নিজামী-মীর কাসেম আলী-সালাউদ্দিন কাদেরকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপি মহাসচিব। ছবি- সংগৃহীত।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের ইতিহাস জাতি এখনও ভুলে যায়নি। গণতন্ত্রের জন্য লড়াই করা লাখো নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। প্রায় ৬০ লাখ কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং ২০ হাজারেরও বেশি নেতাকর্মীকে হত্যা ও গুম করা হয়েছে বলে দাবি করেন তিনি।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, “জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, নয়া দিগন্ত-এর মালিক মীর কাসেম আলী এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ বহু আলেম-ওলামাকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।”
মির্জা ফখরুল আরও বলেন, “১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। তখন বহু সাংবাদিক চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করেছেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।”
আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। আমরা সংস্কার সনদে স্বাক্ষরিত রাজনৈতিক দলগুলোর ঐক্যের মাধ্যমে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন চাই। গণতন্ত্র পুনরুদ্ধারে সব দলের অংশগ্রহণ অপরিহার্য।”
তিনি আরও যোগ করেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে জনগণের ইচ্ছাই হবে রাষ্ট্র পরিচালনার ভিত্তি। কোনো বিদেশি শক্তির প্রভাব নয়, গণতন্ত্র ও স্বাধীনতার চেতনায় দেশ পরিচালিত হবে।”













