শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন আরপিও জারি

জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট, বাতিল হয়েছে ইভিএম

প্রবাহ বাংলা প্রতিবেদন প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৮:৫৬ এম
জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট, বাতিল হয়েছে ইভিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ২০২৫ সংশোধন করে গেজেট আকারে প্রকাশ করেছে। এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সবচেয়ে আলোচিত পরিবর্তন হলো— জোট করলেও প্রতিটি দলকে নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নিতে হবে। অর্থাৎ, একাধিক নিবন্ধিত দল জোট গঠন করলেও অন্য দলের প্রতীকে ভোট করা যাবে না।

নতুন সংশোধনে নির্বাচন কমিশনকে (ইসি) নির্বাচন স্থগিত করার ক্ষমতা দেওয়া হয়েছে। চালু করা হয়েছে ‘না ভোট’। বাতিল করা হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংক্রান্ত সব ধারা। এছাড়া প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ, আদালতে ‘পলাতক’ ঘোষিত ব্যক্তির প্রার্থিতা বাতিল, এবং মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারকে দণ্ডনীয় অপরাধ হিসেবে যুক্ত করা হয়েছে।

আইন মন্ত্রণালয় সোমবার এই অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে। এর মাধ্যমে নির্বাচনী আইন সংস্কারের সব প্রক্রিয়া সম্পন্ন হলো। এর আগে ইসি ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন, নির্বাচন কমিশন সচিবালয় আইন, ভোটকেন্দ্র নীতিমালা, দেশি-বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা ও সাংবাদিক নীতিমালা সংশোধন করেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

আরপিওর ২০ অনুচ্ছেদে সংশোধন করে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো নিবন্ধিত দল জোট গঠন করলেও প্রতিটি দলকে নিজ নিজ প্রতীকে ভোট করতে হবে। বিএনপি এ ধারার বিরোধিতা করলেও জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংশোধনের পক্ষে মত দিয়েছে।

যদি কোনো আসনে একজন প্রার্থী থাকেন, তাহলে সেই আসনে ‘না ভোট’ অপশন থাকবে। প্রার্থী যদি ‘না ভোট’-এর চেয়ে বেশি ভোট পান, তাহলে তিনি নির্বাচিত হবেন। কিন্তু যদি ‘না ভোট’-এর সংখ্যা বেশি হয়, তাহলে নতুন করে ভোটগ্রহণ হবে।

ইভিএম সম্পর্কিত আরপিওর ২৬, ২৬এ, ২৬বি, ২৬সি ও ২৬ডি অনুচ্ছেদ বাতিল করা হয়েছে। এখন থেকে ভোটগ্রহণ কেবল ব্যালট পেপারে হবে।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এজন্য তাদের কমিশনের নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হতে হবে। প্রতিটি ব্যালটে থাকবে অনন্য শনাক্তকরণ নম্বর, যা ভোটের নিরাপত্তা নিশ্চিত করবে।

আদালত কর্তৃক ‘পলাতক’ ঘোষণা পাওয়া কেউ সংসদ সদস্য হওয়ার যোগ্য হবেন না। এ বিষয়ে নতুন উপধারা যোগ করা হয়েছে।

নির্বাচনী সময়ে প্রার্থীর সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য, ছবি, ভিডিও বা এআই–তৈরি কনটেন্ট প্রচার করলে তা দুর্নীতিমূলক কাজ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থা শাস্তির মুখোমুখি হবে।

মনোনয়নপত্রের সঙ্গে সর্বশেষ আয়কর রিটার্ন এবং দেশ-বিদেশে থাকা সম্পদের বিস্তারিত তথ্য জমা দিতে হবে। এসব তথ্য ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র দাখিলের সময় জামানতের পরিমাণ ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নির্বাচনের পর কোনো সংসদ সদস্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে ইসি নিজ উদ্যোগে শুনানি নিয়ে সিদ্ধান্ত দিতে পারবে, এবং সেটিই হবে চূড়ান্ত।

ভোটকেন্দ্রে প্রার্থী, এজেন্ট বা রাজনৈতিক কর্মী অপ্রয়োজনে ভিড় করতে পারবেন না। নিয়ম ভঙ্গ করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দিতে বা গ্রেফতার করতে পারবে।

জোরজবরদস্তি, অনিয়ম বা প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা সম্ভব না হলে ইসি যেকোনো কেন্দ্র বা পুরো আসনে ভোটগ্রহণ বন্ধ করতে পারবে।

দলীয় অনুদান ও আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য দলগুলোর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

দুই প্রার্থী সমান ভোট পেলে শুধুমাত্র তাদের মধ্যেই পুনরায় ভোট অনুষ্ঠিত হবে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক