লক্ষ্মীপুরে
পেট্রোল ঢেলে নির্বাচন অফিসে আগুন
লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোররুমে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে সংঘটিত এ ঘটনায় এক যুবককে জড়িত বলে ধারণা করা হচ্ছে। কার্যালয়ের সিসিটিভি ফুটেজে মুখে মাস্ক পরা ওই যুবককে দেওয়াল টপকে ভেতরে ঢুকে বেরিয়ে যেতে দেখা গেছে।
ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাস্ক পরিহিত যুবকটি নির্বাচন অফিসের গেটের পশ্চিম পাশের দেওয়াল বেয়ে ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পরই স্টোররুমের ভেতর থেকে আগুনের আলো দেখা যায়। এরপর সে দ্রুত একই পথ দিয়ে কার্যালয় ত্যাগ করে।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন জানান, যুবকটি জানালার কাঁচ ভেঙে অথবা খুলে ভেতরে প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন লাগায়। ওই সময় অফিসের দারোয়ান হামিম ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুনের আঁচ টের পেয়ে তিনি চিৎকার করলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।
তিনি আরও জানান, আগুনে ২০০৮ ও ২০০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরম, একটি অকেজো ডেস্কটপ সিপিইউসহ কিছু অফিস সামগ্রী পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
খবর পেয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে বিষয়টি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ভবিষ্যতে নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, “কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ক্ষতি এড়ানো গেছে। ঘটনার তদন্ত চলছে।”
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এ বিষয়ে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, নির্বাচন কার্যালয়গুলোতে সার্বিক নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।













