মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বিয়ের গুঞ্জনে ইতি টানলেন সংগীতশিল্পী কনা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১০:১৯ এম
বিয়ের গুঞ্জনে ইতি টানলেন সংগীতশিল্পী কনা

দিলশাদ নাহার কনা। ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় মেহেদি রাঙা হাতের ছবি প্রকাশের পর থেকেই গায়ক-ভক্তদের মধ্যে নতুন করে বিয়ের আলোচনায় নাম উঠে আসে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনার। ছবিটি ঘিরে নেটিজেনদের প্রশ্ন—তাহলে কি আবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কনা? কয়েকদিন কোনো মন্তব্য না করায় গুঞ্জন আরও তীব্র আকার নেয়।

অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। জানালেন, ‘বিয়ে’ নয়, এটি ছিল নতুন গান ‘মেহেন্দি’–র প্রচারণার অংশ। কনার ভাষায়, “গানের শুটিংয়ের একটি ছবি পোস্ট করেছিলাম। লিখেছিলাম, ‘আমার হাতে মেহেদি।’ যে এত বড় জল্পনা তৈরি হবে তা ভাবিনি। অনেকেই ফোন করে সত্যতা জানতে চাইছিল। যেহেতু পরদিনই গান প্রকাশ পাবে, তাই ইচ্ছা করেই চুপ ছিলাম। ছবিটির সঙ্গে আমার ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক নেই।”

‘মেহেন্দি’ গানটির কথা লিখেছেন বাঁধন ও জামশেদ চৌধুরী। কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশ, আর সংগীতায়োজন করেছেন সঞ্জয়। ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী ও রিয়াজ আলী। এতে মডেল হিসেবে ছিলেন সুনেরাহ, মাইশা নাজিয়া, মানজিতা রায়সহ আরও অনেকে। ভিডিওতে কনাকেও দেখা গেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কাইনেটিক মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় গানটি প্রায় ২০ লাখ ভিউ অর্জন করেছে।

সাম্প্রতিক সময় নিয়ে ব্যস্ত কনা জানান, গানই এখন তাঁর প্রধান মনোযোগ। গত সপ্তাহেই প্রকাশ হয়েছে বিকেএসপির প্রথম থিম সং, যা তিনি গেয়েছেন। নভেম্বরে বের হয়েছে ফুয়াদ আল মুক্তাদিরের সুরে তাঁর আরেকটি গান ‘ভিতর ও বাহিরে’। পাশাপাশি যুক্তরাষ্ট্রপ্রবাসী শিল্পী মুজার সঙ্গে তাঁর একাধিক নতুন গানের কাজও চলছে, যা পর্যায়ক্রমে প্রকাশ হবে।

বিশ্বশান্তির জন্য ইসরায়েলকে হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ নাগরিক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:০১ পিএম
বিশ্বশান্তির জন্য ইসরায়েলকে হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ নাগরিক

যুক্তরাজ্যের প্রায় ৭৮ শতাংশ নাগরিক ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি বলে মনে করেন। ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৫ সালে ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য হুমকি মনে করতেন ৪৮ শতাংশ ব্রিটিশ নাগরিক। তবে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর আড়াই বছর পর এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর চলতি বছরের বসন্তে এই হার বেড়ে ৭৮ শতাংশে দাঁড়িয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কাউন্সিল ফর ব্রিটিশ-আরব আন্ডারস্ট্যান্ডিংয়ের উদ্যোগে গত জুলাইয়ে ইউগভ পরিচালিত আরেকটি জনমত জরিপে দেখা যায়, যুক্তরাজ্যের মাত্র ১৭ শতাংশ মানুষ মনে করেন, ইসরায়েল গাজায় কোনো গণহত্যা চালাচ্ছে না।

এদিকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে যুক্তরাজ্যের অর্থনীতিতেও। এর ফলে জ্বালানি, খাদ্য ও গৃহঋণের খরচ বেড়ে সাধারণ মানুষকে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যুদ্ধের কারণে ব্রিটিশ পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয়ও অস্বাভাবিকভাবে বেড়েছে।

গত সপ্তাহে ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করেছে। গত তিন বছরের মধ্যে এটিই ছিল প্রথম সুদের হার বৃদ্ধি। এর ফলে গৃহঋণগ্রহীতাদের মাসিক কিস্তি বেড়েছে। পাশাপাশি নতুন ঋণ নেওয়া এবং পুরোনো ঋণ নবায়নের খরচও বৃদ্ধি পেয়েছে।

 

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৫৮ এম
ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কওমি মাদ্রাসার লাইব্রেরিতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৪৮ শিক্ষার্থী। তাদের সবাইকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে। একজনকে রাখা হয়েছে ভেন্টিলেটর সাপোর্টে।

সোমবার (০৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে ফতুল্লার সাইনবোর্ডসংলগ্ন শান্তিধারা এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

জানা গেছে, রাতে মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় হঠাৎ দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই পুরো ভবনে ছড়িয়ে পড়ে ঘন ও বিষাক্ত ধোঁয়া। ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ ইনহেলেশন বার্নে আক্রান্ত হন। পরে মাদ্রাসার শিক্ষক, স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীদের সহযোগিতায় তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (আরএস) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এখন পর্যন্ত জরুরি বিভাগে ৪৮ শিক্ষার্থীকে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। একজনকে দেওয়া হচ্ছে লাইফ সাপোর্ট। অন্যদের জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার আহসান হাবীব ও কাচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার জানান, রাত ১টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় পৌনে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তদন্ত শেষ হওয়ার পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:০৫ এম
তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নতুন বয়লার স্থানান্তরের সময় ক্রেন ভেঙে পড়ার পর এর সঙ্গে থাকা সরঞ্জাম চুল্লিতে পড়ে বিস্ফোরণ ঘটে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই ওই কারখানার শ্রমিক।

স্থানীয় গভর্নর সুলেইমান এলবান জানান, ক্রেনের সাহায্যে নতুন বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়লে এর সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লিতে পড়ে যায়। এতে বিস্ফোরণের পাশাপাশি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রথমে অনেকে ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন। ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে আগুন এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

গভর্নর জানান, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, বৈদ্যুতিক আর্ক ফার্নেসের নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।

স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচের তথ্য অনুযায়ী, কর্মক্ষেত্রে দুর্ঘটনা তুরস্কের দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। ইজমিরের আলিয়াগা অঞ্চলটি দেশটির গুরুত্বপূর্ণ বন্দর ও জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক