শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, জানালেন জয়শঙ্কর
প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষ পরিস্থিতিতে তিনি ভারতে গিয়েছেন এবং পরবর্তী অবস্থান সম্পর্কে সিদ্ধান্তও তাঁকেই নিতে হবে।
জয়শঙ্করকে জিজ্ঞেস করা হয়—শেখ হাসিনা কি ইচ্ছেমতো সময় ভারতে থাকতে পারবেন? উত্তরে তিনি বলেন, পরিস্থিতির প্রেক্ষিতে তিনি নিজেই পরবর্তী করণীয় স্থির করবেন।
গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। রায় ঘোষণার পর বাংলাদেশ সরকার তাঁকে ফেরত চাইতে দুই দফা চিঠি পাঠায়। এ বিষয়ে ভারত জানিয়েছে, তারা অনুরোধটি বিবেচনায় রেখেছে।
সমসাময়িক দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে কথা বলতে গিয়ে জয়শঙ্কর বলেন, ঢাকায় গ্রহণযোগ্য ও স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার ওপর ভারত জোর দিচ্ছে। তিনি উল্লেখ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব আগের নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছিল। সেক্ষেত্রে প্রথম কাজ হওয়া উচিত একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করা।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ প্রকাশ করে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার ফলাফল যাই হোক, সেটি দুই দেশের সম্পর্কে নতুন ভারসাম্য তৈরি করবে এবং পরিস্থিতির উন্নয়নেও সহায়ক হবে।












