খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ: চিকিৎসা সহযোগিতায় প্রস্তুত ভারত
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনে চিকিৎসা সহায়তা দিতে ভারতের প্রস্তুতির কথা জানান।
এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করা বার্তায় মোদি লিখেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত সংবাদ তাঁকে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ করেছে। তিনি প্রার্থনা ও শুভকামনা জানান বেগম জিয়ার সুস্থতার জন্য। পাশাপাশি উল্লেখ করেন, যেকোনোভাবে সহায়তা দিতে ভারত প্রস্তুত।
এদিকে সরকার খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে। তাঁর নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৩ নভেম্বর নিউমোনিয়ার উপসর্গ দেখা দিলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে পরে সিসিইউতে নেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন এবং ধীরে ধীরে কিছুটা উন্নতি হচ্ছে।

তাঁর উন্নত চিকিৎসার বিষয়ে বিদেশে নেওয়ার পরিকল্পনাও রয়েছে। ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি চীনা মেডিকেল দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। আগামীকাল মূল চিকিৎসক দল আসার কথা রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। গত বছর ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তিনি মুক্তি পান। চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং চার মাস সেখানে থাকার পর দেশে ফেরেন। নিয়মিত চেকআপের অংশ হিসেবে তাঁকে বিভিন্ন সময় এভারকেয়ারে ভর্তি করা হয়।
সর্বশেষ ২৩ নভেম্বর তাঁকে আবার হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর চিকিৎসায় যুক্ত রয়েছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা।













