আমরা যেন নির্বাচন করে সংসদে যেতে না পারি সেই ষড়যন্ত্র চলছে
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের ফুলতলী গ্রামে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেছেন, তাদের দল যেন নির্বাচন করে সংসদে যেতে না পারে—সে লক্ষ্যে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, “আমরা সংসদে গেলে দিল্লির মসনদের বিরুদ্ধে কথা বলবো বলেই আমাদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।”
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের ফুলতলী গ্রামে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আধিপত্যবাদীরা হাদি ভাইকে গুলি করে এনসিপির নেতাকর্মীদের ভয় দেখাতে চেয়েছে, যেন তারা জনগণের কাছে ভোট চাইতে না পারে। তিনি বলেন, “আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। হাসনাত আব্দুল্লাহ আজ আর একা নয়—প্রত্যেক গ্রাম-গঞ্জে হাসনাত তৈরি হয়ে গেছে।”
তিনি আরও অভিযোগ করেন, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের সন্ত্রাসীদের লালন-পালন করছে এবং সময় সময় তাদের দেশে প্রবেশ করানো হচ্ছে। এসব সন্ত্রাসীরা দেশে এসে শরীফ ওসমান হাদীর মতো ব্যক্তিদের হত্যার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
হাসনাত বলেন, “যারা এ দেশের মানুষকে হত্যা করেছে, তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরাও ভারতে আশ্রয় নিয়েছে। এসব বিষয় নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ ও প্রতিবাদ জানিয়ে আসছি।”
তিনি বলেন, দেশকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে হবে এবং আসন্ন নির্বাচনে জনগণকে এ বিষয়ে সচেতনভাবে ভোট দিতে হবে। তিনি চাঁদাবাজ ও সন্ত্রাসে জড়িতদের ভোট না দেওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি আগামী নির্বাচনে এনসিপির প্রতীক শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার জন্য উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানান।
উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচিতে এনসিপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










