নির্বাচন নিয়ে ভারতের উপদেশ গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশের উপদেশ বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, নির্বাচন কীভাবে হবে-সে বিষয়ে বাংলাদেশ কোনো দেশের নসিহত প্রত্যাশা করে না।
বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের পক্ষ থেকে সম্প্রতি কিছু বক্তব্য এসেছে, যেখানে বাংলাদেশকে নির্বাচন নিয়ে নসিহত করা হয়েছে। এ ধরনের উপদেশের প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন কেমন হবে, সে সিদ্ধান্ত দেশের জনগণ ও সরকারই নেবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শুরু থেকেই একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে—যেখানে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। গত ১৫ বছরে যে ধরনের নির্বাচন হয়েছে, সে পরিবেশ আর নেই বলেও মন্তব্য করেন তিনি।
তৌহিদ হোসেন বলেন, যেসব সরকারের সঙ্গে ভারতের অতীতে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সে সময় নির্বাচন নিয়ে কোনো আপত্তি বা বক্তব্য তারা দেয়নি। অথচ এখন যখন একটি ভালো নির্বাচনের দিকে বাংলাদেশ এগোচ্ছে, তখন উপদেশ দেওয়া হচ্ছে—যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
তিনি বলেন, “আমরা জানি আমাদের কী করতে হবে। আমরা এমন একটি নির্বাচন করবো, যেখানে জনগণ ভোট দেবে এবং যাদের ভোট দেবে তারাই নির্বাচিত হবে।”
উল্লেখ্য, গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। ওইদিন দিল্লি থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ভারতের অবস্থান তুলে ধরা হয়। এতে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের কথা বলা হয়।
এর তিন দিনের মাথায় বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। সেখান থেকেও প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।
দুদেশের কূটনৈতিক তলব-পাল্টা তলব প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি কূটনৈতিকভাবে অস্বাভাবিক নয়। ঢাকা-দিল্লি সম্পর্কের মধ্যে কিছুটা টানাপোড়েন রয়েছে। তবে এখনই ভারতে বাংলাদেশ মিশনের আকার ছোট করার কোনো সিদ্ধান্ত হয়নি, প্রয়োজনে ভবিষ্যতে তা বিবেচনা করা হতে পারে।










