“জামায়াতকে ভোট দিলে বেহেশত” মন্তব্যে বিতর্কে মুফতি আমির হামজা,সমালোচনায় দলীয় সহকর্মীরাও
একটির পর একটি বিতর্কিত মন্তব্যে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় বক্তা ও জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা। ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে বক্তব্যের পর এবার আবারও আলোচনায় এসেছেন তিনি ‘জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত’—এমন মন্তব্য করে।
সম্প্রতি এক ওয়াজ মাহফিলে দেওয়া ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। এর আগেও তিনি দাবি করেছিলেন, “১৬ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি”—যা নিয়েও তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল।
আমির হামজার সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতের এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এক টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “তার আগের বিতর্কিত বক্তব্যের জন্যই ব্যবস্থা নেওয়া হয়েছে, দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এরপরও তিনি নতুন করে এমন মন্তব্য করেছেন, যা সঠিক নয়।”
তিনি আরও বলেন, “জামায়াতকে ভোট দিলে কেউ বেহেশতে যাবে বা অন্য কাউকে ভোট দিলে বেহেশতের বাইরে থাকবে—এমন ধারণা ঠিক নয়। এটা বিভ্রান্তিকর এবং ক্ষতিকর প্রচারণা।”
আমির হামজার বিরুদ্ধে দলের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে শিশির মনির জানান, “আমি সরাসরি সেই বক্তব্যটি শুনিনি। তবে বিষয়টি যাচাই করে দলের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের নজরে আনব। এমন বক্তব্য যদি আমার পক্ষ থেকেও আসে, তাহলে সেটি যেন সঙ্গে সঙ্গে বন্ধ করা হয়, সেই দাবি জানাব।”
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনাকে ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকে মনে করছেন, রাজনৈতিকভাবে সংবেদনশীল সময়ে এমন বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।













