি শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন বলেও জানা গেছে।













