এনসিপির কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বিসিএস নন-ক্যাডাররা
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৪৩ তম বিসিএস নন-ক্যাডার প্রত্যাশীরা। বৃহস্পতিবার ( ২৩ অক্টোবর) রাত ১১টা থেকে রূপায়ন টাওয়ারের সামনের সড়কের একপাশ অবরোধ করেন তারা। এসময় নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
এসময় তারা সাংবাদিকদের জানান, বিসিএস নন-ক্যাডার পদে নিয়োগে বিশেষ বিধিমালা ২০২৫ অনুমোদন বিলম্বিত এবং পদপ্রত্যাশী প্রার্থীদের সুপারিশ বঞ্চিত করার প্রতিবাদে মাঠে নেমেছেন তারা।
এর আগে এদিন সকালে আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ের সামনে অবস্থানকালে পুলিশ জোরপূর্বক তাদের সরিয়ে দেন। এ সময় তাদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রত্যাশীগন। এ বিষয়ে রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, আন্দোলনকারীরা এনসিপির কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এর ফলে যান চলাচলে ব্যাহত হচ্ছে।












