জাতীয় নাগরিক পার্টিসহ তিন দল ইসির নিবন্ধন পাচ্ছে
ইসি সচিব মো. আখতার আহমেদ। ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশন (ইসি) তিনটি নতুন রাজনৈতিক দলকে প্রাথমিকভাবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গণবিজ্ঞপ্তি প্রকাশের পর কোনো আপত্তি না এলে দলগুলো আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পাবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
আখতার আহমেদ বলেন, “চূড়ান্ত পর্যালোচনা শেষে এই তিনটি দল নিবন্ধনের যোগ্য বিবেচিত হয়েছে। শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করা হবে, যাতে কেউ চাইলে দাবি-আপত্তি জানাতে পারে। পরবর্তীতে সেই আপত্তি নিষ্পত্তি করে নিবন্ধন চূড়ান্ত করা হবে।”
ইসির তথ্য অনুযায়ী, এবার নিবন্ধনের জন্য মোট ১৪৩টি রাজনৈতিক দল আবেদন করেছিল। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ২২টি দলের বিষয়ে মাঠপর্যায়ে তদন্ত চালানো হয়।
প্রথম পর্যায়ের তদন্তে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধনের জন্য সুপারিশ করা হয়েছিল। তবে এনসিপির প্রতীকসংক্রান্ত জটিলতা এবং জাতীয় লীগের কার্যক্রম নিয়ে সংবাদমাধ্যমে প্রশ্ন উঠলে কমিশন পুনরায় তদন্তের সিদ্ধান্ত নেয়।
অধিকতর তদন্তে ১০টি দলের কার্যক্রম আবারও যাচাই করা হয়। এসব দল হলো— আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় লীগ।
নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, নিবন্ধন পেতে হলে একটি দলের থাকতে হবে একটি কার্যকর কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলায় ও ১০০টি উপজেলায় সাংগঠনিক উপস্থিতি, এবং প্রতিটি কমিটির পক্ষে ২০০ ভোটারের সমর্থনপত্র।










