ঢাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬
ঢাকার আগারগাঁওয়ের পাকা মার্কেট এলাকায় ভোরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের ছয়জন গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার কাছাকাছি সময়ে ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
দগ্ধরা হলেন— মো. জলিল মিয়া (৫০), তার স্ত্রী আনেজা বেগম (৪০), ছেলে আসিফ (১৯) ও সাকিব (১৬), মেয়েরা মনিরা আক্তার (১৭) এবং সবচেয়ে ছোট শিশু ইভা (৬)।
ঘটনাস্থলে উপস্থিত আরফান মিয়া জানান, ইসলামি ফাউন্ডেশনের পাশের ২০৪/এফ নম্বর বাসায় ভোরে হঠাৎ আগুন ধরে যায়। ঘরে গ্যাস জমে থাকার কারণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, দগ্ধ পরিবারের গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ীর তালুকপাড়া গ্রামে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, রোগীদের সবার ড্রেসিং চলছে। অবস্থা পর্যবেক্ষণ শেষে দগ্ধের মাত্রা জানানো হবে।












